অন্য রকম সাহসী ডুবুরি আবুল খায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কোনো নদীতে লঞ্চডুবির ঘটনা ঘটলে তার তীরে ভিড় করে স্বজনেরা। দুর্ঘটনার পর জীবিত স্বজনকে ফিরে পাওয়ার আশা ফিকে হয়ে আসে, তখন মৃত স্বজনকে পাওয়ার জন্য তাদের মধ্যে কাজ করে আকুলতা। তারা স্বজনের লাশটা চায়, চায় তাকে শ্রদ্ধায়-ভালোবাসায় সমাহিত করতে।আর স্বজনদের এ আবেগের কথা মাথায় রেখেই উদ্ধারকাজের সময় প্রতিটি ডুব দেন ডুবুরি আবুল খায়ের। মাত্র ২২ বছর বয়সে শুরু করেছিলেন ডুবুরির কাজ। আর গত ২২ বছর ধরে এ কাজ করে একটুও ক্লান্ত হননি ৪৪ বছরের খায়ের।গত সোমবার রাত আড়াইটার দিকে মালবাহী জাহাজের ধাক্কায় তিন শতাধিক যাত্রী নিয়ে শরীয়তপুর-১ লঞ্চটি গজারিয়ায় চর রমজান বেগে মেঘনা নদীতে তলিয়ে যায়। উদ্ধারকাজের জন্য ডাক পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের। সেই দলের হয়ে উদ্ধারকাজে অংশ নিতে আসেন খায়ের। গতকাল তিনি ১১টি লাশ উদ্ধার করেছিলেন। আজ বেলা দুইটা পর্যন্ত ১৬টি লাশ উদ্ধার করেছেন তিনি।আবুল খায়েরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ডুবুরি হিসেবে অসামান্য কৃতিত্বের জন্য ২০০৫ সালে জাতিসংঘের পুরস্কার পান তিনি। এ ছাড়া বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি ২০০৭ সালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পুরস্কার এবং ২০১০ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান। ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা আবুল খায়ের জানালেন, ‘দুর্ঘটনার পর স্বজনেরা লাশের জন্য অপেক্ষা করে। তখন লাশটি তুলতে পারলে মনে হয় ওই স্বজনদের অন্তত শেষ মুহূর্তের সান্ত্বনা দিতে পারছি। আর সেটুকুর জন্যই থাকে আমার প্রতিটি ডুব।’ উদ্ধারকাজের এক ফাঁক খায়ের জানালেন, ২০০৫ সালে আরিচায় ডুবে যাওয়া লঞ্চটি তিনিই প্রথম শনাক্ত করেছিলেন।