অপকর্ম করে বাইরের লোক, ওরা ঢুকতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) নির্বাচনী এলাকায় অবস্থানরত বহিরাগত সবাইকে কাল বৃহস্পতিবারের মধ্যে এলাকা ত্যাগ করতে হবে। তবে নির্বাচন-সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সংবাদকর্মী ও দুই প্রার্থীর সমন্বয়কারীরা থাকতে পারবেন।গতকাল মঙ্গলবার লালমোহন উপজেলা মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। বৈঠকে সিইসি বলেন, অপকর্ম করে বাইরের লোক। বাইরের লোকদের ঢুকতে দেওয়া হবে না। এ ছাড়া সিইসি গতকাল ভোলা জেলা সদরে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও পৃথক বৈঠক করেন। তিনি সেখানে বলেন, ‘কেউ রাজনৈতিক দলের ক্যাডার হলে দায়িত্বে আসবেন না। কেউ ক্যাডার হয়ে পক্ষপাতিত্ব করার চেষ্টা করলে ধরা পড়ে যাবেন এবং বেকায়দায় পড়ে যাবেন।’ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অস্ত্র উদ্ধারে অভিযান চালানোরও নির্দেশ দেন।এদিকে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল মঙ্গলবার থেকে প্রত্যেক প্রার্থীর সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট, ভিডিও ক্যামেরা ও র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়। তাঁরা প্রার্থীদের নিরাপত্তা বিধান ছাড়াও ভিডিও ক্যামেরায় তাঁদের কার্যক্রম ধারণ করা হয়, যাতে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে সেটার প্রমাণ থাকে।প্রার্থীদের সঙ্গে বৈঠক: সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ দাবি করেন, নির্বাচন উপলক্ষে প্রতিপক্ষ এক হাজার বহিরাগত ক্যাডার ঢাকা থেকে এনেছেন। তাই প্রতিটি ইউনিয়নে র‌্যাবের ক্যাম্প দিতে হবে। স্থানীয় পর্যবেক্ষকেরা পক্ষপাতদুষ্ট উল্লেখ করে তাঁদের নির্বাচনে দায়িত্ব না দেওয়ারও দাবি জানান তিনি। তাঁর অভিযোগ, প্রতিপক্ষের হামলায় এ পর্যন্ত তাঁর আড়াই শ লোক আহত হয়েছে।বৈঠকে নূরনবী চৌধুরীর পক্ষে মূল বক্তব্য তুলে ধরেন তাঁর প্রধান সমন্বয়কারী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘অতীতে আওয়ামী লীগের কর্মীদের ওপর অনেক হামলা হয়েছে, সেগুলো বলে তীক্ততা সৃষ্টি করতে চাই না।’ তিনি হাফিজ উদ্দিনের সব দাবি মেনে নেওয়ার জন্য সিইসিকে অনুরোধ করেন। অবশ্য শেষ দিকে হাফিজ উদ্দিন দুই দলেরই কিছু কেন্দ্রীয় নেতাকে ভোটের দিন থাকার অনুমতি দেওয়ার দাবি করেন। তোফায়েল আহমেদ তাতে আপত্তি জানান। এ ছাড়া স্থানীয় পর্যবেক্ষক থাকবেন কি না, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সিইসি।প্রার্থীদের প্রচার: আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী গতকাল লালমোহনের রমাগঞ্জ, লর্ডহার্ডিঞ্জ, ফুলবাগিচায় পথসভা করেন। এ ছাড়া মঙ্গলশিকদার এলাকায় তিনি রাতে জনসভা করেন। রমাগঞ্জে তিনি একটি মন্দির পরিদর্শনে যান। বিএনপি প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ চরভুতা ইউনিয়নে দুপুর পর্যন্ত পাঁচটি পথসভায় বক্তব্য দেন। সন্ধ্যার পর তিনি পৌরসভার নয়নী গ্রাম ও জনতা বাজারে গণসংযোগ ও পথসভা করেন।উভয় প্রার্থীর সঙ্গে ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের দেওয়া ভিডিও ক্যামেরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন।পর্যবেক্ষক: গতকাল থেকেই নির্বাচন কমিশনের ২৮ জন পর্যবেক্ষক মাঠে নেমেছেন। ১৪টি ইউনিয়নে দুজন করে পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। তাঁরা সার্বক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে তথ্য দেবেন। গতকাল সিইসি তাঁদের সঙ্গে বৈঠক করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ে। সিইসি জানান, কমিশনের পর্যবেক্ষকেরা কারও সঙ্গে কথা বলবেন না। পরিস্থিতি ঘুরে ঘুরে দেখে কমিশনকে জানাবেন। জেলা পর্যায়ের বৈঠক: গতকাল সকালে ভোলায় এসেই জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে প্রথম বৈঠক করেন সিইসি। সেখানে সিইসি এ টি এম শামসুল হুদা বলেন, ‘কে হারল বা কে জিতল এটা আমাদের বিষয় নয়। হার-জিত ভোটারদের বিষয়। তবে ভোটদান প্রক্রিয়াটা প্রশাসনের লোকজনকে দেখতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং নিরাপদে বাড়িতে ফিরতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। নির্বাচনে কোনো কেন্দ্রে অনিয়মের নিশ্চিত তথ্য পাওয়া গেলে তাত্ক্ষণিকভাবে কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।’ভোটারদের সঙ্গে মতবিনিময়: লালমোহনের কালমা ইউনিয়নের ডাউরি মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। আবদুর রাজ্জাক নামের এক বিএনপি কর্মী দাবি করেন, প্রতিপক্ষ তাঁদের ওপর হামলা ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। নির্বাচন কমিশন গোপনে যেন তদন্ত করে দেখে। কালমা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সমর্থক মোতাহার হোসেন মৃধা অভিযোগ করেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে অনেকে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। সিইসি সবার বক্তব্য শুনে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি প্রিসাইডিং কর্মকর্তাদের বিষয়ে বলেন, দুই দল থেকে যাদের বিরুদ্ধে আপত্তি এসেছে, সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। মারামারি: লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থক সাখাওয়াত হোসেনকে কলেজপাড়ায় সিরাজ হায়দার নামে এক যুবলীগ কর্মী মারধর করেছে। প্রথমে তাঁকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা হাসপাতালে পাঠানো হয়। রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারের আওয়ামী লীগ সমর্থক মোশাররফ হোসেনকে সভায় যোগদান শেষে ইট দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।