অন্য রকম নারায়ণগঞ্জ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরের রেশ এখনো রয়ে গেছে নারায়ণগঞ্জ শহরে। যাঁরা ঈদ করতে এই শহর ছেড়ে গ্রামে গিয়েছিলেন, তাঁরা সবেমাত্র আসতে শুরু করেছেন। রাস্তায় যানবাহনের সংখ্যা এখনো কম। ফুটপাতে নেই পথচারীর ভিড়। ঈদের কর্মব্যস্ততা শেষে দোকানিরা একটু জিরিয়ে নিচ্ছেন। তাই বিপণিবিতানগুলো বন্ধ থাকছে। যেসব দোকান খোলা, সেগুলোয় ক্রেতা আসছে খুবই কম।যাঁরা শহরে ঈদ করেছেন, তাঁরা ছুটির অবসরে ছুটেছেন বিভিন্ন বিনোদনকেন্দ্রে। ভিড় দেখা গেছে, চাষাঢ়া শহীদ মিনার, খানপুর ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতাল, বিআইডব্লিউটিএর ৫ নম্বর ঘাটে। শহরের প্রেক্ষাগৃহগুলোয় যাচ্ছেন অনেকে। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর শহরের বেশ কিছু কসমেটিকসের দোকান খোলা ছিল। ঘুরতে বেরিয়ে অনেকেই এসব দোকানে কেনাকাটা করেছেন। কেউ কেউ সময় কাটিয়েছেন ফাস্টফুডের দোকানে।ফাঁকা শহরে অনেকেই ইচ্ছেমতো এদিক-সেদিক ঘুরছেন। এ বিষয়ে জামতলা এলাকার বাসিন্দা শিক্ষক ফারজানা আফরোজ জানান, শহর থেকে চিরচেনা যানজট উধাও। এ সময়ে রিকশায় ঘুরে ভালো লাগছে।শহরের খানপুর ২০০ শয্যা হাসপাতালের সামনের স্থানটিতে বেড়াতে এসেছিলেন আল্লামা ইকবাল রোড এলাকার হাবিবা আক্তার। সঙ্গে ছিল তাঁর সন্তানেরা। হাবিবা বলেন, ‘ঈদে এবার গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। তাই বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরিয়েছি। এখানে চটপটি ও ফুচকা খেয়েছি। শহরে বিনোদনের জন্য বড় কোনো উদ্যান নেই। নেই আধুনিক কোনো শিশুপার্ক। তাই খোলা হাওয়ায় ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো উপায় নেই।’শহরের চাষাঢ়া শহীদ মিনারে ঘুরতে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা চাকরিজীবী ইফতেখার আহম্মেদ জানান, গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু মহাসড়ক বেহাল থাকায় তাঁর গ্রামে যাওয়া হয়নি। গ্রামের বাড়িতে সবার সঙ্গে ঈদ করার আনন্দ আলাদা। শহরে স্ত্রী আর একমাত্র কন্যাকে নিয়ে ঘুরে অবসর কাটাচ্ছেন বলে তিনি জানান।বিনোদনের স্থানে ভিড়ঈদের ছুটিতে অনেকেই ছুুটছেন শহরের আশপাশের ঐতিহাসিকসহ বিভিন্ন দর্শনীয় স্থানে। এর মধ্যে রয়েছে সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘর, পানাম নগর, বাংলার তাজমহল, এক শ এক কক্ষের পোদ্দারবাড়ি, নীলকুঠি, হাজিগঞ্জ কেল্লা, মদনগঞ্জ কেল্লা, পাঁচ শ বছরের পুরোনো কারুকার্যময় গোয়ালদী মসজিদ, বাংলার স্বাধীন সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি, এ দেশে ইসলাম প্রচার করতে আসা পাঁচ পীরের পাশাপাশি মাজার, আধ্যাত্মিক সাধক ইব্রাহীম দানেশমান্দ (রহ.)-এর মাজার। কেউ কেউ শীতলক্ষ্যা নদীর বুকে নৌভ্রমণ করে সময় কাটাচ্ছেন।সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরের পরিচালক রবীন্দ্র গোপ জানান, ঈদের দিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাদুঘর খোলা ছিল। ঈদের পরদিন খোলা ছিল সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এখন দেশি-বিদেশি অনেক দর্শনার্থী জাদুঘরে আসছেন। সোনারগাঁয়ের জামপুরের ‘বাংলার তাজমহল’ নামের বিনোদনকেন্দ্রটি ঈদের দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা ছিল। বাংলার তাজমহলের সুপারভাইজার দেওয়ান মোহাম্মদ এলাহী জানান, ঈদে দর্শনার্থীদের আকৃষ্ট করতে তাজমহল নতুন করে সাজানো এবং বিশেষ আলোকসজ্জা করা হয়েছিল।রূপগঞ্জের রাসেল পার্ক, জিন্দা পার্ক ও পণ্ড গার্ডেন পিকনিক স্পটে এখন বিনোদনপিয়াসীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। শীতলক্ষ্যা নদীর কাঞ্চন সেতুর তীর ঘেঁষে গড়ে উঠেছে পণ্ড গার্ডেন পিকনিক স্পট। এখানে রয়েছে সুপার চেয়ার, ইঞ্জিন ট্রেন, আনন্দ ঘূর্ণন, হেলিকপ্টার, ব্যাটারি গাড়ি, দোলনা, ঢেঁকি প্রভৃতি। পার্কজুড়ে দেখা যায় চিত্রা হরিণ, বানর আর পাখিদের ছোটাছুটি। এ ছাড়া এখানে আছে হরেক রকমের জীবিত মাছ নিয়ে সাজানো ফিশ মিউজিয়াম।এদিকে নারায়ণগঞ্জের অদূরেই নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ঈদের দিন থেকে চালু হয়েছে ড্রিম হলিডে লিমিটেড নামে একটি থিমপার্ক। শহরের অনেকেই সেখানে বেড়াতে যাচ্ছেন। কেননা এত দিন এ ধরনের থিমপার্ক শহরের কাছে ছিল না। তখন সবাইকে ছুটতে হতো ঢাকা শহরের দিকে। শহরের কাছে নতুন এই থিমপার্ক চালু হওয়ায় এখন দিনে গিয়ে দিনেই সহজে ঘরে ফেরা যাবে।