প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে কেউ অন্যায় করলে তাঁকে শাস্তি পেতেই হবে। যত বড় নেতা-কর্মীই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা সব অন্যায়-অবিচারের বিপক্ষে। তাই ঘরের ভেতর থেকে শাসন শুরু না করলে বাইরে করব কীভাবে? এটা সবাইকে মনে রাখতে হবে।’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে গতকাল রোববার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।সভায় স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও দলের কিছু নেতা-কর্মীদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারের ভালো কাজ স্লান করে দিচ্ছেন দলের কিছু নেতা-কর্মী। জাতি আওয়ামী লীগের কাছ থেকে এমন ব্যবহার আশা করে না। আওয়ামী লীগের অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত করে এমন আচার-আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান সৈয়দ আশরাফ। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে নেতা-কর্মীদের মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা জানার পরামর্শ দিয়ে বলেন, ‘আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, জাতির জনক বঙ্গবন্ধু ভোগে নয়, ত্যাগে বিশ্বাসী ছিলেন।’২১ আগস্টের ঘটনায় বিএনপি জড়িত থাকার অভিযোগ করে শেখ হাসিনা বলেন, হামলাকারীরা যাতে নিরাপদে পালিয়ে যেতে পারে সে জন্য তত্কালীন সরকার-ব্যবস্থা নিয়েছিল। আলামত রক্ষা না করে ধ্বংস করেছিল তারা। ২১ আগস্ট গ্রেনেড হামলার একটাই কারণ, লুটপাট করা। তারা যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, বিদেশে টাকা পাচার করেছে তা ভোগ করার জন্যই তাঁকে হত্যা করতে চেয়েছিল বলে প্রধানমন্ত্রী দাবি করেন।প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি সব সময় খুনিদের আশ্রয়দাতা। খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনি রশিদকে ভোটারবিহীন নির্বাচনে সাংসদ বানিয়েছিলেন। আর এখন ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি আবদুস সালাম পিন্টুর ভাইকে ছাত্রদলের সভাপতি করেছেন। অথচ তাঁর ছাত্রত্বের বয়স নেই। খুনিকে উত্সাহিত করার জন্যই এটা করা হয়েছে। শেখ হাসিনা বলেন, বিএনপির জন্ম ’৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও জেলহত্যার মাধ্যমে। জিয়া অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছিলেন। এই অবৈধ ক্ষমতা দখলের ফসল হচ্ছে বিএনপি-জামায়াত। এদের রাজনীতি গণতন্ত্রের জন্য নয়। এরা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, শেখ হাসিনা ও দলের শীর্ষনেতাদের হত্যা করলে আওয়ামী লীগ টিকবে না—এই চিন্তা থেকেই গ্রেনেড হামলা চালানো হয়। হত্যা-সন্ত্রাস বন্ধ না হলে গণতন্ত্র টিকবে না।সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, রাষ্ট্র ও সরকার যখন ঘাতক হয়, সেখানে বেঁচে থাকা খুব কঠিন। তাই সতর্ক হয়ে চলতে হবে সবাইকে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক প্রমুখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, সতীশ চন্দ্র রায়, উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।