অন্য আলোয় ২০০৯
আমাদের রাজনীতি, অর্থনীতির বাইরেও প্রতিবছর এমন কিছু গল্প তৈরি হতে থাকে, যার সুদূরপ্রসারী প্রভাব পড়ে মানুষের জীবনে। ২০০৯ সালের বেশ কিছু গল্প আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছে। এমন অসংখ্য গল্পের কয়েকটি এখানে তুলে ধরেছেন আহসান হাবীবপলিতে জমছে সুরক্ষার স্বপ্নহিমালয় থেকে উত্পন্ন হয়ে নদীগুলো আমাদের এ জনবহুল ব-দ্বীপের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে। অনেক পথ পাড়ি দিয়ে বয়ে আনে পলি আর বালু। বেশির ভাগটাই ধুয়ে চলে যায় উত্তাল বঙ্গোপসাগরে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধির হাত থেকে আত্মরক্ষায় হয়তো বাংলাদেশকে পথ দেখাবে এ ব-দ্বীপের মরিয়া অধিবাসীদের এক আবিষ্কার। পলি নিজে নিজে যে জায়গায় এসে থিতু হয়, সে জায়গা থেকে পরিকল্পিতভাবে যেখানে প্রয়োজন সেখানে নিয়ে গিয়ে জমানো হয়। এভাবে বন্যাপ্রবণ নিচু এলাকা উঁচু করা বা নতুন ভূমি তৈরির কাজ চলছে। এখন বেশ ছোট পরিসরেই চলছে এ কাজ। কিন্তু এ থেকেই আভাস পাওয়া যাচ্ছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক পরিণতির কাছে অরক্ষিত বাংলাদেশ এ লোকায়ত কৌশল অবলম্বন করে উঠে দাঁড়াতে পারে, বহু জীবন রক্ষা করতে পারে। অবাধ জোয়ার-ভাটা নামের পদ্ধতি ব্যবহার করে গত ২০ বছরে যশোর ও সাতক্ষীরার তিনটি বিলের ৩১ দশমিক ৩৫ বর্গকিলোমিটার জমি এক থেকে দুই ফুট উঁচু করেছে এলাকাবাসী। সমুদ্র থেকে নদী হয়ে উপকূলের দিকে আসা বিপুল পরিমাণ পলি পরিকল্পিতভাবে ব্যবহারের কৌশল দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে বেশ পুরোনো। কপোতাক্ষ, শিবসা, পশুর, মাথাভাঙ্গাসহ দক্ষিণ-পশ্চািঞ্চলের নদীগুলোতে বিপুল পরিমাণ পলি আসে। উপকূলীয় বেড়িবাঁধে বাধা পেয়ে পলি জমে নদীর বুকে। আর স্থানীয় কিছু মানুষ নদীর পাড় কেটে পলি জেঠুয়া বিলে ঢুকিয়ে দেয়। কিন্তু এই প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির। কয়েক বছর ধরে জমানো পলি এক মৌসুমেই প্রমত্তা নদী সঙ্গে করে ভাসিয়ে নিয়ে যেতে পারে। পলি আটকিয়ে এভাবে সমুদ্রে পানির স্তর বৃদ্ধির সঙ্গে খাপ খাওয়ানোর আশা করা যায় না। কিন্তু তা কিছুটা সুরক্ষা তো দেবে।আর্সেনিক বিষের রহস্য উন্মোচনপৃথিবীর ইতিহাসে আর্সেনিক বিষে আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় ঘটনাটি সম্ভবত বাংলাদেশেই ঘটেছে। এক হিসাব অনুযায়ী, বাংলাদেশের প্রায় ২০ লাখ মানুষ আর্সেনিক বিষের ভুক্তভোগী। স্বাস্থ্যবিশেষজ্ঞরা ধারণা করছেন, এই বিষাক্ত ধাতুর মতো পদার্থ বহু মানুষের মৃত্যু ঘটিয়েছে এবং ভবিষ্যতেও এর ফলে বহু লোক মারা যাবে। ঠিক কেমন করে বাংলাদেশের লাখ লাখ মানুষের খাবার পানিতে আর্সেনিক মেশে, তা জানার জন্য তিন দশক ধরে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়েছে, এ রহস্যের কূলকিনারা করা গেছে। নতুন গবেষণা অনুযায়ী, বন্যা থেকে সুরক্ষার জন্য মাটি কেটে হাজার হাজার পুকুর তৈরি এ জন্য দায়ী। অনেক আগেই জানা যায়, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিম্নমানের প্রযুক্তিতে তৈরি লাখ লাখ নলকূপের সাহায্যে উত্তোলিত পানিতে আর্সেনিক থাকে। ভূপৃষ্ঠের অপরিষ্কার ও রোগজীবাণুতে ভরা পানি যাতে গ্রামের মানুষ না খায়, সে জন্য অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সহায়তায় এসব কূপ খনন করা হয়েছিল। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির চার্লস হার্ভের নেতৃত্বে একদল গবেষক এ রহস্য ভেদ করেন। মুন্সিগঞ্জ জেলার ছয় বর্গমাইল এলাকার ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানি প্রবাহের ধরন বিশ্লেষণ করে তাঁরা দেখান যে উচ্চ আর্সেনিক-উপস্থিত পানির উত্স হলো মানুষের খনন করা পুকুরগুলো। গবেষণাটির ফলাফল ন্যাচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত হয়। পুকুরের পানি পৌঁছা কঠিন এমন গভীরতার কূপ অথবা ধানের খেতের অগভীর কূপ খনন করে খাবার পানি সংগ্রহ করলে এ সমস্যা থেকে মুক্তি মিলতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। বন্যাসহিষ্ণু ধানে ক্ষুধা দূরীকরণবাংলাদেশের ২০ শতাংশ ধানি জমি বন্যাপ্রবণ। কিছু দিন পর পর আমাদের বড় মাপের বন্যার কবলে পড়তে হয় এবং প্রায় প্রতিবছর বন্যার ফলে লাখ লাখ টন ধান হারাতে হয়। দেশের গবেষকেরা তিনটি নতুন ধানের জাত পরীক্ষার চূড়ান্ত স্তরে। স্বাভাবিক ধানের জাতগুলো সাধারণত পানিতে তলিয়ে যাওয়ার দুই বা তিন দিনের মধ্যে মরে যায়; কিন্তু পরীক্ষায় দেখা গেছে, নতুন জাতের ধান দুই সপ্তাহেরও বেশি সময় টিকে থাকতে পারে। ডুবোজলসহিষ্ণু ধানের জাত বাংলাদেশের বার্ষিক খাদ্যঘাটতি কমাতে বড় ভূমিকা রাখতে পারে বলে তাঁরা মনে করেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা মনে করেন, আগামী দিনগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা থাকায় বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় নতুন জাতগুলো বাংলাদেশকে সহায়তা করতে পারে। স্বর্ণা-সাব১ নামের একটি জাত ইতিমধ্যে সফলভাবে ভারতে চাষ শুরু হয়েছে। বাকি দুটি প্রজাতি তৈরি করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, স্থানীয় জাতের ধান ব্যবহার করে। জিন প্রযুক্তিগত রূপান্তর (জেনেটিকের মডিফিকেশন) ব্যবহার না করে এতে ক্রস-ব্রিডিং কৌশল ব্যবহার করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমের মধ্যে বন্যাসহিষ্ণু ধান বাংলাদেশের কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হতে পারে। সুন্দরবনের টিকে থাকাবরাবরের মতো ২০০৯ সালে আইলার আঘাত সয়ে সুন্দরবন রক্ষা করেছে এক বিশাল জনগোষ্ঠীকে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হলেও খুলনার কয়রা হয়ে হড্ডা নদী দিয়ে সুন্দরবনের সীমানায় ঢুকলে এক পাশে হালকা সবুজাভ গেওয়া গাছ চোখে পড়বে। অন্য পাশে উঁচু ও বেঁকে থাকা কেওড়া আর শক্ত-ঘন সবুজ পশুরগাছের সারি। মনে হবে, আইলার ক্ষয়ক্ষতি কাটিয়ে সুন্দরবন তার পুরোনো সৌন্দর্য নিয়ে টিকে আছে। নিজের পুরো শরীর নোনাজলে বিষাক্ত করে হলেও সুন্দরবন আইলার জলোচ্ছ্বাসের গতি কমিয়েছে। সুন্দরবনে প্রবেশের সময় জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল ১৫ ফুটের ওপরে। সুন্দরবন অতিক্রম করে বের হওয়ার সময় তা আট থেকে ১২ ফুটে নেমে আসে। জোয়ারের গতিও যায় কমে। বিশেষজ্ঞদের মতে, সুন্দরবন না থাকলে জলোচ্ছ্বাসের পানি খুলনা ও সাতক্ষীরা সদর পর্যন্ত চলে আসত। আইলার জলোচ্ছ্বাস দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বসতি এলাকায় আঘাত হানার আগে সুন্দরবন বাধা দিয়েছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। সুন্দরবন না থাকলে পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশির ভাগ এলাকায় একই রকম ক্ষতি হতো। এই বিষয়ে পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী, হাতিয়ার দিকে জলোচ্ছ্বাসের গতি অনেকাংশ কমানো যেত, যদি সেখানে উপকূলীয় বন থাকত। আগামী দিনের ঝড় মোকাবিলায় সরকারকে অবশ্যই বনায়নকে পূর্বপ্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে হবে। অতীতের মতো সামনের দিনেও সুন্দরবনকে আরও বড় ধরনের ঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলা করে টিকে থাকতে হবে। সেই শক্তি সুন্দরবনের মধ্যেই আছে। যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের নির্দেশনা যৌন নিপীড়ন প্রতিরোধে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্টে একটি নির্দেশনামূলক রায় দেওয়া হয়। হাইকোর্টের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ যুগান্তকারী রায়টি দেন। এই রায়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় এই যে জাতীয় সংসদে এ বিষয়ে আইন পাস না হওয়া পর্যন্ত নির্দেশনা পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষাপ্রতিষ্ঠান এবং সব ধরনের কর্মক্ষেত্রকে এ রায়ের আওতায় আনা হবে। সংবিধানের ১১১ ধারা অনুযায়ী এ রায়টি সবাইকে গ্রহণ করতে হবে এবং মেনে চলতে হবে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী ২০০৮ সালের ৭ আগস্ট যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে মামলার পরিপ্রেক্ষিতে এ রায়টি দেওয়া হয়। রায়ে যৌন হয়রানির সংজ্ঞা, অভিযোগ কমিটি গঠন ও দায়িত্ব, শাস্তির বিধানসহ যাবতীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া আছে।নিজের ভাষায় অনলাইন ঠিকানাইন্টারনেটে ওয়েবসাইটের ঠিকানা (ডোমেইন) লেখার জন্য ল্যাটিন বর্ণমালা ছিল ইন্টারনেটের অপরিহার্য বৈশিষ্ট্য। তাই ইংরেজি ভাষার ওপর ইন্টারনেটের নির্ভরতাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের শুরু থেকেই ভালো চোখে দেখা হতো না। ২০০৯ সালে সাইবার দুনিয়ায় ইংরেজির প্রাধান্যে বড় ধাক্কা লেগেছে। ইতিহাসে প্রথমবারের মতো ইংরেজি ছাড়াও বেশ কিছু ভাষায় ওয়েব ঠিকানা লেখার বিষয়টি অনুমোদন করা হয়েছে অক্টোবরে ইন্টারনেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস্ অ্যান্ড নাম্বার (আইসিএএনএন)-এর বার্ষিক সভায়। শুরুতে আরবি, কোরীয়, জাপানি, গ্রিক ও হিন্দি ভাষীরা নিজ নিজ বর্ণমালায় ওয়েব ঠিকানা লিখতে পারবেন। চীন ও থাইল্যান্ডে নিজেদের বর্ণমালায় আগে থেকেই ওয়েব ঠিকানা লেখার চল ছিল, এবার তা অনুমোদন পেল। ইংরেজি ছাড়া অন্যান্য ভাষায় ডোমেইন নাম-ঠিকানা বিষয়টে ২০১০ সালের মাঝামাঝি থেকে কার্যকর হবে। ধীরে ধীরে ভাষার সংখ্যাও বাড়বে। এরই মধ্যে মিসর প্রথম দেশ হিসেবে আরবি ডোমেইন ব্যবহারের উদ্যোগ নিয়েছে। ৪০ বছর আগে ইন্টারনেট চালু হওয়ার পর এটি হবে সবচেয়ে বড় ধরনের পরিবর্তন—এমনটি মনে করছেন অনেকে। গুগলের ডিজিটাল লাইব্রেরিগুগল বিশ্বের লাখ লাখ বই অনলাইনে দিতে চায়। ২০১০ সালের মধ্যে এটি বিশ্বের সবচেয়ে বড় ভার্চুয়াল লাইব্রেরি হয়ে উঠতে চায়। এ প্রকল্পের আওতায় গুগল ইতিমধ্যে বিক্রয়যোগ্য মুদ্রিত কপি নেই এমন প্রায় এক কোটি বই স্ক্যান করেছে। এই বিশাল বইয়ের সংগ্রহে অর্থের বিনিময়ে ঢোকার ব্যবস্থা করা এবং বইয়ের বিক্রয়প্রতিনিধি হিসেবে কাজ করার পরিকল্পনা করছে গুগল। অনেকের আশঙ্কা, এটি তথ্যের ওপর গুগলের একচেটিয়া ক্ষমতা তৈরি করছে। অনেক লেখক ও প্রকাশকের ইচ্ছার বিরুদ্ধে গুগল অনেক বইয়ের ডিজিটাল রূপ দেওয়ায় অনেকে ক্ষুব্ধ। বহু দেশে স্বত্বাধিকারের প্রশ্নে গুগলকে মামলার মুখে পড়তে হচ্ছে। বইয়ের দুনিয়ার বাসিন্দা লেখক, প্রকাশক, গ্রন্থাগারিক আর বিপুলসংখ্যক পাঠক কয়েক মাস ধরে এসব মামলার ওপর দৃষ্টি রাখছিলেন। কারণ, স্বত্বাধিকার নিয়ে আপাত ছোটমাপের বিবাদ মনে হলেও হয়তো সবার ডিজিটাল ভবিষ্যত্ এর মাধ্যমেই নির্ধারিত হবে। মায়ের অভিভাবকত্বের রাষ্ট্রীয় স্বীকৃতি২০০৯ সালে এককভাবে সন্তানের অভিভাবকত্বের রাষ্ট্রীয় স্বীকৃতি পেল নারী। সম্প্রতি হাইকোর্ট বাবার পাশাপাশি অভিভাবক হিসেবে মায়ের নাম এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিবন্ধন করার পক্ষে মত দিয়েছেন। অভিভাবক হিসেবে মায়ের নাম ব্যবহার করলে ফরম অপূর্ণ বিবেচিত হওয়ার সুযোগ এখন আর নেই। এ সিদ্ধান্তের ফলে শিক্ষাক্ষেত্রে বাবার সমান্তরালে অভিভাবক হিসেবে মায়ের ভূমিকা নিশ্চিত হলো।নারীর সূত্রে নাগরিকত্বনবম সংসদের প্রথম অধিবেশনই পাস হয় নারী সূত্রে নাগরিকত্বের বিষয়টি, যা এত দিন শুধু পুরুষের সূত্রেই হতো। তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ বিষয়ে হাইকোর্ট নির্দেশ জারি করেন। আগে বাংলাদেশের কোনো নারী কোনো বিদেশি ছেলেকে বিয়ে করলে তার স্বামী ও সন্তানেরা এ দেশের নাগরিক বলে বিবেচিত হতো না। কিন্তু এই বিল পাসের ফলে তারা এ দেশের নাগরিকত্ব লাভ করবে।