বৈশাখী টিভিতে আজ দেখানো হবে ধারাবাহিক নাটক ইকারুসের ডানা। নাটকটি লিখেছেন হূদি হক। কামরুজ্জামান রনির সঙ্গে যৌথভাবে নাটকটি পরিচালনা করছেন তিনি। পাশাপাশি অভিনয়ও করছেন। কথা হলো হূদির সঙ্গে।‘ইকারুসের ডানা’ নাটকের গল্প প্রসঙ্গে কিছু বলুন।ইকারুসের দুই কাঁধে সাদা দুটি মোমের ডানা বাঁধা হলো। ওড়ার নেশায় মেতে উঠল ইকারুস। তাকে নিষেধ করা হলো, সূর্য যেন এই ডানা ছুঁতে না পারে। নিষেধ অমান্য করে ইকারুস অনেক ওপরে ওড়ার চেষ্টা করে। মোমের ডানা হার মানে সূর্যের কাছে। ওপরে ওড়ার নেশায় মত্ত ইকারুসকে মাটি টেনে নেয়। মাটিতে হাঁটতে হবে জেনেও মানুষ উড়তে চায়, ছুঁতে চায় সূর্য। এই সূর্য ছোঁয়ার খেলায় কজন পারে মোমের ডানা অক্ষত রাখতে! এমনি ভাবনা থেকে আমি নাটকটি লিখেছি।ধারাবাহিকটির শুটিংয়ের কী খবর?নাটকটির কাজ খুব বেশি করা হয়নি। মাত্র ১৩ পর্ব তৈরি হয়েছে। নাটকটি কিন্তু সপ্তাহে দুই দিন দেখানো হবে। এরই মধ্যে দেয়াল নামে আরেকটি ধারাবাহিক তৈরির কাজ শুরু করেছি। ওটার কাজ করতেই আজ (মঙ্গলবার) ঠাকুরগাঁও যাচ্ছি। ঠাকুরগাঁও শহরে এবং কচুবাড়ী গ্রামে কাজ করব। ফেরার পথে কান্তজির মন্দিরেও কিছু কাজ করব। এই নাটকের পর ইকারুসের ডানার পরবর্তী কাজ শুরু করব।আপনি আগেও ধারাবাহিক নাটক লিখেছেন এবং পরিচালনা করেছেন।আমার লেখা প্রথম ধারাবাহিক আমাদের আনন্দবাড়ি। ওটা ছিল এক মধ্যবিত্ত পরিবারের গল্প। এরপর লিখেছি নাইন্টিন টোয়েন্টি। নাটকটির পরিচালনাও আমি করেছি। এই নাটকের গল্প ১৯-২০ বছর বয়সী ছেলেমেয়েদের জীবনের জটিলতা ও ভালো লাগা নিয়ে। ওই দুটি থেকে ইকারুসের ডানা নাটকটি পুরোপুরি আলাদা করতে চেয়েছি। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনের দ্বন্দ্ব ও সংঘাত দেখাতে চেয়েছি। আর তা অবশ্যই বিস্তৃত পরিসরে। আমার এই নাটকের দৈর্ঘ্য হবে ১০৪ পর্ব। বাড়তেও পারে।নাগরিক নাট্যাঙ্গন থেকে আপনারা নতুন নাটক মঞ্চে এনেছেন। এই নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকটির নাম পুষি বিড়াল ও একজন প্রকৃত মানুষ। রূপান্তর নয়, আর্থার মিলারের নাটকটি আমরা অনুবাদ করেছি। তাই পুরো পরিবেশেই ১৯৪০ সালের আবহটা ধরে রেখেছি। অভিনয়ের পাশাপাশি আমি নাটকের পোশাক পরিকল্পনার কাজও করেছি। সম্প্রতি কলকাতার গঙ্গা-যমুনা উৎসবে আমরা নাটকটির দুটি প্রদর্শনী করেছি।