অন্যান্য মাতৃভাষাও সংরক্ষণ ও গবেষণার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু নিজেদের মাতৃভাষা রক্ষা নয়, অন্যান্য মাতৃভাষাও সংরক্ষণ ও গবেষণা করতে হবে। এ বিষয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ব্যবস্থা নিতে হবে। গতকাল বৃহস্পতিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই অনুষ্ঠান হয়।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মাতৃভাষাকে আন্তর্জাতিক মর্যাদা দিতে সক্ষম হয়েছি। কাজেই আমাদের ওপর যে দায়িত্ব তাতে শুধু নিজের ভাষা রক্ষা নয়, মাতৃভাষা ইনস্টিটিউটকে অনুরোধ করব এমন ব্যবস্থা নিতে, যেখানে অন্যান্য মাতৃভাষাও সংরক্ষণ ও গবেষণা আরও কার্যকর হয়। কারণ, যে অর্জন, সেটাকে ধরে রাখতে হবে।’এ সময় শিক্ষানীতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় শিক্ষা অর্জনের ব্যবস্থা রাখা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলা ভাষা চর্চার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এখন মুঠোফোন আমদানি করার সময় বাংলা কি প্যাড থাকতে হবে। কম্পিউটারে বাংলা ভাষা সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য বাংলা ফন্ট ‘আমার বর্ণমালা’ চালু করা হয়েছে। শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, দেশের প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে চলবে এবং দেশ হবে অসাম্প্রদায়িক। যেখানে কোনো ধর্মের প্রতি কেউ কটূক্তি ও অপপ্রচার করতে পারবে না।’ এ সময় তিনি বিভিন্ন উৎসবের কথা উল্লেখ করে বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার—সেভাবেই আমরা দেশকে গড়ে তুলতে চাই। সঙ্গে সঙ্গে দারিদ্র্য দূর করে জনজীবনকে আরও উন্নত করা, কারও কাছে হাত না পেতে স্বউদ্যোগে দেশকে উন্নত করাও আমাদের লক্ষ্য।’ ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।সভাপতির বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হয়েছে। ফলে জাতি আবার জেগে উঠেছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক জীনাত ইমতিয়াজ আলী। মূল প্রবন্ধে রশীদ হায়দার বাংলা ভাষার বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।