অন্ধ্র ও তামিলনাড়ুর দিকে ঘূর্ণিঝড় ‘নিলম’
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তদসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘নিলম’ মূলত স্থির অবস্থায় থেকে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বুধবার বিকেল নাগাদ ভারতের তামিলনাড়ু ও অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তায় এ কথা জানানো হয়।আবহাওয়া দপ্তরের সর্বশেষ সতর্ক বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় নিলম গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে এক হাজার ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় এলাকায় সাগর উত্তাল রয়েছে।চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া দপ্তর। গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সমুদ্রে না যাওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়।