অন্যের কাছে হাত পাততে চাই না (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বারবার অন্যের কাছে হাত পাততে চাই না। অন্যের কাছে ধার নেব, আর তাদের সবক শুনতে হবে—এ অবস্থা চাই না।’ আজ শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৪তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধে যদি বিজয় অর্জন করতে পারি, অর্থনৈতিক যুদ্ধে কেন বিজয় অর্জন করতে পারব না। আমাদের একটাই শত্রু—দারিদ্র্য।’আধা ঘণ্টার বক্তব্যে শেখ হাসিনা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলেন। দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডে মনোযোগী হতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদের যে প্রাকৃতিক ও মানবসম্পদ আছে তা ব্যবহার করেই এগিয়ে যেতে হবে।’দারিদ্র্যই বাংলাদেশের একমাত্র শত্রু মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ৪১ বছর আগে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু ধারাবাহিক গণতন্ত্র না থাকায় দেশ পিছিয়ে পড়েছে। গণতন্ত্র ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘এ দেশে যখনই জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, তখনই উন্নতি হয়েছে। কিন্তু সে সময়টা খুব অল্প।’২০১৬ সালের মধ্যে আরও পাঁচ হাজার ৪৮ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সব সময় উত্তরাধিকারসূত্রে বিদ্যুতের সমস্যা পাই। ১৯৯৬ সালে সরকার গঠনের সময় দেশে বিদ্যুতের উৎপাদন ছিল এক হাজার ৭০০ মেগাওয়াট। পাঁচ বছরে আমরা তা চার হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত করি। এবার দায়িত্ব নিয়ে দেখলাম উত্পাদন কমে তিন হাজার ২০০ মেগাওয়াট হয়েছে।’ সরকার অতি দ্রুত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প নিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইইবির সভাপতি মো. নূরুল হুদা, সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মোহাম্মদ হারুন ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব এম এ রশীদ। অনুষ্ঠানে ৩১ জন প্রকৌশলীকে পিইঞ্জ সনদ ও ৪০ জনকে এএমআইই সনদ দেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে যান। সেখানে অনলাইনে পাঁচটি প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। পরে বিকেলে রাঙ্গুনিয়ায় বন্ধ থাকা একটি পাট ও কার্পেট মিল আবার উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।