অন্য উচ্চতায় মুসা, ভিন্ন উষ্ণতায় পরিবার
‘পত্রিকা একনজর দেখতে না দেখতেই সহকর্মীরা নিয়ে গেছেন। তাঁদের কথা, “আপা, পরে দেখতে পারবেন। আগে আমরা দেখি”।’ এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমের স্ত্রী ময়মনসিংহের সহকারী জজ উম্মে সরাবন তহুরার কার্যালয়ের গতকাল সকালের চিত্র এটি। আর মুসার বোনের উত্তরার বাসায় তখন কী হচ্ছে? ‘ফোনের পর ফোন। সবাই অভিনন্দন জানাচ্ছেন। সাংবাদিকেরা দরকারি তথ্য জানতে চাইছেন। সঙ্গে একটু পরপর টিভি ক্যামেরা আসছে...।’ এই বর্ণনা মুসা ইব্রাহীমের বড় বোন নূর আয়েশার। তাঁদের পরিবারের সদস্যদের দিনটি কেটেছে বলতে গেলে ক্যামেরার সামনে। মাত্র এক দিনের ব্যবধানে এভাবেই বদলে গেছে একটা পরিবারের দিনলিপি। এ পরিবার এখন আর সাধারণ নয়। পরিবারের ছেলেটি যে এভারেস্টের চূড়ায় প্রথমবারের মতো উড়িয়েছেন লাল-সবুজ পতাকা। মুসার এভারেস্ট বিজয়ের দিন, ২৩ মে রোববার, বিকেল থেকেই একের পর এক ফোন আসতে থাকে উম্মে সরাবন তহুরার কাছে। রাতেই ময়মনসিংহে তাঁর সরকারি বাসায় পৌঁছে যায় টিভি ক্যামেরা। তবে বিদ্যুৎ না থাকায় তাঁর প্রতিক্রিয়া ধারণ করা যায়নি। একই কারণে রোববারের টিভি খবরগুলোও দেখতে পারেননি সরাবন। মুসা ইব্রাহীমের দেড় বছরের ছেলে ওয়াসি ইব্রাহীম মায়ের খুব ন্যাওটা। মা বলেন, ‘পরশু রাত ১২টায় ওয়াসি জেগে ওঠে। এরপর ওকে নিয়ে হাঁটাহাঁটি করতে হয়। রাত চারটায় ঘুমিয়েছি। সকাল সাতটায় উঠে আদালতের জন্য তৈরি হয়েছি। নয়টার মধ্যে আদালতে চলে এসেছি।’ আদালতের সব সহকর্মী কাল শুভেচ্ছা জানিয়েছেন সরাবন তহুরাকে। আইনমন্ত্রী শফিক আহমেদ তাঁর একান্ত সচিবের মাধ্যমে ফোনে পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা। সারা দেশ থেকে বিচার বিভাগের সহকর্মীরাও জানিয়েছেন শুভেচ্ছা। আর সাংবাদিকেরা তো আছেনই। সন্ধ্যায় নূর আয়েশার সঙ্গে যখন কথা হয়, তখন তিনি বাবা মো. আনসার আলীকে নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে যাচ্ছিলেন সাক্ষাৎকার দিতে। পথেই জানালেন, মা বিলকিস বেগম সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফোন ধরতে ধরতে ক্লান্ত। এখন বাসায় বিশ্রাম নিচ্ছেন। বাবা আনসার আলী বলেন, ‘এমনিতে এক-দুইটা পত্রিকা কেনা হয়। আজ (সোমবার) সবগুলো পত্রিকা কিনে এনেছি। প্রথম আলোটা পড়তে পেরেছি।’ নূর আয়েশা বলেন, ‘সবাই তো শুভেচ্ছা জানিয়েছেন, সবাই খুশি। তবে আপ্লুত হয়েছি আমাদের বিদ্যালয় থেকে ফোন পেয়ে। মুসা ইব্রাহীম ও নূর আয়েশা যে বিদ্যালয়ে পড়তেন, সেই ঠাকুরগাঁও সুগার মিল স্কুলের প্রধান শিক্ষক ফোন করেছেন মুসাকে অভিনন্দন জানাতে। মুসার মা-বাবা আর বোন এখন আছেন ঢাকার উত্তরায়। স্ত্রী সরাবন আছেন তাঁর কর্মস্থল ময়মনসিংহে। মুসার ছোট ভাই শোয়েব হারুন অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। হিসাববিজ্ঞানে পড়ছেন সেখানে। তিনিও প্রচুর ই-মেইল পেয়েছেন গতকাল। মা-বাবা ও বোনের সঙ্গেও কথা হয়েছে তাঁর। এভারেস্ট বিজয়ের পর বন্ধু, স্বজন, প্রতিবেশী, পরিচিত-অপরিচিত মানুষসহ সংবাদমাধ্যমের নজর এখন মুসার পরিবারের দিকে। মুসা ইব্রাহীম এই মুহূর্তে দেশের আলোচিত তারকা। নিজেদের কি তারকা পরিবারের সদস্য মনে হচ্ছে? নূর আয়েশা হেসে বলেন, ‘অনেকটা তেমনই। তবে মুসা ভালোভাবে নেমে আসুক—এটাই এখন আমাদের একান্ত চাওয়া।’