অন্য রকম সচেতনতা
জলবায়ু নিয়ে সচেতনতা বাড়াতে এ যাবত্কালে কত রকম উদ্যোগ যে লক্ষ করা গেছে, তার কোনো ইয়ত্তা নেই। কিছুদিন আগেও জলবায়ুর বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচাতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ তাঁর ১৩ জন মন্ত্রীকে নিয়ে সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক করেছেন। কিন্তু এই শীতে বরফের পানিতে পাক্কা ১ ঘণ্টা ৪৪ মিনিট ডুবে থাকার কথা নিশ্চয়ই শোনেননি। আর অসাধ্য এই কাজটিই করেছেন হংকংয়ের ৫১ বছর বয়সী উইম হফ। তাহলে এবার জেনে নেওয়া যাক এই বরফমানবের কথা।গোটা বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে, ঠিক সেই সময়ই ‘বরফমানব’ উইম হফও উঠেপড়ে লেগেছেন সচেতনতা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য। শুধু তাই নয়, তামাম দুনিয়াকে তাক লাগানোর জন্য আগের সব রেকর্ড ভেঙে ফেলারও পরিকল্পনা নিয়েছেন বেপরোয়া এই ব্যক্তি। এরপর থেকে উঠেপড়ে লেগে গেলেন বরফের জলে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টায়। অনেক সাধনার পর গত বছর শুধু সাঁতারের পোশাক পরে টানা ১ ঘণ্টা ৪৪ মিনিট বরফের পানিতে ডুবে থেকে সবাইকে তাক লাগিয়েছিলেন। সে সময় পৃথিবীর সেরা বরফমানব হিসেবে গিনেস বুকে নিজের নাম লিখিয়েছিলেন। তবে রেকর্ডটি হাতছাড়া হতে তাঁর খুব বেশিদিন লাগেনি। এক মাসের মাথায় ওই রেকর্ড ছিনিয়ে নেন এক দম্পতি। মনেপ্রাণে এটা ঠিক মেনে নিতে পারছিলেন না হফ। তাই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার জন্য আবারও মরিয়া হয়ে উঠেছেন তিনি। তারই প্রথম ধাপ হিসেবে গত বুধবার তিনি বরফভর্তি একটি ট্যাংকে পাঁচ মিনিট ডুবেছিলেন।‘আমি যখন বরফের পানিতে ডুবে থাকি, তখন আর কিছুই ভাবতে পারি না। আসলে এটা একটা সাধনার বিষয়। শুধু জানি, আমি যদি মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারব’, বলছিলেন উইম হফ। ভবিষ্যতে যখন হংকংয়ে জলবায়ু নিয়ে সম্মেলন হবে, তখন আবারও নতুন করে গিনেস রেকর্ডের খাতায় নাম লেখানোর আশায় আছেন উইম হফ। সে লক্ষ্যেই তিনি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। জলবায়ু নিয়ে সচেতনতার পাশাপাশি তাঁর এই নতুন রেকর্ডে খোদ গিনেস কর্তৃপক্ষসহ তামাম দুনিয়াই হয়তো এবার আরেকটু নড়েচড়ে বসবে, এতে কোনো সন্দেহ নেই।—ওয়েবসাইট