অন্য দেশে বিচার দেওয়ার নীতিতে বিএনপি বিশ্বাস করে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য দেশে গিয়ে বিচার দেওয়ার নীতিতে বিএনপি বিশ্বাস করে না। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেই চীন সফরে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। সেই সফরে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।আজ শনিবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। বিরোধীদলীয় নেতার চীন সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।বিরোধীদলীয় নেতা চীন সফরে যাওয়ার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেছিলেন, নালিশ করতে চীন গেছেন খালেদা জিয়া। এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে খন্দকার মোশাররফ বলেন, এটা সরকারের অপপ্রচার। বিএনপি নিজ থেকে চীন যায়নি। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেই এই সফর হয়েছে।খন্দকার মোশাররফ বলেন, চীন বাংলাদেশে দ্বিতীয় পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বলে খালেদা জিয়াকে জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট। এ ছাড়া বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে খালেদা জিয়ার বিভিন্ন প্রস্তাবে চীন ইতিবাচক মনোভাব দেখিয়েছে। খালেদা জিয়ার ‘পরবর্তী সফরে’ এসব বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। মোশাররফ বলেন, এবারের সফরে চীনের বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ফলপ্রসূ বৈঠক হয়েছে। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।