অন্যায় আদেশ কেন মানিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ২ অক্টোবর ‘আইন অধিকার’ পাতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক ইপিসতা আক্তার যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ। তিনি জানতে চেয়েছেন অন্যায় আদেশটি কী ছিল? আমি ১৯৭৭ সালের ২৩ এপ্রিল নির্বাহী প্রকৌশলী (গনকু) বিএডিসি, রংপুর রিজিয়ন, রংপুর দপ্তরে পিয়ন-কাম-দারোয়ান হিসেবে সর্বপ্রথম কাজে যোগদান করি। কাজে যোগ দেওয়ার পরই বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীর কাছ থেকে সারা দিনই নানা অন্যায় আদেশ মানতে হতো। এমনকি স্যারদের স্ত্রীদের পরনের কাপড় ও অফিসের দরজা-জানালার পর্দাও ধুয়ে দিতে হতো। একপর্যায়ে আমাকে অফিস পিয়ন করা হয় এবং আমাকে রংপর সার্কেলে বদলি করেন। তিনি মাঝেমধ্যে তাঁর বাসার বাজার করা, তাঁর মেয়েকে স্কুলে আনা-নেওয়া করার কাজ করতে দেন। একবার তাঁর আত্মীয়স্বজন বেড়াতে আসেন। ওই কর্মকর্তা আমাকে তাঁর বাড়িতে রেখে যান আত্মীয়স্বজনদের দেখাশোনা করার জন্য। আত্মীয়স্বজনের অন্যায় আদেশ পালন করতে হতো। সিঁড়ির নিচে সামান্য জায়গায় শীতের দিনে একটি চাদর দিয়ে মেঝেতে থাকতে দিতেন আমাকে। যার জন্য দিনে তাঁদের দেখাশোনা করে রাতে বাড়ি চলে আসি। চার-পাঁচ দিন পর তিনি এসে এটা জানতে পেরে এতই রাগান্বিত হন যে পারলে আমাকে জেলে দেন। এরই জের ধরে শাস্তি হিসেবে সুদূর সহকারী প্রকৌশলী (সেচ), বিএডিসি ঠাকুরগাঁও জোনে বদলি করেন। অফিসে আমাকে রাতে থাকতে দেওয়া হতো না। উপস্থিত দিন হাজিরা খাতায় কেটে অনুপস্থিত করা হয়। ঈদের বোনাস দেওয়া হয় না। ১৯৮৮ সালের ৩১ মার্চ ঠাকুরগাঁও জোনাল অফিসে কর্মকর্তা ও একজন অফিস সহকারী ছিলেন এবং তিন-চারজন বহিরাগত ছিল। তাঁরা আমাকে দিয়ে ‘আমি নিউরোসিস রোগী, তাই চাকরি করতে অপারগ’ এই কথা লিখে পদত্যাগপত্র দিতে বাধ্য করেন। লিখে দিতে চাইনি বলে আমাকে বলা হয়, ‘তোকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, যাতে চাকরি ছেড়ে দিস। এখন তোকে দারোয়ান করা হয়েছে কেন জানিস? মালামাল চুরির দায়ে তোকে জেল খাটতে হবে, চাকরিও যাবে।’ আমি পদত্যাগপত্র লিখে দি।’ ইপিসতা আক্তার ঠিকই বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা নিম্ন কর্মচারীদের কেন ভয় পাবেন। বরং তাঁরা তাঁদের কর্তৃত্বের পরিসর আমাকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। ডাক্তারি সার্টিফিকেট কেন নেবেন? কিংবা ভুয়া সার্টিফিকেট তো নিতেও পারেন। তাঁরা মনে করেন, আনোয়ারুলের মতো নগণ্য কর্মচারী আমাদের কী করতে পারবে? অর্থ ও ক্ষমতা দিয়ে সবকিছু উল্টানো যায়। মো. আনোয়ারুল মোমিন, রংপুর।