অন্ধ্র প্রদেশে প্রতিদিন নিখোঁজ হচ্ছে ২২ নারী
প্রতিদিন কমপক্ষে ২২ জন নারী নিখোঁজ হচ্ছে ভারতের অন্ধ্র প্রদেশে। এ অঞ্চলে মানবপাচার নেটওয়ার্কের সন্ধান করতে গিয়ে রাজ্য পুলিশ এ তথ্য জানতে পারে। গত চার বছরে ওই রাজ্যে তরুণীসহ মোট নিখোঁজ নারীর সংখ্যা ২৩ হাজার ৭৬০। খবর টাইমস অব ইন্ডিয়ার। অন্ধ্র প্রদেশের নারী ও শিশুকল্যাণ বিভাগের সমন্বিত তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ওই রাজ্যে মোট ৪৭ হাজার ১৮১ জন নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে ১৬ হাজার ৭৮৭ জন শিশু এবং ১২ হাজার ৮৮২ জন নারী। ২০০৯ সাল থেকে নিখোঁজ মানুষের মধ্যে ৬৬ শতাংশ (১০ হাজার ৯৩৮ জন) মেয়ে। মেয়েদের নিখোঁজ হওয়ার হার আরও বাড়ছে। ২০১২ সালের জুলাই পর্যন্ত দুই হাজার ৭৮৬ জন শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ (এক হাজার ৯৫৫ জন) মেয়ে। এই হিসাবে প্রতিদিন প্রায় ১০ জন মেয়ে নিখোঁজ হচ্ছে। একইভাবে চলতি বছরের জুলাই পর্যন্ত দুই হাজার ৫১৯ জন নারী নিখোঁজ হয়েছে। এই হিসাবে প্রতিদিন নিখোঁজ হচ্ছে ১২ জন নারী। গত চার বছরে অন্ধ্র প্রদেশ রাজ্যে সরকারিভাবে নথিবদ্ধ নিখোঁজ নারী ও শিশুর সংখ্যা আশঙ্কাজনক। ২০০৯ সাল থেকে এই অঞ্চলে ২৩ হাজার ৭৬০ জন মেয়ে ও নারী নিখোঁজ হয়েছে। এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। পরিবারের নিখোঁজ সদস্যদের খুঁজে পেতে একটি ওয়েবসাইট খুলেছে রাজ্য পুলিশ। ‘মিসিংপারসন.এপি.নিক.ইন’ নামের সাইটটি প্রসঙ্গে রাজ্য পুলিশের ডিজি ভি এস কে কৌমুদি বলেছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ হারিয়ে যাওয়া কোনো ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবে। কারও সন্ধান পাওয়া গেলে তাঁর বিষয়েও বিস্তারিত জানা যাবে এ সাইট থেকে।