অন্য রকম কারাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলখানার কয়েদিদের জন্য নতুন এক উদ্যোগ নিয়েছে গুজরাটের লাজপুর কেন্দ্রীয় কারাগার। এখন আর কারাগারে দীর্ঘ, অসহনীয় সময় কাটবে না। বরং শিক্ষামূলক, পেশাগত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি আয় করায় ব্যস্ত থাকবেন বন্দীরা। দেশের সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টায় এ উদ্যোগে নেওয়া হয়েছে। এ প্রচেষ্টার মধ্য দিয়ে কারাগার সম্পর্কে মানুষের সনাতন ধারণা অনেকটাই বদলে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কারাগার প্রাঙ্গণের পরিত্যক্ত জায়গায় কয়েদিদের জন্য নতুন ধরনের কিছু প্রশিক্ষণমূলক কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে।গুজরাট সরকার নির্মিত এই কারাগারটি সুরাটের কাছে লাজপুরে অবস্থিত। দুই লাখ ১৮ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত এই কারাগারে কয়েদিদের জন্য ক্রিকেট, ফুটবল, ভলিবল ও বাস্কেটবল খেলার ব্যবস্থা করা হয়েছে। খুব শিগগিরই তাঁদের হীরা পালিশ, কৃত্রিম জরি তৈরি, শাড়ি বোনা ইত্যাদি কাজের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। এগুলো কেবল বিশেষ দক্ষতা প্রতিষ্ঠার জন্য নয়; বরং ভবিষ্যতে কারাগার থেকে মুক্তির পর কেউ যেন কাজ করে খেতে পারেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছর ধরে, রাজ্য সরকার কারা উন্নয়ন ও কল্যাণের জন্য প্রাইভেট পাবলিক পার্টনারশিপ (পিপিপি) মডেল নিয়ে কাজ করছে। এ জন্য বিভিন্ন স্থানীয় বাণিজ্যিক ও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছে তারা।সম্প্রতি একটি এফএম রেডিও চ্যানেল আহমেদাবাদের কীভাবে রেডিওতে অনুষ্ঠান উপস্থাপনা করতে হবে, সে বিষয়ে ২৫ জন কয়েদিকে প্রশিক্ষণ দিয়েছে। লাজপুর কারাগারের সুপার নাজিভাই দেশাই বলেন, গুজরাটে কারাবাসীদের জন্য এ ধরনের পেশাগত ও শিক্ষামূলক প্রশিক্ষণ বেশ সহজলভ্য। বিশেষ করে ছোট কারাগারে।শুধু তা-ই নয়। কারাগার প্রাঙ্গণে ইন্দিরা গান্ধী ও বাবা সাহেব আম্বেদকার বিশ্ববিদ্যালয় দুটির স্টাডি সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া, কয়েদিদের আধ্যাত্মিক উন্নয়নের লক্ষ্যে আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের একটি শাখা প্রতিষ্ঠার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। এ তিনটি বিশ্ববিদ্যালয় স্বল্প ও দীর্ঘ মেয়াদের ভিত্তিতে কয়েদিদের শিক্ষামূলক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেছে।গুজরাট পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (কারা) পি সি ঠাকুর বলেন, ‘লাজপুর কারাগারের এই পরিবর্তন গুজরাট সরকারের উদ্ভাবনী ও সৃজনশীলতার সাক্ষ্য বহন করে। সমাজের সঙ্গে অপরাধীদের পুনরায় সমন্বয় ঘটানোই এর মূল লক্ষ্য।’লাজপুর কারাগারে একজন কয়েদির জন্য ব্যারাকের ৪৭ বর্গফুট এলাকা নির্ধারণ করা হয়েছে। যদিও আন্তর্জাতিক নীতি অনুসারে এর থেকে আরও সাত ফুট জায়গা তাঁদের জন্য বরাদ্দ রাখা উচিত। এই কারাগারে তিন হাজার কয়েদিকে রাখা যাবে। যদিও প্রাথমিকভাবে আছে দেড় হাজার।লাজপুর কারাগারে সংস্কারকাজের পাশাপাশি কড়া নিরাপত্তাব্যবস্থার প্রতিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিশ্ছিদ্র প্রহরার ব্যবস্থা নিশ্চিত করার জন্য কারাগারে ৮০০-র বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এসব প্রচেষ্টা বাস্তবায়িত হলে কারাগার আর কারাগার থাকবে না। এটি হবে একটি শোধনাগার। যেখানে কয়েদিদের পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করতে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।