অন্য রকম একুশ পালন
অমর একুশকে এবার একটু অন্য রকমভাবে পালন করলেন রাজশাহীর নাটোরের পল্লি চিকিত্সক জাকির হোসেন। সকাল থেকেই ওষুধের ব্যাগের বদলে বইয়ের ব্যাগ নিয়ে বের হয়েছেন তিনি। অনেক দিন ধরেই তিনি খেয়াল করছিলেন আশপাশের গ্রামের বেশির ভাগ দরিদ্র পরিবারের সন্তানেরা দেরিতে স্কুলে ভর্তি হয়। আবার অনেকেই বিদ্যালয়ে যাওয়ার সুযোগই পায় না। গেলেও বাংলা বর্ণমালার সঙ্গে পরিচিত হতেই তাদের দীর্ঘকাল কেটে যায়। এ সমস্যা দূর করতে এবার নিজেই উদ্যোগ নিলেন তিনি।পল্লি চিকিত্সক জাকির গ্রামগুলোর ১১৭টি শিশুকে বর্ণমালা শিক্ষার বই দিয়ে এবার অমর একুশে উদযাপন করেছেন। বই দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে বাড়িতে একুশে ফেব্রুয়ারির গল্পও করছেন। স্থানীয় অধিবাসীরা জানায়, গত কয়েক দিন ধরে জাকির ডাক্তার রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দীঘা নওদাপাড়া, লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের লক্ষণবাড়িয়া, সাধুপাড়া, বোয়ালিয়াপাড়া ও বিলটুনাপাড়া গ্রামে ঘুরে ঘুরে ছোট বাচ্চাদের তালিকা করে বেড়াচ্ছিলেন। একুশে ফেব্রুয়ারি সকাল থেকেই তিনি সেই তালিকা ধরে বই বিতরণ করছেন। তাঁর এ উদ্যোগ গ্রামের মানুষের মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। এ ব্যাপারে জাকির হোসেন জানান, খেলতে খেলতেই শিশুরা বর্ণমালা চিনবে। এই উদ্দেশ্যেই তিনি বই বিতরণের ব্যবস্থা করেছেন।