যুদ্ধাপরাধীদের বিচার করলে পানি-বিদ্যুৎ আসবে কি না—সরকারের কাছে সেই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। আজ শনিবার রাজধানীর প্রেসক্লাবে চিরন্তন বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত ‘মুক্তিযুদ্ধ-যুদ্ধাপরাধ ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।হান্নান শাহ বলেন, ‘সরকার এখন ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের কথা বলছে। অথচ সেই বিচার করার নৈতিক অধিকার তাদের নেই।’ তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় প্রতিপক্ষকে ঘায়েল করতে অন্যায়ভাবে এ বিচার শুরু করেছে সরকার।পিলখানা হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে হান্নান শাহ বলেন, ওই হত্যাকাণ্ড এড়াতে সরকার কার্যকর ব্যবস্থা না নিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে। এ অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীনদের বিচার হওয়া উচিত। বিএনপি ক্ষমতায় গেলে এসব মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁদের বিচার করা হবে বলে তিনি জানান। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর রায় মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের দিকে ইঙ্গিত করে বলেন, এর মধ্য দিয়ে অবিচারকে আইনসিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে সরকার।