অন্য রকম আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেবারেই অন্য রকম আয়োজন। অনুষ্ঠান বললে যেমন একটা লম্বা কর্মসূচির কথা মনে পড়ে, তেমন নয়। আবার অনানুষ্ঠানিক আয়োজনও নয়। আসল ব্যাপারটা হলো, হেমন্তের মৃদু শীতের সন্ধ্যায় সবুজ ঘাসে ঢাকা প্রাঙ্গণে চেনা-জানা, সুহূদ, প্রিয়জন, সহযাত্রী—সবাই মিলে হালকা খাবার ও কোমল পানীয়র সঙ্গে নানা কথার জাল বুনে খানিকটা সময় কাটানো।উপলক্ষ প্রথম আলোর চতুর্দশ বর্ষপূর্তি। সোনারগাঁও হোটেলের সুইমিংপুলের পূর্ব পাশে ওয়েসিস বলে যে সবুজ ঘাসে ঢাকা চত্বরটি রয়েছে, সেখানেই সুরভিত পুষ্প ও আলোর রুচিস্নিগ্ধ সজ্জায় সন্ধ্যা কাটানোর ব্যবস্থা। এখন তো বেলা গড়ালেই চটজলদি নেমে আসে সন্ধ্যার আবছায়া। বিকেল পাঁচটা মানে প্রায় সন্ধ্যাই। গতকাল শুক্রবার ছুটির দিনে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছিলেন ও রকম সময় থেকেই। প্রথম আলোর প্রকাশনা সংস্থা মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কর্মীরা স্বাগত জানিয়েছেন অতিথিদের।ওপরে শামিয়ানা। প্রাঙ্গণের পাশ দিয়ে কিছু চেয়ার পাতা। প্রবীণেরা সেখানে আসন গ্রহণ করেছেন। অতিথিরা ঘুরে ঘুরে ঘনিষ্ঠদের নিয়ে মেতে উঠেছেন নানা আলাপচারিতায়। মাঝখানে ছোট এক মঞ্চ। তাতে রক্তিম সূর্যের পাশে লেখা এবারের বর্ষপূর্তির স্লোগান, ‘বিশ্বজুড়ে বাংলা, বিশ্বজুড়ে প্রথম আলো’। দুই পাশে ডিজিটাল পর্দায় ফুটে উঠছিল প্রথম আলোর বহুমাত্রিক সামাজিক কর্মকাণ্ডের কিছু পরিচিতিমূলক ছবি। আর বাজছিল রবীন্দ্রনাথের গানের মৃদু সুর। এভাবেই সন্ধ্যা গড়িয়ে নেমেছে রাতের প্রথম প্রহর।অতিথি আগমনের বিরাম ছিল না। অতিথিদের মধ্যে ছিলেন মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের শীর্ষ পর্যায়ের নেতা, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, কূটনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী নেতা, নারীনেত্রী, ক্রীড়াবিদ থেকে শুরু করে সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের অগ্রগণ্যরা। পৌনে সাতটায় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক মঞ্চে এসে অতিথিদের শুভসন্ধ্যা জানিয়ে আনুষ্ঠানিকতার সূচনা করেন। প্রথম আলোর কার্যক্রম নিয়ে তিন মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এরপর তিনি মঞ্চে আসার আমন্ত্রণ জানান লতিফুর রহমানকে। খুবই অল্প কথায় বক্তব্য শেষ করেছেন তিনি। অতিথিদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ১৯৯৮ সালের ৪ নভেম্বর যখন প্রথম আলো প্রকাশিত হয়, তখন তার প্রচারসংখ্যা ছিল ৫২ হাজার। এখন ছাপা হচ্ছে সাড়ে পাঁচ লাখেরও বেশি। এই অগ্রগতি ও সাফল্য সম্ভব হয়েছে প্রথম আলোর সম্পাদকীয় নীতি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য। সম্পাদকের নেতৃত্বে প্রথম আলোর কর্মীরা একনিষ্ঠভাবে কাজ করে চলেছেন। তিনি পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, বিপণনকর্মীসহ সবাইকে ধন্যবাদ জানান।মতিউর রহমান অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, গত বছর জরিপকারী সংস্থার এক হিসাবে প্রতিদিন প্রথম আলোর পাঠকসংখ্যা হলো ৫৩ লাখের বেশি। সপ্তাহে পড়েন এক কোটি ১৪ লাখ মানুষ। ২০১২ সালের ন্যাশনাল মিডিয়ার জরিপের ফল পাওয়া গেলে পাঠকসংখ্যা আরও বাড়বে। এ ছাড়া বিশ্বের ১৯০টি দেশে অনলাইনে প্রথম আলো পড়েন প্রবাসী বাঙালিরা। এর সঙ্গে আছে ই-প্রথম আলো। এখন মুঠোফোনেও প্রথম আলো পড়া যায়। এই পাঠকসংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। অ্যালেক্সা রেটিংয়ে পৃথিবীর সব ভাষার সব ওয়েবসাইটের মধ্যে প্রথম আলোর অবস্থান ১৫২৪। বাংলা ভাষার ওয়েবসাইটের মধ্যে প্রথম আলোর অবস্থান শীর্ষে। এভাবে দেশে ও দেশের বাইরে সবার আগে বাংলাদেশের পতাকা বয়ে নিয়ে যাচ্ছে প্রথম আলো।এ ঘটনাকে অভূতপূর্ব উল্লেখ করে মতিউর রহমান বলেন, ‘সবাই দেশের অগ্রগতি দেখতে চায়। আজকের এই প্রীতিসম্মিলনে একটাই আহ্বান, আসুন, সবাই মিলে এক পতাকাতলে দাঁড়িয়ে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় অংশ নিই।’এরপরে ছিল শিল্পী সাদি মহম্মদের পরিচালনায় তপন মাহমুদ, পাপিয়া সারওয়ার, ফাহিম হোসেন চৌধুরী, মিতা হক, মহিউজ্জামান চৌধুরী, বুলবুল ইসলাম, লাইসা আহমেদ ও অদিতি মহসিনের গাওয়া রবীন্দ্রসংগীত। তাঁরা শোনালেন ‘আনন্দলোকে মঙ্গলালোকে’। এরপরই মঞ্চের আনুষ্ঠানিকতা শেষ। অতিথিরা পুরো মনোযোগী হলেন আলোচনায়।অতিথিদের মধ্যে যাঁরা ছিলেন: প্রথম আলোর বর্ষপূর্তির এই অনুষ্ঠানে অতিথি ছিলেন দুই সহস্রাধিক। তাঁদের মধ্যে ছিলেন: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা ফারুক মোহাম্মদ, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আব্দুল জলিল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, প্রবীণ আইনজীবী রফিক-উল হক প্রমুখ। বিএনপির নেতাদের মধ্যে ছিলেন: মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ফখরুল ইসলাম আলমগীর, মোরশেদ খান, সাদেক হোসেন খোকা, আবদুল আউয়াল মিন্টু, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, গণ ঐক্য সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, জাসদের শিরিন আক্তার, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনোসহ অনেকে।জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন: অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, মির্জ্জা আজিজুল ইসলাম, সুলতানা কামাল, রোকেয়া আফজাল রহমান, গীতি আরা সাফিয়া চৌধুরী, রাশেদা কে চৌধূরী, ইফতেখার আহমেদ চৌধুরী প্রমুখ।নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, আইনবিদ ড. কামাল হোসেন, অর্থনীতিবিদ রেহমান সোবহান, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, অধ্যাপক আনিসুজ্জামান। এ ছাড়া নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, শিল্পী কাইয়ুম চৌধুরী, অধ্যাপক আহমদ কবীর, দ্বিজেন শর্মা, সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায়চৌধুরী, আবুল বারক আলভী, ফরিদা জামান, অধ্যাপক এ কে আজাদ খান, বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক আইনুন নিশাত, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, নারী নেত্রী সালমা খান, রওনক জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।কূটনীতিকদের মধ্যে ছিলেন: মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা, পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াব কোরাইশিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও ডেপুটি হাইকমিশনার। ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন: আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, আফতাবুল ইসলাম প্রমুখ।এ ছাড়া ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, দুদক চেয়ারম্যান গোলাম রহমান।সাবেক ও বর্তমান পদস্থ সরকারি কর্মকর্তাদের মধ্যে ছিলেন: সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, এলজিআরডি সচিব আবু আলম মো. শহীদ খান, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোসতাক আহমেদ, ভূমিসচিব মোখলেসুর রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসচিব নজরুল ইসলাম খান, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, মৎস্যসচিব উজ্জ্বল বিকাশ দত্ত প্রমুখ।অতিথিদের মধ্যে আরও ছিলেন: প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, মাহবুবুল আলম, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, গোলাম সারওয়ার, আলমগীর মহিউদ্দিন, রিয়াজ উদ্দিন আহমেদ, হারুন হাবিব, মতিউর রহমান চৌধুরী, শাইখ সিরাজ, মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ প্রমুখ।সাহিত্যিকদের মধ্যে ছিলেন: ঔপন্যাসিক শওকত আলী, কবি বেলাল মোহাম্মদ, হাসনাত আবদুল হাই, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, হায়াৎ মামুদ, মোহাম্মাদ রফিকসহ অনেকে।অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজি এ কে এম শহিদুল হক, পুলিশের বিশেষ বিভাগের প্রধান জাবেদ পাটোয়ারী, অপরাধ গোয়েন্দা বিভাগের প্রধান মোখলেসুর রহমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল প্রমুখ। আরও উপস্থিত ছিলেন: ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু, জাদুশিল্পী জুয়েল আইচ, নির্মাতা আমজাদ হোসেন, সোহানুর রহমান, ক্যাথরিন মাসুদ, গিয়াস উদ্দিন সেলিম, অমিতাভ রেজা, অনিমেশ আইচ, রেদওয়ান রনি প্রমুখ।সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীদের মধ্যে ছিলেন: মোস্তাফা জামান আব্বাসী, সাংসদ আসাদুজ্জামান নূর, সাংসদ সারাহ্ বেগম কবরী, ফেরদৌসী রহমান, সুবীর নন্দী, তপন চৌধুরী, শাকিলা জাফর, ফাহমিদা নবী, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, শুভ্র দেব, আসিফ আকবর, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, তাহসান, ইবরার টিপু, কনা, এলিটা করিম, শফিক তুহিন, দিনাত জাহান, মিরানা জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, কেরামত মওলা, ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, মুনিরা ইউসুফ, নোবেল, ফেরদৌস, চঞ্চল চৌধুরী, ত্রপা মজুমদার, জয়া আহসান, শারমিন লাকি, শিমলা, ঈশিতা, তিশা, সুমাইয়া সিমু, মম, বিন্দু, সারিকা, ফারিয়া, মুনমুন, ফিমা, নিশো, ইমন, কিশোর, শাহেদ, অনন্ত জলিল, বর্ষা, সুমন পাটোয়ারীসহ অনেকে।