অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই সুযোগ-সুবিধা পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের অন্যান্য স্বায়ত্তশায়িত বিশ্ববিদ্যালয়ের মতোই আর্থিক সুযোগ-সুবিধা পেতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণ কমিটির এক বৈঠকে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এই সিদ্ধান্তের বিষয়টি জানান।প্রশাসন জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা সংশোধনের দাবি জানিয়ে গত বছর ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়। গত ফেব্রুয়ারিতে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে নির্দেশ দেয়। পরে মঞ্জুরী কমিশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ওই ধারাটি সংশোধন না হওয়া পর্যন্ত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথকেও আর্থিক সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কমিশন গত সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করে।‘নিজেদের আয় থেকেই বিশ্ববিদ্যালয় চলবে’—এমন ব্যতিক্রমী আইনের মাধ্যমে ২০০৫ সালের ২০ অক্টোবর জগন্নাথ কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, প্রতিষ্ঠার পাঁচ বছর পর সরকারি অনুদান বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তবে প্রথম বছরেই আর্থিক সংকটের মুখে পড়ে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় দিয়ে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়াও সম্ভব হচ্ছে না। ফলে দীর্ঘ দিন ধরে আইন সংশোধনের চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এ দাবিতে শিক্ষার্থীরাও বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম করেছেন।উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এটা আমাদের প্রাথমিক বিজয়। এর ফলে আর্থিক সংকট কাটিয়ে বিশ্ববিদ্যালয় ভালোভাবে পরিচালনা করা যাবে।’ আইন সংশোধন প্রক্রিয়াও অনেক দূর এগিয়েছে বলে জানান তিনি।