অন্য রকম প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র।গত শুক্র ও শনিবার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে সেনাবাহিনীর স্ট্যাম্প, সিল, পরীক্ষার প্রশ্ন, উত্তরপত্র, স্বাস্থ্যগত পরীক্ষার সনদ, পুলিশের যাচাইপত্র, কয়েক শ চাকরিপ্রার্থীর জীবন-বৃত্তান্ত, চারটি কম্পিউটার, স্বর্ণালংকার ও নগদ ছয় লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া প্রতারকেরা হলেন মিঠুন ঘোষ ওরফে মেজর রফিকুল ওরফে মেজর সাকিল ওরফে মেজর মান্নান ওরফে অপু (৩৩), রাজু (২১), সুমন (১৮), মো. হাসান (২২), জালাল উদ্দিন (২২), বিউটি (২৫) ও রানু মণ্ডল (৩০)। গতকাল রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন। এ সময় প্রতারিত ২৫ ব্যক্তি ও সাত প্রতারককে হাজির করা হয়। অভিযান পরিচালনাকারী ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমান বলেন, প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। প্রতারণার শিকার ২৫ চাকরিপ্রার্থী ডিবির কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন। প্রযুক্তি ব্যবহার করে ডিবি নিশ্চিত হয়, প্রতারক চক্র খিলগাঁও এলাকায় অবস্থান করছে। এরপর অভিযান চালানো হয়।মশিউর রহমান জানান, গ্রেপ্তার হওয়া হাসান ও জালাল ছাড়া অন্য পাঁচজনের বাড়ি সাতক্ষীরার সদর উপজেলায়। প্রতারক চক্রের হোতা মিঠুন ঘোষ জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা সেনাবাহিনী, বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), ফায়ার সার্ভিস, রেলওয়ে ও খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করে রাখেন। পরে এসব নিয়োগ বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের কাছে বিতরণ করা হয়। তাঁরা চাকরিপ্রার্থীদের অভিভাবকদের প্রলুব্ধ করেন এই বলে যে, সেনাবাহিনী ও বিজিবির চাকরি পাওয়া কঠিন হলেও ঘুষের মাধ্যমে এসব কোটায় নিয়োগ দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। এরপর তাঁরা ঢাকায় ডেকে হোটেলে রেখে লিখিত পরীক্ষা নেন। স্বাস্থ্যগত পরীক্ষাও নেওয়া হয়। পরে প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে তাঁদের গোপনীয় প্রতিবেদন দেওয়ার জন্য ডাকযোগে পাঠানো হয়। এরপর একজন উপপরিদর্শক পরিদর্শনে যান প্রার্থীদের বাড়িতে। গোপনীয় প্রতিবেদন তৈরির পর প্রতারক চক্র টাকা খরচ করে তা হাতে হাতে নিয়ে আসে। পরে তারা প্রতিটি পদের জন্য আড়াই থেকে তিন লাখ টাকা নিয়ে চাকরিপ্রার্থীদের হাতে ভুয়া নিয়োগপত্র তুলে দেয়। এমন ২৫০টি নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে। শেষে চাকরিপ্রার্থীরা কাজে যোগ দিতে গিয়ে বুঝতে পারেন, তাঁদের নিয়োগপত্র ভুয়া, তাঁরা প্রতারিত হয়েছেন।ডিবির ওই কর্মকর্তা আরও বলেন, ভুয়া নিয়োগপত্রে বাংলাদেশ সেনাবাহিনীর লোগো ও সিল ব্যবহার করা হয়েছে। এতে নিয়োগকারী কর্মকর্তা হিসেবে সই করেছেন মেজর রফিকুল ইসলাম পরিচয়দানকারী প্রতারক মিঠুন ঘোষ। গ্রেপ্তার হওয়া প্রতারকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাবাদ করে গোটা চক্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে।প্রতারণার শিকার যশোরের কোটবাড়ীর বাসিন্দা মাসুদ জানান, সেনাবাহিনীতে চাকরি হবে এমন আশ্বাস পেয়ে তিনি টাকা দিতে রাজি হন। এপর ঢাকার গুলিস্তানে ইম্পিরিয়াল ও কমলাপুরের আল ইনসাফ হোটেলে স্বাস্থ্যগত ও লিখিত পরীক্ষা হয়। এরপর এসবি কর্মকর্তা গোপনীয় প্রতিবেদন করতে গ্রামের বাড়িতে গেলে তাঁকে তিন হাজার টাকা দেওয়া হয়। এরপর ঢাকায় ডেকে সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারী মিঠুন ঘোষের ব্যক্তিগত সহকারী পরিচয়দানকারী আরেক প্রতারক মান্নানের কাছে দুই লাখ ৯০ হাজার টাকা দিয়ে নিয়োগপত্র নেন। ভুয়া এই নিয়োগপত্র দেওয়ার সময় প্রত্যেকের কাছ থেকে মূল শিক্ষাগত সনদ জমা নেওয়া হয়। তাঁর মতো এমন আরও ২৫ জন এই অভিযোগ করেন।মিঠুন ঘোষ বলেন, দীর্ঘদিন বেকার থাকার কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন। প্রতিটি প্রার্থীর কাছ থেকে দুই থেকে তিন লাখ টাকা করে নিয়েছেন।