অনড় শ্রমিকেরা, রেল-সড়ক অবরোধ
দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনির চলমান সংকট অব্যাহত রয়েছে। দাবি আদায়ে অনড় শ্রমিকেরা ধর্মঘটের চতুর্থ দিন গত বৃহস্পতিবার রাত থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। শ্রমিকনেতাদের সঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুল হক ও ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক ভেস্তে যাওয়ার পর এ কর্মসূচি ঘোষণা করা হয়।অবরোধ কর্মসূচির কারণে গতকাল রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সঙ্গে গোটা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি ফুলবাড়ী থেকে পার্বতীপুর-সৈয়দপুরের সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন আছে।গতকাল রাত পৌনে নয়টায় দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সঞ্জিত কুমার সাহা বলেন, ‘সমস্যা সমাধানে চীনা কর্তৃপক্ষ, কয়লাখনি কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার শিগগিরই সমঝোতা বৈঠকে বসবেন। রাত সাড়ে ১০টায় ওই বৈঠক হওয়ার কথা।’ তিনি আরও বলেন, ‘দুই শতাধিক পুলিশ সদস্য খনি এলাকায় শান্তি-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখতে হচ্ছে পুলিশকেই। অথচ সমাধান পুলিশের হাতে নেই।’আন্দোলনরত শ্রমিকনেতারা জানান, সমস্যা সমাধানে নতুন করে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজিব-উল ফেরদৌস ও সঞ্জিত কুমার সাহা। কিন্তু রাত আটটা পর্যন্ত তাঁরা বৈঠকে বসার ডাক পাননি। কর্তৃপক্ষ বৈঠকের নামে টালবাহানা করছে। বৃহস্পতিবারের বৈঠক ভেস্তে যাওয়ার পর শ্রমিকেরা খনি এলাকার সড়ক ও রেলপথ অবরোধ করেন। শ্রমিকেরা রেল ও সড়কপথের দুই পাশের দেড় শতাধিক গাছ কেটে সড়ক ও রেললাইনের ওপর ফেলে রাখেন। ছোট ছোট দলে ভাগ হয়ে লাঠিসোঁটা হাতে সড়ক এবং রেলপথের কমপক্ষে ২৫টি স্থানে অবস্থান নেন শ্রমিকেরা। বৃহস্পতিবার রাত নয়টার পর পার্বতীপুর রেলস্টেশন থেকে ফুলবাড়ী অভিমুখে কোনো ট্রেন ছাড়েনি বা পার্বতীপুরে কোনো ট্রেন আসেনি। ফুলবাড়ী রেলস্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাত থেকে উত্তরা মেইল ট্রেন ফুলবাড়ী স্টেশনে আটকে আছে। পার্বতীপুর রেল জংশনে আটকা পড়েছে নীলফামারী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন নীল সাগর এক্সপ্রেস, দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান ও একতা এক্সপ্রেসসহ কমপক্ষে ১০টি ট্রেন। কয়লাখনি শ্রমিকদের অবরোধের কারণে যাত্রীরা দুর্দশায় পড়েছেন বলে তিনি জানান। আন্দোলনরত কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক নূর ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রমিকদের দাবি একটাই—মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের বেতনের সমপরিমাণ বেতন-ভাতা বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের দিতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকেরা রাজপথ-রেলপথ ছাড়বেন না।দিনাজপুরের জেলা প্রশাসক মো. আব্দুল জলিল গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের দাবি পূরণের বিষয়টি পুরোপুরি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। এখানে জেলা বা পুলিশ প্রশাসনের কিছুই করার নেই। সমস্যা সমাধান করতে হলে খনি কর্তৃপক্ষকেই উদ্যোগ নিতে হবে।’ বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (খনিজ) মীর আব্দুল মতিন প্রথম আলোকে বলেন, ‘সমস্যা সমাধানে ঢাকায় চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলরের রাতে বড়পুকুরিয়ায় আসার কথা। আমরা সংকটের আশু সমাধান চাই। খনি এলাকায় ২০০ চীনা পরিবারসহ সাড়ে ৩০০ পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে আছেন। খনির কর্মকর্তা-কর্মচারীরা খনি এলাকার বাইরে বের হতে পারছেন না।’ তিনি জানান, সংকট নিরসনে বৃহস্পতিবার রাতের বৈঠকে প্রতিমন্ত্রীরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছেন। ২০ শতাংশ বেতন-ভাতা বাড়ানো, রেশনিং পদ্ধতিতে প্রতি মাসে ৩০ কেজি চাল এবং ২০১১ সালে তাঁদের চাকরি স্থায়ী করা ইত্যাদি সুবিধা শ্রমিকদের মেনে নেওয়া উচিত। ২০১১ সালের পর তাঁদের বেতন-ভাতা মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের চেয়ে অবশ্যই বেশি হবে বলে তিনি আশ্বাস দেন।চার দিন ধরে শ্রমিক ধর্মঘটের কারণে বড়পুকুরিয়া কয়লাখনি অচল রয়েছে। কয়লা উৎপাদন বন্ধ আছে। খনি থেকে কয়লা উত্তোলন কাজে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের অধীনে নিয়োগ হওয়া শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সোমবার রাত ১২টা থেকে আন্দোলন শুরু করেন। গত মঙ্গলবার থেকে শ্রমিকেরা পুরো কয়লাখনি এলাকা অবরোধ করে রেখেছেন।