প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলমান বিদ্যুৎ, গ্যাস ও যানজটের সমস্যা নিরসনে সরকার সম্ভাব্য সবকিছু করছে। অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘কোনো অন্যায়-অবিচার হলে আমরা ব্যবস্থা নেব। অন্যায় করলে আমি নিজ দলের লোকদেরও ছাড়ব না।’ গতকাল শনিবার হোটেল শেরাটনে তিন দিনব্যাপী টেক্সবাংলা ২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) টেক্সবাংলা ২০১০ নামে বস্ত্র খাতের প্রদর্শনীর আয়োজন করে। অদূর ভবিষ্যতে বস্ত্র খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।শেখ হাসিনা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ এ খাতের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘সরকারপ্রধান হিসেবে আমি সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের প্রযুক্তিগত সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।’ তিনি বলেন, বর্তমান সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে চায়।প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় তাঁর সরকার ইতিমধ্যে সাড়ে তিন হাজার কোটি টাকা প্রণোদনার ঘোষণা দিয়েছে। তা ছাড়া বস্ত্র খাতের জন্য ব্যাংক থেকে নেওয়া ঋণের বিপরীতে সুদের পরিমাণ ১৩ থেকে ১০ শতাংশে কমিয়ে আনা হয়েছে।গ্যাস ও বিদ্যুৎসংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎসংকটের কারণে বস্ত্র খাতে উৎপাদন ও বিনিয়োগ ব্যাহত হচ্ছে। এ সমস্যা তাঁর সরকারের সময় তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের আগের সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলো ২০০১ সালের পর বাস্তবায়ন করা হলে ২০০৯ সালের মধ্যে দেশে অন্তত ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো। এ বিদ্যুৎ উৎপাদিত হলে আমাদের চলমান বিদ্যুৎসংকট মোকাবিলা করতে হতো না।’ তিনি উল্লেখ করেন, গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবছর আট শতাংশ হারে বিদ্যুতের চাহিদা বাড়ছে—কথাটি মাথায় রেখে আমাদের গত সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন এক হাজার ৬০০ মেগাওয়াট থেকে বাড়িয়ে আমরা চার হাজার ৩০০ মেগাওয়াট করেছি।’আন্তর্জাতিক বাজারে সুতার সংকটের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘স্থানীয়ভাবে সুতা উৎপাদনের ব্যাপারে এখনই আমাদের টেক্সটাইল কারখানার মালিকদের ভাবতে হবে।’ গ্যাস-সংকট মোকাবিলায় গ্যাস অনুসন্ধানের প্রসঙ্গে তিনি বলেন, তাঁর সরকার এখন গ্যাস অনুসন্ধানে সক্ষমতা অর্জনে কাজ করছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বিটিএমএর সাবেক সভাপতি সালমান এফ রহমান ও বর্তমান সভাপতি আবদুল হাই সরকার বক্তৃতা করেন।