অন্যের কাজে বাধা না দিয়ে হরতাল করলে আপত্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধী দলের ডাকা রোববারের হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, অন্যের কাজে বাধা না দিয়ে কোনো ব্যক্তি বা দল হরতাল করলে কোনো আপত্তি নেই। কিন্তু হরতালের মোড়কে যদি পরিবহন নষ্ট করে, দোকানপাট জোর করে বন্ধ করে, মানুষকে নির্যাতন করে এবং সড়কে পরিবহন চলাচল বন্ধ করে তাহলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আজ শুক্রবার বিকেলে চাঁদপুরের শাহরাস্তির এক বৌভাত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে দুপুরে চাঁদপুরের শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ের মাঠে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাঁরা জামায়াত-শিবিরকে সমর্থন করেন, তাঁরাও সমান অপরাধী। বিরোধী দল বেইমান, নাফরমান, তাই তাঁরা যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন।’ মন্ত্রী বলেন, ‘ভাইয়েরা আমার, একটি স্লোগান আছে। সেটি হলো, “জামায়াত-শিবির-রাজাকার, এ মুহূর্তে বাংলা ছাড়”। এই স্লোগানকে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। কাজেই এ বিচার হবেই হবে। কারণ তারা এ দেশে যুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন, ধর্ষণের মতো অপকর্ম চালিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া যাঁরা বাধাগ্রস্ত করছেন, তাঁদের আমরা কঠিন হস্তে প্রতিহত করব। এঁদের বাংলাদেশ কখনো ছাড় দেবে না।’এ সময় সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান মো. সোহরাব হোসেন প্রমুখ। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে তিনি চাঁদপুরে মেঘদাইর কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।