অন্ধশিক্ষা কার্যক্রমের প্রতি অন্ধ দৃষ্টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিছানার চাদর নাই। তোশক ছিরই্যা গ্যাছে। রাইতে ছাড়পোকা আর মশার কামড়ে ঘুমান যায় না। মাঝেমধ্যে ডিডি স্যার আইস্যা সমস্যার কথা শোনে আর বলে, সবকিছু ঠিক করে দেওয়া হবে, আর দেয় না। তারপর আমরা অভিযোগ করলে ডিডি স্যার জিজ্ঞেস করে, এগুলো তোমাদের কেউ শিখিয়ে দিয়েছে।’ ঝালকাঠির সমন্বিত অন্ধশিক্ষা কার্যক্রমের সপ্তম শ্রেণীর ছাত্র দৃষ্টিপ্রতিবন্ধী মো. ইব্রাহিম (১৪) এসব কথা বলে। তার বাড়ি ঢাকার মিরপুরে। তিন ভাইবোনের মধ্যে ইব্রাহিম তৃতীয়। তার বড় বোন মরিয়মও দৃষ্টিপ্রতিবন্ধী। ২০০৯ সালে ইব্রাহিম এখানে ভর্তি হয়। তার মতো এখানে ভর্তি হওয়া দৃষ্টিপ্রতিবন্ধী বরিশালের আগৈলঝড়ার মো. মিরাজ হাওলাদার, গোপালগঞ্জের মো. ইজাজুল, বানাড়ীপাড়ার সুজন মল্লিকসহ কয়েকজন এ প্রতিষ্ঠানের নানা অবহেলা ও অনিয়মের কথা জানায়।ঝালকাঠি জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে অবস্থিত প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমির ওপর ১৯৯৬ সালে অসহায় দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠা করে সমন্বিত অন্ধশিক্ষা কার্যক্রম। ১৯৯৮ সাল থেকে এখানে ছাত্র ভর্তি শুরু হয়। এক তলা একটি ভবনে ১০ জন ছাত্রের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। ক্লাস করার জন্য শিক্ষার্থীদের যেতে হয় পাশের প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ে। চলতি শিক্ষাবর্ষে এখানে নয়জন ছাত্র ভর্তি রয়েছে। লেখাপড়া, থাকা-খাওয়া বাবদ সরকারিভাবে প্রতি মাসে মাথাপিছু এক হাজার ৫০০ টাকা বরাদ্দ রয়েছে।সরেজমিনে ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহে দুই দিন মাছ ও দুই দিন মাংস খাওয়ার তালিকায় থাকলেও প্রায়ই তা দেওয়া হয় না। ছাত্রদের প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াতে সহায়তা করার জন্য একজন হেলপার (সাহায্যকারী) কাম নৈশপ্রহরী আছেন। কিন্তু তিনি ওই দায়িত্ব পালনের পরিবর্তে জেলা সমাজসেবা অধিদপ্তরে এমএলএসএস হিসেবে কাজ করেন। মাঝেমধ্যে এসে হাজিরা খাতায় সই করেন। ফলে ছাত্রদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে দুর্ভোগ পোহাতে হয়। এখানকার আবাসিক ভবন ও বাথরুমের দরজা-জানালা ভাঙা। পানির লাইন থাকলেও কল না থাকায় অনবরত পানি পড়ে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র মিরাজ হাওলাদার (১৪) বলে, ‘রাতে বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে থাকতে হয়। চার্জার লাইটের কোনো ব্যবস্থা নেই। প্রতিদিন রাতে একই খাবার ভাজি (সবজি) আর ভাত খেতে দেয়। একই খাবার প্রতিদিন ভালো লাগে না।’ প্রথম শ্রেণীর ছাত্র সুজন মল্লিক (১৩) বলে, ‘আমরা পরিবারের সবাইকে ছেড়ে এখানে থাকি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই।’ এ ব্যাপারে সমন্বিত অন্ধশিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক দৃষ্টিপ্রতিবন্ধী মো. আজাহার আলী বলেন, ‘এখানে কিছু সমস্যা আছে, তা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্মকর্তা-কর্মচারীর চারটি পদে চারজন নিয়োগ থাকলেও একজন মাঝেমধ্যে উপপরিচালকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।’হেলপার (সাহায্যকারী) কাম নৈশপ্রহরী মো. মোশারেফ হোসেন বলেন, ‘আমার কর্মস্থল দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ে হলেও উপপরিচালকের কার্যালয়ে পদশূন্য থাকায় তাঁর নির্দেশে আমাকে ওই অফিসের দায়িত্ব পালন করতে হয়। বিদ্যালয়ের ছাত্ররা নিজেরাই শ্রেণীকক্ষে যেতে পারে, কারও সাহায্যের প্রয়োজন হয় না।’ঝালকাঠি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান বলেন, ‘অন্ধশিক্ষা কার্যক্রমের দাপ্তরিক কাজের ফাইলপত্র নিয়ে রিসোর্স শিক্ষককে প্রায় প্রতিদিন ছয় কিলোমিটার দূরে সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ে যেতে হয়, যা একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য অত্যন্ত কষ্টকর। সরকারের উচিত, আয়ন-ব্যয়ন ক্ষমতা রিসোর্স শিক্ষকের হাতে ফিরিয়ে দেওয়া।’ ঝালকাঠি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মঞ্জুর আলম বলেন, ‘আমার অফিসে এমএলএসএস পদ শূন্য থাকায় অন্ধশিক্ষা কার্যক্রমের সাহায্যকারী ওই পদে কাজ করছেন। অন্য সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’