অন্ধ্র প্রদেশে পৃথিবীর সর্ববৃহৎ ইউরেনিয়াম মজুদের দাবি
ভারতের পরমাণু সংস্থা অন্ধ্র প্রদেশ রাজ্যে পৃথিবীর সর্ববৃহৎ ইউরেনিয়ামের মজুদ থাকার দাবি করেছে। পরমাণু শক্তি সংস্থার মহাসচিব শ্রীকুমার ব্যানার্জির বরাত দিয়ে আজ মঙ্গলবার দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়েছে। শ্রীকুমার ব্যানার্জি আজ রাজস্থানের রাওয়াতভাটায় একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের সপ্তম ও অষ্টম ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইউরেনিয়াম আবিষ্কারের কথাটা বলেন। তিনি দাবি করেন, অন্ধ্র প্রদেশের তুমালাপাল্লির খনিতে নিশ্চিতভাবে ৪৯ হাজার টন ইউরেনিয়াম মজুদ আছে। তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, সেখানকার ইউরেনিয়ামের মজুদ এর তিনগুণ হতে পারে। জরিপের ফল যদি সঠিক হয় তাহলে এটিই হবে বিশ্বে ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ।শ্রীকুমার ব্যানার্জি জানান, অন্ধ্র প্রদেশে একটি পারমাণবিক তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত। চলতি বছরের শেষ নাগাদ সেটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যে দুটি খনি থেকে ইউরেনিয়াম উত্তোলন করা হচ্ছে। সেগুলোয় মজুদের পরিমাণ এক লাখ ৭০ হাজার টন। তুমালাপল্লির খনিতে জরিপের ফলটা যদি সঠিক হয়, তাহলে ভারতকে ইউরেনিয়ামের এক বিশাল ভান্ডারের মালিক বলা যাবে এবং ইউরেনিয়ামের জন্য দেশটিকে আর অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে না।