২ ও ৩ অক্টোবর হয়ে গেল ওয়ালটন জাতীয় সামার অ্যাথলেটিকস। সে প্রতিযোগিতারই টুকরো টুকরো ‘চিত্র’ বদিউজ্জামানের লেখায়প্রেরণা বোল্টগত আগস্টে গিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার দেগুতে, বিশ্ব অ্যাথলেটিকস প্রতিযোগিতায়। সেখানেই দেখা মেলে স্বপ্নের নায়ক উসাইন বোল্টের সঙ্গে। জ্যামাইকান স্প্রিন্টারের সঙ্গে কথা হয়নি, তবে নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে তাঁকে দেখেছেন, এমনকি একই সঙ্গে খাবার টেবিলে বসে খেয়েছেন মোহাম্মদ খলিলুর রহমান। দেগুতে দুই নম্বর হিটে ছিলেন সেনাবাহিনীর এই স্প্রিন্টার, পরের হিটে বোল্ট। সদ্য শেষ হওয়া ওয়ালটন জাতীয় সামার অ্যাথলেটিকসে ২০০ মিটারে সোনাজয়ী খলিল জানালেন তাঁর সাফল্যের রহস্যটা, ‘বোল্ট আমাকে উৎসাহ জুগিয়েছে। এমন বিশ্বখ্যাত স্প্রিন্টারকে দেখে ভালো করার অনুপ্রেরণা পাচ্ছিলাম। বলতে পারেন, বোল্টই আমার প্রেরণা।’ অ্যাথলেটিকসের টানেভারোত্তোলনের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মোল্লা সাবিরা সুলতানাকে বেশ খুশি মনে স্টেডিয়ামে ঘুরতে দেখা গেল। সাবেক অ্যাথলেটদের সঙ্গে গল্প করছেন, নতুনদের উৎসাহ দিচ্ছেন। ভারোত্তোলনের ট্রায়াল দিতে এসেও অ্যাথলেটিকসের টানে ছুটে এসেছেন। এক ফাঁকে আসার কারণটাও বললেন, ‘আমিও একসময় অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়েছি। ভারোত্তোলনের ট্রায়াল হবে না শুনে ভাবলাম, যাই অ্যাথলেটিকস দেখে আসি।’ জমল না২০০২ থেকে জ্যাভলিন থ্রোতে সোনা জিতে এসেছেন। কিন্তু গত মৌসুমে শ্রেষ্ঠত্বটা কেড়ে নেন হোসনা আক্তারের কাছ থেকে। এবার মিট শুরুর আগে হঠাৎ করেই কুঁচকিতে টান লাগে হোসনার। তাই মাঠে নামা হয়নি। হোসনা না থাকায় সোনার পদকটা আবার গলায় উঠল হাজেরা আক্তারের। কিন্তু মনটা তেমন উৎফুল্ল নয়। ‘হোসনা খেলেনি, তাই ঠিকমতো জমল না প্রতিদ্বন্দ্বিতা’—বললেন বিজেএমসির এই অ্যাথলেট।পুতুলের কষ্টখেলতেন আনসারের হয়ে। কিন্তু সামার মিটের মাস দুয়েক আগে বিজেএমসিতে যোগ দিয়েছেন রওশন আরা (পুতুল)। আনসার থেকে চূড়ান্ত ছাড়পত্র না দেওয়ায় বিজেএমসির হয়ে মাঠে নামতে পারেননি ৪০০, ৮০০ ও ১৫০০ মিটারের গতবারের চ্যাম্পিয়ন। এবার তাই বিষণ্ন চেহারায় স্টেডিয়ামে ঘুরতে দেখা গেল পুতুলকে। একসময় গ্যালারিতে দর্শকের সারিতে বসে থাকা পুতুল আক্ষেপ করলেন, ‘মনের মতো অনুশীলন করলাম। কিন্তু কর্মকর্তাদের রশি টানাটানিতে খেলা হলো না। কী আর করা, কপালটাই মন্দ আমার।’আসাদুলের আক্ষেপপায়ের মাংসপেশিতে টান লেগে শেষ মুহূর্তে ১১০ মিটার হার্ডলসের সোনা জেতা হলো না। বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হার্ডলার আসাদুল ইসলাম তাই হতাশ ছিলেন। জাতীয় প্রতিযোগিতায় সোনা জিতলেই মেলে পুরস্কার, সুযোগ থাকে পদোন্নতিরও। ট্র্যাকে নিজের দৌড়ের ভিডিও পরে গ্যালারিতে বসে দেখছিলেন আর কষ্ট পাচ্ছিলেন। সেটি প্রকাশও পেল, ‘এবার সোনা জিততে পারলে খুব ভালো হতো। আলাদা প্রাইজমানি পেতাম।’ বিজিবির ক্রীড়া বিভাগের কর্মকর্তাদের প্রশংসা ঝরল এরপর, ‘স্যাররা খুবই ভালো। যেভাবে উৎসাহ দেন তাতে খারাপ ফল হলে মনটা ভেঙে যায়। স্যারদের জন্যই দুঃখ লাগে বেশি।’ বিরক্তিকরসামার মিটের শেষ দিনে স্টেডিয়ামে একটু পরপর বেজে উঠছিল গান, ‘বেশ বেশ বেশ...সাবাস বাংলাদেশ।’ ১০০ মিটার স্প্রিন্ট শুরুর আগে বিচারকেরা যতই লাল পতাকা উড়িয়ে সঞ্চালককে গান বন্ধ করতে বলেন, আরও উঁচু স্বরে বাজতে থাকে গান। শেষ পর্যন্ত ইশারায় কয়েকজন বুঝিয়ে দিতেই গান বন্ধ। অ্যাথলেটিকস ফেডারেশনের প্রতিটি মৌসুমেই এই একটি গানই বাজানো হয়ে থাকে বারবার। এভাবে একই গান বারবার শুনে মিট দেখতে আসা এক দর্শক বলেই ফেললেন, ‘এক গান বাজিয়েও আশ মেটে না। কী যে আছে এই গানের ভেতর! একবার হলেও এই গান বদলে অন্য গান বাজানো উচিত।’ ভুলে ভরাবরাবরের মতো এবারও প্রতিযোগিতা উপলক্ষে স্মরণিকা প্রকাশ করেছে অ্যাথলেটিকস ফেডারেশন। কিন্তু এটি অসংখ্য ভুল বানান আর ভুল তথ্যে ভরা। ২০০ মিটারে মেয়েদের রেকর্ডের তালিকায় লেখা নাজমুন্নাহার বিউটির নাম। সময় দেওয়া ২৪.৩৫ সেকেন্ড। কিন্তু এই রেকর্ডের দাবি করে বসলেন এবারের মিটের দ্রুততম মানবী শামসুন্নাহার চুমকি। তাঁর দাবি, ‘বিউটি আপা নন, আমিই রেকর্ড করেছিলাম এই ইভেন্টে ২০০৩ সালের সামার অ্যাথলেটিকসে।’ পরে ফেডারেশন থেকে দেওয়া নিজের সার্টিফিকেটের ফটোকপিও দেখালেন। ফেডারেশন থেকে পাঠানো ফলাফলে বিজেএমসি চ্যাম্পিয়ন দেখানো হয়েছিল। কিছুক্ষণ পরই এটি বদলে যায়। সংশোধিত বিজ্ঞপ্তিতে এবার চ্যাম্পিয়ন হিসেবে সেনাবাহিনীর নাম! অ্যাথলেটদের নামের বানানে ছিল অসংখ্য ভুল। হায়রে অ্যাথলেটিকস ফেডারেশন!