অন্যকে বুঝুন নিজেকে বোঝান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নতুন কিংবা পুরোনো; কর্মক্ষেত্রে অনেক সময় আমরা নিজেকে উপস্থাপন করতে পারি না। বোঝাতে পারি না নিজেকে। তবে এর চেয়েও প্রয়োজন অন্যকে বোঝা। বেশির ভাগের সেই প্রবণতা নেই। সব সময় মনে করি, অন্যরাই বুঝবে। তখন ভুল বোঝাবুঝি থেকে শুরু করে ছোট-বড় সমস্যা দেখা দেয়।’ বলেন করপোরেট কোচের মুখ্য পরামর্শক যিশু তরফদার। তিনি বলেন, এসব এড়াতে প্রথমে আত্মোপলব্ধি দরকার। কারণ, একটা কর্মক্ষেত্রে নানা ধরনের মানুষের বিচরণ। তাদের মানসিকতার ভিন্নতা থাকে। তাই একই দৃষ্টিকোণ থেকে সবাইকে বিবেচনা করলে চলবে না। আর দিনের একটি বড় অংশ সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কাটাতে হয়। সে কারণে তাদের বোঝা খুবই প্রয়োজন। অফিসের পরিবেশ স্বাচ্ছন্দ্যময় করে তুলতে হবে। মাঝেমধ্যে সহকর্মীদের সঙ্গে আশপাশে কোথাও ঘুরতে যেতে পারেন। এতে পারস্পরিক সম্পর্কের ভিতটা মজবুত হবে। কাজের ফাঁকে চা-কফি খেতে পারেন। এক-আধটু গল্পও করা যেতে পারে। আসল কথা হলো, আবেগীয় বুদ্ধিমত্তার মাধ্যমে অন্যের মনে জায়গা করে নিতে হবে। হঠাৎ কোনো কারণে সহকর্মীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন। আপনি জানেন, খানিক পরেই হয়তো সে তার নিজের ভুল বুঝতে পারবে। সে সময়টুকু তাকে দিন। আবার যদি মনে করেন যে নিজের ভুল হয়েছে, কোনো কিছু না ভেবে তা স্বীকার করে ফেলুন। কাজের ক্ষেত্রে ব্যক্তিগত সংঘাত না করাই ভালো। আসলে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা থাকলে গুরুতর সমস্যার সমাধানও সহজে হয়ে যায়। দেখা গেল, আপনি কোনো কারণে বিচলিত। বোঝাপড়া না থাকলেও সেটি সহকর্মীরা কিছু না বলেও বুঝতে পারবে। ভালো ব্যবহার ও ইতিবাচক আচরণ দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা যায়। তাহলে আপনার অজান্তে কোনো নেতিবাচক আচরণ করে ফেললে তারা সেটি আমলে নেবে না। বুঝবে নিশ্চয়ই কোনো ঝামেলায় ছিলেন। মনোভাব বুঝতে পারার ক্ষমতা আপনাকে কর্মজীবনের উন্নতিকে আরেক ধাপ এগিয়ে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলরুবা আফরোজ মনে করেন, পারস্পরিক বোঝাপড়ার ক্ষমতা হুট করেই গড়ে ওঠে না। এর জন্য চর্চা প্রয়োজন। ছোট বেলা থেকেই অন্যকে বোঝার চেষ্টা করতে হবে। সহমর্মী হতে হবে। সাধনা করে এই আত্মিক উন্নতি ঘটাতে হবে। নিজেকে বুঝতে হবে। অনেক সময় নিজের ঘাটতি আমরা বুঝতে পারি না। ফলে সম্পর্কের অবনতি হয়।তিনি বলেন, অনেকেই কথা গুছিয়ে বলতে পারে না। এসব ক্ষেত্রে বন্ধুবান্ধব-সহকর্মীদের এগিয়ে আসতে হবে। তাদের সঙ্গে কথা শেয়ার করতে হবে। তাহলে দেখা যাবে, কর্মক্ষেত্রেও আপনার কথা শেয়ার করতে পারছেন। অন্যকে বোঝার জন্য আরেকটি বিষয় মেনে চলা খুব জরুরি, তা হলো মনোযোগী হওয়া। সহকর্মী ও উচ্চপদস্থদের যেকোনো কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কিছুদিন তাদের আচার-আচরণ, চলাফেরা পর্যবেক্ষণ করার চেষ্টা করুন। পুরোপুরি না হলেও অনেকখানিই বুঝতে পারবেন। একই প্রতিষ্ঠানে কাজ করলে সময়ের ব্যবধানে এক ধরনের সহমর্মিতা ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। এ ছাড়া প্রথমবার কোনো কথা বুঝতে না পারলে আবার জিজ্ঞাসা করে নিতে হবে। বিনয়ের সঙ্গে কোনো প্রশ্ন করলে অপর পক্ষও আনন্দের সঙ্গে তার উত্তর দেবে। নিজেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করলে অন্যরা ভালোভাবে নাও নিতে পারে। মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। যেকোনো সমস্যা, ভুল বোঝাবুঝির অবসানের জন্য খোলাখুলি আলোচনার কোনো বিকল্প নেই। এখানে দুই পক্ষেরই কথা বলার সুযোগ থাকে। অন্যের মনোস্তত্ত্ব বোঝার জন্য বইপত্র পড়া, নানা ধরনের অনুষ্ঠান, চলচ্চিত্র দেখা যেতে পারে। অভিজ্ঞ ব্যক্তিদেরও নিজেকে নতুনভাবে বোঝার চেষ্টা করতে হবে। নতুন সহকর্মীদের সাহায্য করার মানসিকতা থাকতে হবে। আপনি যার অধীনে কাজ করেন, তার সঙ্গে কথা বলার আগে নিজেকে একটু গুছিয়ে নিন। সহকর্মীদের থেকে বেশি প্রত্যাশা করবেন না। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। এভাবেই কর্মক্ষেত্রে বোঝাপড়ার সম্পর্ক তৈরি হবে।