অন্য দাতাদের রাজি করাতে জাপানের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়নের চুক্তিটি বাতিল করায় দাতাদের সহযোগিতায় একটি নতুন চুক্তির আওতায় কাজ শুরু করা যায়। এ ব্যাপারে এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) অন্য দাতাদের রাজি করানোর চেষ্টা করবে জাপান। গতকাল সোমবার টোকিওতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আশ্বাস দিয়েছেন। একই দিনে অন্য একটি বৈঠকে দীপু মনিকে একই ধরনের কথা বলেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী কোইছিরো গেমবা ও জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট আকিহিকো তানাকা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী তিনটি বৈঠকেই পদ্মা সেতুর ব্যাপারে সরকারের অবস্থান জাপানের নেতৃত্বের কাছে ব্যাখ্যা করেছেন। এসব আলোচনায় তিনি জানিয়েছেন, সরকার কোনো রকম কালক্ষেপণ না করেই প্রয়োজনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করবে। এ প্রকল্প বাস্তবায়ন এগিয়ে নিতে ইতিপূর্বে দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য তিনি জাপান সরকারকে অনুরোধ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের জ্যেষ্ঠ নেতাদের আলোচনায় পদ্মা সেতু প্রাধান্য পেলেও রাজধানীর মেট্রোরেল প্রকল্পে জাপানের অর্থায়নের বিষয়ে আলোচনা হয়েছে কি না, সেটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। রুট পরিবর্তনের প্রয়োজনীয় বেশ কিছু শর্ত বাংলাদেশ পূরণ না করায় জাইকা এ প্রকল্পে এখনো অর্থ ছাড়ের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: টোকিও সফরের দ্বিতীয় দিনে গতকাল জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে উপপ্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীপু মনি। এ সময় আলোচনায় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি ওকাদার সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রসঙ্গটিও আসে। পদ্মা সেতু প্রসঙ্গে ওকাদা বলেন, বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করায় অন্য দাতাদের নিয়ে নতুন চুক্তির আওতায় কাজ শুরু করা যেতে পারে। এ ক্ষেত্রে এডিবিসহ অন্য দাতাদের প্রকল্পের অর্থায়নে রাজি করাতে জাপান উদ্যোগ নেবে। বিশ্বব্যাংকের নিন্দা: জাইকার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় পদ্মা সেতু প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরেন দীপু মনি। তিনি বলেন, বিশ্বব্যাংক একতরফাভাবে চুক্তিটি বাতিল করেছে। জাইকার প্রেসিডেন্ট বিশ্বব্যাংকের সিদ্ধান্তের নিন্দা জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সেই সঙ্গে তিনি এ প্রকল্পে অর্থায়নের বিষয়ে জাপানের অন্য সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চালানোর আশ্বাস দিয়েছেন।