অন্যের দুর্নীতির দায় বিচারকদের ওপর চাপানো হয়েছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিআইবির সাম্প্রতিক প্রতিবেদনে অন্যদের দুর্নীতির দায় বিচারকদের ওপর চাপানো হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আজ শনিবার রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশে গণমাধ্যম আইন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।নর্দান ইউনিভার্সিটি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী জানান, পাঁচ বিচারক নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের কমিটি টিআইবির জরিপ-সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত মূল্যায়ন করে দেখেছে, প্রতিষ্ঠানটির তথ্যের ওপর নির্ভর করে বিচার বিভাগে এবং বিচারপতিদের কাউকে ঘুষ বা হয়রানির সঙ্গে জড়িত বলে শনাক্ত করা সম্ভব হয়নি।জনমত জরিপের ভিত্তিতে টিআইবির এক প্রতিবেদনে বিচার বিভাগকে ব্যাপক দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করায় তা সংশ্লিষ্ট মহলে ক্ষোভের সঞ্চার করে। এর পরিপ্রেক্ষিতে ওই পর্যালোচনা কমিটি গঠন করা হয়।এ ছাড়া আইনমন্ত্রী সংবাদ পরিবেশনের সময় সততা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। আদালত অবমাননা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকেরা অবশ্যই বিচারের রায় নিয়ে সমালোচনা বা আলোচনা করতে পারেন, কিন্তু কখনোই সংশ্লিষ্ট বিচারক বা বিচারপতিদের নিয়ে বিদ্রূপাত্মক বা মানহানিকর বা কোনো ধরনের সমালোচনা করতে পারবেন না।সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এ ডব্লিউ এম আবদুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্যেষ্ঠ প্রভাষক খন্দকার এম এস কাওসার।