অন্য নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মাটিতে এবারের বিশ্বকাপের শেষ প্রহরটা বেশ জমজমাট ভাব নিয়েই কাটল। হাড্ডাহাড্ডি লড়াই বলতে যা বোঝায় তা হলো না বটে, তবে যা হলো তাকে ক্রিকেট নাটকীয়তার এক বর্ণাঢ্য অধ্যায় না বলে উপায় নেই।খেলা শেষের স্কোর কার্ড যে সরল-সহজ জয় দেখাচ্ছে নিউজিল্যান্ডের অনুকূলে, কোয়ার্টার ফাইনালটি শুরুর আগে এই ছবিটাই প্রত্যাশিত ছিল উল্টোভাবে। সব বিবেচনায় দক্ষিণ আফ্রিকা ছিল এ খেলার সম্ভাব্য বিজয়ী। কিন্তু তা কি হয়, বিশ্বকাপটা শেষ হয়ে যাচ্ছে আর ক্রিকেট তার সনাতন চরিত্রের কিছুই দেখাবে না? সরল অঙ্কের নিয়ম ধরে শেষ চারে বা শেষ দুইয়ে পৌঁছে যাবে দৃশ্যমান স্ফীত পেশির দলগুলো? প্রতিযোগিতাটিকে টক-ঝাল-মিষ্টির সর্ববিধ আস্বাদন দিতেই যেন রচিত হলো শুক্রবারের মিরপুরের ক্রিকেট বিনোদন। অন্যতম কাপপ্রত্যাশী দক্ষিণ আফ্রিকাকে বাড়ি পাঠিয়ে নিউজিল্যান্ড উঠে গেল সেমিফাইনালে। শুরু থেকে দারুণ ঝলমলে ছিল এবার গ্রায়েম স্মিথের দল। শিরোপা প্রত্যাশার খুবই গরম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেই শুধু তারা বিশ্বকাপে আসেনি, ‘চোকার্স’ শব্দের চারিত্রিক অপবলয় থেকে বেরিয়ে আসতেও ছিল বদ্ধপরিকর। কিন্তু বিধি বাম। আবারও তারা চাপের মুখে অহেতুক ভেঙে পড়ল। নানা প্রশ্নের শর তাদের দিকে ধাবমান। তারা কী অধিক আত্মতুষ্টিতে ভুগছিল? ২২২-এর সহজ টার্গেট কি তাদের ঢিলেঢালা করে দিয়েছিল? অর্ধেক পথ ২ উইকেটে পেরিয়ে যেতেই কি ঝুঁকিপূর্ণ শটের বিলাসে আক্রান্ত হয়ে ঝুঁকিপূর্ণ সময় ডেকে এনেছিল? কত কিছুই হতে পারে। কিন্তু এ সবই আন্দাজনির্ভর কথকতা। দৃশ্যমান নয়, যা এদিন জয়ের পক্ষে দৃশ্যমান ছিল, তা বিপক্ষীয় দুর্গের বিজয়াকাঙ্ক্ষা। ‘ব্ল্যাক ক্যাপ’দের দুঃসময়কে পরাভূত করে ঘুরে দাঁড়ানোর সাহসী প্রয়াস।দিন শুরুতেই নিউজিল্যান্ডের উইকেট খোয়ানো শুরু। দর্শক ভাবতে আরম্ভ করেছে আবার একটা একপেশে দিন। সন্ধ্যা না নামতেই বুঝি আজও বাড়ি ফিরতে হয়! সে আশঙ্কা বিনাশ করে রাইডার ও টেলর ইনিংস নির্মাণ করে দিলেন। ২২১ রানের পুঁজি এল। খুব বড় সংগ্রহ নয়। কিন্তু ওটাকেই যথেষ্ট মূল্য দিলেন ভেট্টোরিরা। লড়াই করার মহাপ্রেরণা ছিল ওই সংগ্রহে। দুই উইকেটে প্রতিপক্ষ শতরান পেরিয়ে গেলেও চিড় ধরেনি সে প্রেরণায়। পরিকল্পিত আক্রমণে উইকেটের নির্জীবতাকে কাজে লাগিয়ে ওরা ধৈর্যে স্থির থেকেছে। জ্যাক ক্যালিসের ক্ষণিক উচ্চাকাঙ্ক্ষা আর জ্যাকব ওরামের অবিস্মরণীয় ক্যাচ ওদের দেহভাষ্যে যোগ করেছে বিদ্যুতের চমক। বোলিং হয়েছে পরিকল্পিত নম্র ঘাতকের হাতিয়ার আর ফিল্ডিংয়ে ছাপা হয়েছে ক্ষিপ্র বাঘের স্বাক্ষর। উইকেট সংহারে দুর্বার হয়ে উঠেছে দলীয় সংহতি। সে আক্রমণের, সে অদম্য মনোভঙ্গির চাপ নিতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। হয়ে পড়েছে ঝুরঝুর বালিঝরা থাম। সে থামগুলো আর কতক্ষণ দুর্গ ঠেকায়। কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির চামড়া পোড়া শিক্ষা আছে মিরপুরের উইকেট সম্পর্কে। তিনি তা কাজে লাগিয়েছেন। বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও প্রধান কোচ জন রাইট তাঁদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য প্রশংসিত অবশ্যই হবেন। তবে আমার অকুণ্ঠ সাধুবাদ নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট লোকজনের জন্য, যাঁরা দলটির মানসিক দিক নিয়ে কাজ করেন। বিশ্বকাপপূর্ব নাজুক অবস্থা থেকে কী অবিশ্বাস্যভাবে তাঁরা পাল্টে দিয়েছেন দলের চেহারাটা!