অন্য রকম বাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় গাছগাছালিতে ঘেরা ছিল ধানমন্ডি। এখন আর সে সুখ্যাতি নেই। তবে এখানে এলে এখনো চোখে পড়ে কষ্ট করে বেঁচে থাকা রুদ্রপলাশ, সোনাপাতি, হাপরমালি ও বাওবাবের মতো ফুলগাছ।ধানমন্ডির কবিভবন বা নজরুল ইনস্টিটিউটের আশপাশের পুরো এলাকা এক অনাবিল শান্তির পরশ বুলিয়ে দেয়। এখানকার বাড়িগুলোও নজরকাড়া। তবে আর সব বাড়ি থেকে আলাদা করে রাখা একটি বাড়ি ‘প্রিয়প্রিয়াঙ্গন’। ২১ কাঠা জায়গা নিয়ে গড়ে ওঠা বাড়িটিতে ১৯টি ইউনিট রয়েছে। ১৫ নম্বর সড়কের সেই ১৫ নম্বর বাড়িটি আর ১০টা বাড়ি থেকে আলাদা। গাছ, লতাপাতায় ছেয়ে থাকা বাড়িটি অন্য রকম পরিবেশ নিয়ে দাঁড়িয়ে আছে। ছয়তলা বাড়িটির একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত এসব লতাপাতা ঝুলে রয়েছে! বাড়িটির মালিক সাইফুল ইসলাম বাবুল একজন ব্যবসায়ী। দীর্ঘদিন গল্ফ খেলার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে দেশ-বিদেশের অনেক পুরস্কার। এখনো প্রতিদিন জিমে যান, নিজের কাজ নিজেই করেন। তাঁর অবয়বে শৌখিনতার আভরণ। আর বাড়িটির আনাচকানাচে ইতিহাস আর ঐতিহ্য মিলেমিশে একাকার।ছাদের ওপর সবুজ আঙিনাএকদিন সকালবেলা বাবুল তাঁর স্ত্রীকে নিয়ে নাশতা করছিলেন। নাশতার টেবিলে জন্ম নেয় নতুন একটি ধারণা। শহর থেকে ছায়াঘন সবুজ হারিয়ে যাচ্ছে। সবুজ মাঠ, উদ্যানের জায়গা দখল করছে সুউচ্চ সব অট্টালিকা। ফলে দিন দিন খোলা জায়গাও কমে আসছে। এই অবস্থায় স্বল্পপরিসরে কী করে সবুজ নিয়ে বাড়ি বানানো যায়! তখন বাবুল ঢাকার আজিমপুরে থাকেন। ভাবনাটা গভীরতা পায় এর কিছুদিনের মধ্যে তিনি কলকাতা বেড়াতে গেলে। সাবেক ভুটানরাজার চাচা রিম্প দর্জির সঙ্গে বন্ধুত্বের সুবাদে তাঁর ২৪তলা ভবনের ছাদে যাওয়ার সুযোগ ঘটে। সেখানে ছাদের ওপর চমৎ কার বাগান দেখে আকৃষ্ট হন তিনি। তখনই তিনি পরিকল্পনা আঁটতে থাকেন। এরপর ঢাকায় ফিরে শুরু করেন পরিকল্পনা বাস্তবায়নের কাজ। সেটা প্রায় ১৫ বছর আগের ঘটনা। মূল ভাবনা তাঁর নিজের হলেও তিনি পরামর্শক নিয়োগ করেন। শুরু হয় সাইফুলের স্বপ্ন পূরণের কাজ। ছাদের ওপর বাগান হবে, কাজ শুরু হয় সেভাবেই। হামিদ রিয়েল এস্টেট প্রিয়প্রিয়াঙ্গন নির্মাণের দায়িত্বে থাকলেও বাগানের জন্য আলাদা করে প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়। ছাদে লোড বেড়ে যাওয়ায় ভিত্তিসহ অন্যান্য ফ্লোরের নকশায় খানিকটা পরিবর্তন করা হয়। তারপর ছাদের ওপর তিনস্তরে ৩৫০ ট্রাক মাটি ফেলা হয়। এভাবেই এগিয়ে চলে বাগান তৈরির কাজ। এর পুরো কাজটা শেষ হয় ১৯৯৮ সালে।তবে সাইফুল এটাকে বাগান বলতে নারাজ। তাঁর মতে, ‘এটা প্রথমত লন। যাকে আমি নানা ধরনের পামগাছ দিয়ে সাজিয়েছি। বিভিন্ন প্রজাতির রঙ্গন আছে এখানে। আছে ঘণ্টাফুল, সৌদি খেজুরগাছসহ অজস্র মৌসুমি ফুল। এত কিছুর পরও বাগানের মূল হলো এখানকার ঘাস, যা দেখে একবারও মনে হবে না আপনি ছয়তলার ওপর দাঁড়িয়ে আছেন।’ছাদের সবুজ আঙিনায় বসার জন্য আছে চমৎ কার কিছু চেয়ার-টেবিল, আছে অসাধারণ কিছু ল্যাম্প পোস্ট। ছাদ-বাগান দেখভালের জন্য একজন ফুলটাইম মালী দায়িত্বে আছেন। তাঁকে সাহায্য করার জন্য আরও দুজন কাজ-সহকারী রয়েছেন। এত আয়োজনের পেছনে সাইফুল ইসলামের কথা হচ্ছে, ‘সবুজ প্রকৃতি চাই, ইট-পাথরের লোকালয় চাই না।’সমৃদ্ধ সংগ্রহশালাশৌখিন সাইফুল ইসলামের প্রিয়প্রিয়াঙ্গনকে ছাদ-বাগানসর্বস্ব ভাবলে ভুল হবে। বাড়ির অন্দরে গেলে একে সমৃদ্ধ এক সংগ্রহশালা মনে হতে বাধ্য। প্রায় ১৫০ বছরের পুরোনো খাটটিই তার প্রমাণ। ভেতরে আছে বিশাল দুটি মুভিরুম। বাড়ির প্রায় সব পাখা ফিলিপাইন থেকে আনা হয়েছে বলে জানান বাবুল। বসার ঘরগুলো আমেরিকার সব আসবাব দিয়ে সাজানো, যাতে শিল্পের ছোঁয়া স্পষ্ট। শিল্পী শাহাবুদ্দীনের অনেক শিল্পকর্ম আছে এখানে। কেউ এখানে এলে মনে হতে পারে, শাহাবুদ্দীনের প্রদর্শনীতে এসেছেন। বাড়ির পঞ্চমতলা আবার এস এম সুলতানের শিল্পকর্মে ভরা। শুধু ভালো লাগা আর ভালোবাসার জন্যই সাইফুল শিল্পকর্ম সংগ্রহ করেন বলে জানান। তিনি কুকুরও খুব পছন্দ করেন। তাঁর সংগ্রহে আছে গোল্ডেন গ্রেটডান, ডোবারম্যান, ল্যাবরেডর, জার্মান শেফার্ড প্রভৃতি ভিনদেশি কুকুর। তাঁর বাড়িতে বিখ্যাত সব বইয়ে ঠাসা দুটি পাঠাগারও আছে। যেগুলোয় আছে বিখ্যাত সায়েন্স ফিকশন লেখক আইজ্যাক আসিমভ; আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, জিমি কার্টার; টেলিভিশনব্যক্তিত্ব ল্যারি কিং; ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী সিমন প্যারেজের স্বাক্ষর-সংবলিত বই। সেসব বই চামড়া ও স্বর্ণ দিয়ে বাঁধাই করা। ‘পড়ার জন্য এসব সংগ্রহ, সাজানোর জন্য নয়। আমি সময় পেলেই লাইব্রেরিতে গিয়ে বসি।’ বলেন, সাইফুল ইসলাম। মৃদু হেসে যোগ করেন, ‘আমার এই সংগ্রহ, ছাদ-বাগান একদিন বিখ্যাত হোক, এ জন্য আমি বাগান করিনি। এসব আমার মনের খোরাক। আমি এভাবেই বড় হয়েছি। আমি চাই, সারা বাংলাদেশের ছাদে বাগান হোক, আর ঘরে ঘরে এমন লাইব্রেরি গড়ে উঠুক!’