অনড় মসিউর রহমান, অনিশ্চিত পদ্মা সেতু
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ছুটিতে গিয়ে শেষ শর্তটি পূরণ করলে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি পুনর্বহাল করবে। অনানুষ্ঠানিকভাবে এ কথা বিশ্বব্যাংক বাংলাদেশকে জানিয়ে দিয়েছে। এমনকি শর্ত পূরণ করার পর আলোচনা শুরুর প্রক্রিয়াও বাংলাদেশকে জানিয়েছে বিশ্বব্যাংক।তবে সবকিছুই নির্ভর করছে মসিউর রহমানের সিদ্ধান্তের ওপর। তিনি পদত্যাগ করবেন না বলে এখনো অনড় রয়েছেন। অর্থমন্ত্রীসহ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এবং মসিউরের ঘনিষ্ঠজনেরা পদ্মা সেতু ও দেশের স্বার্থে তাঁকে ছুটিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এমনকি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপানের উন্নয়ন সংস্থার (জাইকা) প্রতিনিধিরাও তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তিনি কারও কথাই শোনেননি, বরং প্রধানমন্ত্রী সরাসরি না বলায় মসিউর উপদেষ্টার পদ থেকে সরে যাবেন না বলে জানা গেছে।সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রীকে বিশ্বব্যাংকের শেষ শর্তটির কথা জানানো হলেও তিনি মসিউরকে ছুটিতে যেতে বলেননি। আর এ কারণেই মসিউর কারও পরামর্শ শুনছেন না, বরং তিনি পাল্টা বিশ্বব্যাংককে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ চেয়েছেন তিনি। প্রমাণ দিতে না পারলে মামলা করার কথাও চিঠিতে উল্লেখ আছে বলে অসমর্থিত সূত্রে জানা যায়।এদিকে, সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকেও পদ্মা সেতুর স্বার্থে মসিউর রহমানকে ছুটিতে পাঠাতে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই আহ্বান জানালে দলের অন্য নেতারাও তাতে সমর্থন দেন। এরপর বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া হয়।দেশের বৃহত্তম এই প্রকল্পের জন্য সময় আছে মাত্র পাঁচ দিন। ২১ সেপ্টেম্বর জাইকার ঋণচুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ শর্ত পূরণ করে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকাকে চিঠি না দিলে ঋণচুক্তি আর পুনর্বহাল হচ্ছে না। যদিও এডিবির ঋণের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকছে। কিন্তু একটি দাতা সংস্থা ঋণচুক্তি বাতিল করলেই এর প্রভাব অন্য দাতাদের ওপর পড়ে।সূত্র জানায়, বাংলাদেশে বিশ্বব্যাংকের পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন ২১ সেপ্টেম্বরের আগে ওয়াশিংটনে যেতে পারেন। পদ্মা সেতু নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য তিনি যাবেন বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। যদি বাংলাদেশ শর্ত পূরণ করে, তা হলে আগামী জানুয়ারি মাসেই কাজ শুরু করা যাবে বলে সরকারকে জানানো হয়েছে।বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছ থেকে সবচেয়ে সহজ শর্তে ঋণ পায় বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ থেকে। এই চুক্তিতে ঋণচুক্তি বাতিল করে আবার পুনর্বহালের উদাহরণ আর নেই। তবে পদ্মা সেতু প্রশ্নে বিশ্বব্যাংক এখন অনেকটাই নমনীয় বলে জানা গেছে। ফলে শর্ত পূরণ হলে বাতিল করা পদ্মা সেতুই হবে বিশ্বের প্রথম ঋণচুক্তি পুনর্বহালের উদাহরণ।সরকারের একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিশ্বব্যাংককে দেওয়ার জন্য একটি চিঠির খসড়াও তৈরি করে রেখেছে। কিন্তু মসিউর রহমান এখনো বহাল থাকায় সেই চিঠি দেওয়া যাচ্ছে না। ফলে পুরো পদ্মা সেতু প্রকল্প এখন নির্ভর করে আছে অর্থ উপদেষ্টার সিদ্ধান্তের ওপর। বিশ্বব্যাংক সূত্রে জানা গেছে, পদ্মা সেতু নিয়ে দুর্নীতির ষড়যন্ত্রের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে যাতে সুষ্ঠু, স্বচ্ছ এবং কারও হস্তক্ষেপ ছাড়াই তদন্ত সম্পন্ন হতে পারে, সে লক্ষ্যেই চারটি শর্ত দেওয়া হয়েছিল। এর কোনো একটি শর্ত পূরণ না হলে ঋণচুক্তি পুনর্বহালের কোনো সুযোগ থাকবে না। জানা গেছে, অন্য দুই প্রধান দাতা এডিবি ও জাইকা একই মনোভাব সরকারকে জানিয়েছে।গত ২৯ জুন বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করে কড়া ভাষায় একটি বিবৃতি দিয়েছিল। চারটি শর্ত পূরণ না হওয়ায় ঋণচুক্তি বাতিল করার কথাও দাতা সংস্থাটি বলেছিল। শর্তগুলো ছিল: যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের পদত্যাগ বা ছুটি প্রদান; অভিযোগ তদন্তের জন্য দুদকের অধীনে একটি বিশেষ তদন্ত দল নিয়োগ; আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিশ্বব্যাংকের নিয়োগ করা একটি প্যানেল তৈরি এবং প্যানেলের কাছে তদন্তসংশ্লিষ্ট সব তথ্যের পূর্ণ ও পর্যাপ্ত প্রবেশাধিকার, যাতে এই প্যানেল তদন্তের অগ্রগতি, ব্যাপকতা ও সুষ্ঠুতার ব্যাপারে উন্নয়ন-সহযোগীদের নির্দেশনা দিতে পারে।এই বিবৃতির পর সরকার নিজস্ব অর্থে পদ্মা সেতু তৈরির উদ্যোগও নেয়। সাধারণ মানুষের একটি বড় অংশ এই উদ্যোগে সমর্থন দিয়েছিল। তবে সরকার সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে। কারণ, নিজস্ব অর্থে পদ্মা সেতু তৈরি করা হলে অর্থনীতিতে দায় বাড়বে, প্রয়োজনীয় অনেক প্রকল্প বাদ দিতে হবে, অনেক ক্ষেত্রে ব্যয় সংকোচন করতে হবে। তবে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের সুরাহা না হলে এর রাজনৈতিক মূল্যের কথাও বিবেচনায় রাখে সরকার। কেননা, এরই মধ্যে দুর্নীতিগ্রস্ত বলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি তৈরি হয়েছে। এতে ভবিষ্যতে সহায়তা পেতেও সমস্যা হবে।এসব বিবেচনায় নিয়েই সরকার বিশ্বব্যাংকের শর্ত পূরণের উদ্যোগ নেয়। সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদত্যাগ করতে হয়েছে। সাবেক সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ছুটিতে গেছেন। সাবেক প্রকল্প পরিচালক রফিকুল ইসলামের চাকরির মেয়াদ আর বাড়ানো হয়নি। এ ছাড়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি নতুন তদন্ত দল তৈরি করে। কিন্তু মসিউর রহমান এখনো থেকে যাওয়ায় পদ্মা সেতু নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। সরকারি সূত্রগুলো এখনো বলছে, বিশ্বব্যাংক এখন পর্যন্ত দুর্নীতির সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ সরকারকে দিতে পারেনি, বরং এখন তারা আগের অবস্থান থেকে খানিকটা নমনীয় হয়ে বলছে, দুর্নীতির ষড়যন্ত্র হচ্ছিল বলা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে বলে যাঁদের নাম এসেছে, তাঁদের সরে যাওয়াটাই আন্তর্জাতিক রীতি। কেননা, দায়িত্বে বহাল থাকলে তদন্তে হস্তক্ষেপের আশঙ্কা থাকে। বিশ্বব্যাংক এই যুক্তিতেই মসিউর রহমানসহ অন্যদের ছুটিতে পাঠানোর কড়া শর্ত দেয়।সরকারি সূত্রগুলো আরও বলছে, এ বিষয়গুলো মসিউর রহমানকে বিস্তারিত জানানো হয়েছে। দেশের ও দলের স্বার্থের কথা মনে করিয়ে দেওয়া হলেও মসিউর রহমান গতকাল শনিবার পর্যন্ত পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় আছেন বলেই জানা গেছে। ফলে অনিশ্চিত হয়ে আছে আওয়ামী লীগ সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, বর্তমান সরকারের সময়ে কাজ শুরু হয়ে এই মেয়াদেই চালু হবে পদ্মা সেতু।সরকারি হিসাবেই বলা হচ্ছে, পদ্মা সেতু হলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বাড়বে দশমিক ৫৬ শতাংশ, বছরে ১ শতাংশ হারে দারিদ্র্য হ্রাস পাবে। এ ছাড়া সরকারের বছরে সাশ্রয় হবে কমপক্ষে ৩০০ কোটি টাকা। কিন্তু সবকিছুই আটকে আছে এখন একজন ব্যক্তি—প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার জন্য। তিনি ছুটিতে গেলেই পদ্মা সেতুর কাজ শুরু হবে আগামী ২০১৩ সালের জানুয়ারি মাসে। সেই প্রস্তুতিও সরকারের আছে। তবে হাতে সময় আছে মাত্র পাঁচ দিন। এর মধ্যে দেশ ও দলের স্বার্থে মসিউর রহমান পদত্যাগ করবেন কি না, দেশবাসীর আকাঙ্ক্ষার পদ্মা সেতু হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।এ বিষয়ে মসিউর রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। খুদেবার্তা পাঠিয়েও কাজ হয়নি।