ভাঙা বাঁ হাত ও ডান পা নিয়ে বসে ছিলেন আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডের কর্মী সুমি বেগম। গত ২৪ নভেম্বর আগুন থেকে বাঁচতে কারখানার তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে আহত হন তিনি। অর্থাভাবে যথাযথ চিকিৎসা হয়নি। পাওনা নিতে অন্যের সহযোগিতায় গতকাল বুধবার এসেছিলেন টঙ্গীর শিল্প সম্পর্ক শিক্ষায়তন (আইআরআই) মাঠে।অন্যের সহযোগিতায় সেখানে এসেছিলেন আরও অর্ধশতাধিক আহত শ্রমিক। পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনসের শ্রমিকদের পাওনা গতকাল আইআরআই মাঠে পরিশোধ করা হয়েছে।বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, গতকাল তাজরীন ফ্যাশনসের এক হাজার ২১৮ জন শ্রমিকের পাওনাদি পরিশোধ করা হয়েছে। সকালে ভাড়া করা বাসে শ্রমিকদের আশুলিয়া থেকে টঙ্গীতে আইআরআই মাঠে আনা হয়। কারখানার সারি অনুযায়ী তাঁদের বসানো হয়। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ কয়েকজন শ্রমিককে টাকা দিয়ে পাওনা পরিশোধ শুরু করেন। এ সময় সাংসদ ইসরাফিল আলম, সাংসদ জাহিদ আহসান, সাংসদ তালুকদার মো. তৌহিদ জং, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান, বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনসহ অন্য নেতারা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।১৮টি বুথের মাধ্যমে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়। শ্রমিকেরা শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী ছাঁটাইয়ের আর্থিক সুবিধা পেয়েছেন। যাঁরা এক বছরের কম কাজ করেছেন, তাঁদের নভেম্বরের বেতনের সঙ্গে এক মাসের মূল বেতন এবং যাঁরা তিন মাসের কম কাজ করেছেন, তাঁদের বেতনের সঙ্গে অতিরিক্ত এক হাজার টাকা করে দেওয়া হয়। অপারেটর পদে এক থেকে দুই বছর কাজ করা একজন শ্রমিক ১১ থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত পেয়েছেন। তবে কয়েকজন শ্রমিক কম টাকা পাওয়ারও অভিযোগ করেন। তালিকায় নাম না থাকায় বা নাম ভুল থাকায় কয়েকজন শ্রমিক টাকা পাননি।বিজিএমইএর শ্রমশিক্ষা ও কল্যাণবিষয়ক কমিটির সভাপতি আবদুল আহাদ আনসারী বলেন, গতকাল এক কোটি ১০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের তালিকা করা হয়েছে। আজ বৃহস্পতিবার নিশ্চিন্তপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁদের পাওনা পরিশোধ করা হবে। যাঁরা কম পেয়েছেন বলে অভিযোগ করেছেন, তাঁদের বিষয়টি পুনর্বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করে পরিচয়পত্র জমা এবং একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়া হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, ‘৩ ডিসেম্বর বিজিএমইএতে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ছাঁটাইজনিত সমুদয় ও চূড়ান্ত পাওনা বুঝে পেলাম।’এসেছিলেন আহত শ্রমিকেরা: পাওনা নিতে সুমির মতো অন্যের সহযোগিতায় এসেছিলেন আহত রমিছা বেগম, সান্ত্বনা আক্তার, পলি বেগমসহ অনেকে। রমিছাকে দুই সহকর্মী কোলে করে বাস থেকে নামিয়ে মাঠে আনেন। দুই হাতই ভেঙেছে সান্ত্বনার।আহত শ্রমিকদের সবাই বলেন, নিজের টাকায় চিকিৎসা করাতে হচ্ছে। অনেকে চিকিৎসার জন্য ধার করেছেন, ওই ধার শোধ করতেই এই টাকা চলে যাবে।জানতে চাইলে বিজিএমইএর আবদুল আহাদ আনসারী বলেন, বিজিএমইএর অন্য একটি দল আহতদের তালিকা করছে। এঁদের সবাইকেই যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে।এসেছিল সিয়াম, রুমি: গত ১১ অক্টোবর জন্ম সিয়ামের। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে নভেম্বরে কাজে যোগ দিয়েছিলেন সিয়ামের মা মেরিনা আক্তার। আগুন লাগার পর বের হতে পারেননি তিনি। পুড়ে যাওয়া লাশগুলোর মধ্যে স্ত্রীর লাশ শনাক্ত করতে পারেননি তাঁর স্বামী রুহুল আমিন। দাদি আনোয়ারা বেগমের কোলে চড়ে সিয়াম এসেছিল মায়ের পাওনা নিতে। নিখোঁজ মা নাজমা খাতুনের পাওনা বুঝে নিতে বাবার সঙ্গে এসেছিল সাত বছরের রুমি। তবে তালিকায় নাম না থাকায় তারা টাকা পায়নি।