অনড় অবস্থানে বৈমানিকরা, ৪৮ ঘণ্টার আলটিমেটাম বিমান কর্তৃপক্ষের
আন্দোলনরত পাইলটদের কাজে যোগ দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। এর মধ্যে কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকিউল ইসলাম এ কথা জানান।প্রসঙ্গত, অবসরের বয়স বৃদ্ধির প্রতিবাদে এবং ইনসুরেন্স, পুনর্বাসন প্রভৃতি দাবিতে পাইলটরা দুই সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের অংশ হিসেবে অসুস্থতার ছুটি নিয়ে ৪৬ জন পাইলট কাজ থেকে বিরত রয়েছেন। সংবাদ সম্মেলনে মোহাম্মদ জাকিউল ইসলাম জানান, পাইলটরা অযৌক্তিকভাবে কাজ থেকে বিরত রয়েছেন। এর ফলে বিমান চলাচলে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর পাইলটদের দাবি দাওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন। তাই আদালতই এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। তিনি বলেন, বিমান-ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় তাঁদের অবস্থান পরিষ্কার। কেউ নিয়ম-শৃঙ্খলার ব্যত্যয় ঘটাতে চাইলে তা কঠোর হস্তে দমন করা হবে। চলমান এ সমস্যায় যাত্রীদের দুর্ভোগের দায় বাংলাদেশ বিমান নেবে বলেও জানান তিনি।এদিকে পাইলটদের বিরুদ্ধে জারি করা শাস্তিমূলক ব্যবস্থা নিঃশর্তভাবে প্রত্যাহার করা না হলে তাঁরা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)। বাপার সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম বাসিত আজ সাংবাদিকদের জানান, তাঁরা সমঝোতা ও আলোচনার জন্য প্রস্তুত। তবে তাঁদের বিরুদ্ধে জারি করা শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা না হলে তাঁরা কাজে যোগ দেবেন না। ইউএনবি