অন্য দেশের মতোই অনিরাপদ ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যান্য দেশের মতোই ভারতকে অনিরাপদ মনে করেন বিদেশি নারীরা। তবে তাঁরা ভারতকে বিশেষভাবে অনিরাপদ মনে করেন না।আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতে বাস করা বিদেশি নারী বা বেড়াতে আসা নারী পর্যটকদের সঙ্গে কথা বলে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) প্রতিবেদনটি তৈরি করেছে। দিল্লিতে বসবাসকারী জার্মান নাগরিক ফ্লোরা সেন্টস সান্স বলেন, ‘সুইস এক নারী গণধর্ষণের শিকার হওয়ার পরও আমি এখানে অনিরাপদ বোধ করছি না। এমনটা ভাবলে আমি থাকার জন্য ভারতকে বেছে নিতাম না।’আন্তসাংস্কৃতিক বিনিময় কর্মসূচির পরিচালক ফ্লোরা জানান, তিনি কখনো কারও খপ্পরে পড়েননি।গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লির একটি চলন্ত বাসে ২৩ বছর বয়সী মেডিকেলের এক ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর ভারতে নারী নির্যাতনের ভয়াবহ রূপটি বিশ্বের নজরে আসে। ১৩ দিন লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানেন ওই ছাত্রী।গত বছর ২৩ বছর বয়সী এক চীনা নারী দিল্লিতে ধর্ষণের শিকার হন। ২০০৮ সালে ব্রিটিশ এক নারী গোয়াতে ধর্ষণের শিকার হন এবং তাঁকে হত্যা করা হয়।গত সপ্তাহে ৩৯ বছর বয়সী এক সুইস নারী পর্যটক মধ্য প্রদেশের দাতিয়া জেলায় গণধর্ষণের শিকার হন। এ সময় দুর্বৃত্তরা ওই নারীর স্বামীকেও মারধর করে। এ ঘটনায় অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রেক্ষাপটে ভারতে বিদেশি নারীদের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সেন্ট স্টিফেনস কলেজের শিক্ষার্থী ফরাসি নাগরিক লুইস বলেন, যৌন নিপীড়ন বৈশ্বিক একটি সমস্যা। সব সমাজেই নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। প্রায় সব সমাজেই এ বিষয়টি প্রচলিত।গত দুই বছর ভারতে থাকার অভিজ্ঞতা প্রসঙ্গে লুইস বলেন, ‘এখানে একজন শ্বেতাঙ্গ নারীকে ভালোভাবে দেখা হয় না। অনেক সময় আমাকে স্পর্শ বা শরীর ঘেঁষে যাওয়ার একটা প্রবণতা এখানকার পুরুষদের মধ্যে খেয়াল করেছি। আমার এক ফরাসি বান্ধবী গত বছর এক উত্সবের সময় মুম্বাইয়ে এক দল ব্যক্তির মাধ্যমে বলতে গেলে ধর্ষণের শিকারই হয়েছেন।’ প্রথমবারের মতো বন্ধুদের সঙ্গে ভারতে আসা ব্রিটিশ নারী পর্যটক জেসিকা তোরোডা বলেন, এ দেশে আসার পর থেকে তিনি এক মুহূর্তের জন্যও অনিরাপদ বোধ করেননি।জেসিকার বান্ধবী ব্রিটিশ নাগরিক সারা লাগারাফ বলেন, ‘ভারতের মতো দেশে বেড়াতে এলে অনেকেই বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে, এখানকার লোকজন কৌতূহলী, আক্রমণাত্মক নয়।’অস্ট্রেলিয়া থেকে আসা জেনেট ফিলিপ জানালেন, এ দেশে আসার আগে তাঁর বন্ধুরা তাঁকে কী করতে হবে আর কী করা যাবে না—এমন একটি তালিকা ধরিয়ে দিয়েছিলেন। ফিলিপ বলেন, ‘আমি যখন বললাম, আমি দিল্লি যাচ্ছি, তখন তাঁরা আমাকে সেখানে মেডিকেল ছাত্রীর গণধর্ষণের শিকার হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিলেন। একই সঙ্গে একা একা বাইরে না যাওয়ার ব্যাপারেও সতর্ক করলেন। তবে এখানে আমার ভালোই সময় কাটছে।’ তৃতীয়বারের মতো ভারত ভ্রমণে আসা আরেক ব্রিটিশ নাগরিক সোফি মেথুর্স্ট বলেন, ‘পাশ দিয়ে যাওয়ার সময় কেউ বাজে মন্তব্য করেছেন বা বিশ্রী অঙ্গভঙ্গি করেছেন—এমনটা আমার সঙ্গে কখনো হয়নি। তবে এটা ঠিক, ভারতে কিছু কিছু জায়গায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। নারী নিপীড়ন শুধু ভারতে নয়, বিশ্বের যেকোনো বড় দেশেই এ সমস্যা আছে।’