অন্য শাবনূর!
শাবনূর চোরাকারারি!এও কি সম্ভব? বাস্তবে নয়, রুপালি পর্দায় শাবনূর চোরাকারবারির চরিত্রে অভিনয় করছেন। ছবির নাম পাগল মানুষ। শাবনূর অভিনীত নতুন ছবি এটি। পরিচালনা করছেন এম এম সরকার। এ ছবির মাধ্যমেই শাবনূরকে দেখা যাবে এ ধরনের চরিত্রে অভিনয় করতে।২০ অক্টোবর এফডিসির ক্যানটিনের সামনে এ ছবির শুটিংয়ের মহরত অনুষ্ঠিত হয়। মহরতের পরপরই ছবির শুটিং করেন শাবনূর। বললেন, ‘অভিনয়ের ১৮টি বছর প্রেমিকা আর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। কিন্তু চোরাকারবারির কোনো চরিত্রে কাজ করা হয়নি। এই ছবিতে আমি মিশা সওদাগরের মেয়ের চরিত্রে অভিনয় করছি। এটিও আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা। মজার ব্যাপার হলো, অন্য ছবিগুলোয় মিশা ভাই আমার ওপর জুলুম করেছেন। এবার আমি তাঁর ওপর জুলুম করব। ছবির গল্পটি আসলে আমার কাছে ভালো লেগেছে বলে আমি এ ছবিতে কাজটা করছি।’এ ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করছেন শায়ের খান। জানা গেছে, আগামী তিন মাসের মধ্যেই এ ছবির শুটিং শেষ হবে।