সাংবাদিকদের প্রতি প্রধানমন্ত্রী
অন্যায় হলে সমালোচনা করুন, মিথ্যা অপপ্রচার গ্রহণযোগ্য নয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচকদের উদ্দেশে বলেছেন, সরকারের অন্যায় হলে বা সরকার সঠিক কাজ না করলে সমালোচনা করুন। কিন্তু মিথ্যা অপপ্রচার গ্রহণযোগ্য নয়। এমনভাবে সমালোচনা করতে হবে যাতে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকে।আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের দেওয়া ইফতার পার্টিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘অপরাধী দল বা দলের বাইরে যে-ই হোক না কেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। বিগত সময় অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের তদন্ত বা বিচার হয়নি।’ তাঁর সরকার এগুলো খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত চলছে। যেখানে ক্লু পাওয়া যাচ্ছে, তদন্ত করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের বিচার হবেই। তিনি বলেন, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার তদন্ত চলছে; এর বিচারকাজও শেষ করবে সরকার।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার সন্ত্রাসবিরোধী অবস্থান ধরে রাখবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। সামরিক শাসন অবৈধ ঘোষণা করে সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী সম্পর্কে তিনি বলেন, ‘গণতন্ত্র সংহত ও সাংবিধানিক শাসনব্যবস্থার ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে এটা একটা সুযোগ হিসেবে দেখছি।’ইফতার পার্টিতে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, আলতাফ মাহমুদ, শাহ আলমগীর, আকতার ইউসুফসহ সাংবাদিক নেতা ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।