অপচয় কমাবে প্রিপেইড মিটার
তিতাস গ্যাস ও ডেসকো আবাসিক গ্রাহকদের প্রিপেইড মিটারের আওতায় আনার পরীক্ষামূলক প্রকল্পে হাত দিয়েছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)। ঢাকা নগরে গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহে প্রিপেইড মিটারের প্রয়োজনীয়তা ও অগ্রগতির কথা জানিয়েছেন আইআইসিটির পরিচালক এস এম লুৎফুল কবীর।ঢাকা শহরের গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ-ব্যবস্থায় প্রিপেইড মিটারের ব্যবহার কতটুকু জরুরি?তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকেরা চুলার সংখ্যা হিসাবে বিল দেন। কিন্তু প্রিপেইড মিটারের ক্ষেত্রে যে যতটুকু গ্যাস ব্যবহার করবে, সেই পরিমাণ বিল দিতে হবে। নগরের গ্যাসের অপচয় কমাতে হলে প্রিপেইড মিটারের বিকল্প নেই। অন্যদিকে বিদ্যুৎ ও পানি সরবরাহে প্রিপেইড মিটার করা হলে বিল কারচুপি ও অপচয়ের সুযোগ কমে যাবে। গ্যাস ও বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে আইআইসিটি কাজ করছে। নগরের বর্তমান পানি সরবরাহের অবকাঠামোতেও প্রিপেইড মিটার বসানো সম্ভব।প্রিপেইড মিটার কি গ্রাহকবান্ধব?একজন গ্রাহক প্রিপেইড মিটার ব্যবহার শুরু করলে বিল জমা দেওয়ার ঝামেলা থেকে রেহাই পাবেন। রক্ষা পাবেন ভুতুড়ে বিলের হাত থেকেও। আবার বছরের পর বছর পরিশোধিত বিলের কপি সংগ্রহে রাখার ঝামেলাও থাকবে না।প্রিপেইড মিটারের ব্যবহার নিয়ে বছরের পর বছর পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর কারণ কী?পরীক্ষামূলক প্রকল্পে পাওয়া ভুল সংশোধন করতে অর্থ ও সময়ের প্রয়োজন। সব মিলিয়ে পরীক্ষামূলক প্রকল্প থেকে বড় আকারের প্রকল্প হাতে নিতে সময় লেগে যায়। এ ক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।প্রিপেইড মিটারে রিচার্জ করার পদ্ধতি কী?প্রিপেইড মিটারের কার্ড রিচার্জ সেন্টারের নাম ‘ভেন্ডিং স্টেশন’। মিটার বসানোর সময় প্রত্যেক গ্রাহক একটি করে কার্ড পাবেন। এ কার্ড রিচার্জ করে ব্যবহার করতে হবে। ভেন্ডিং স্টেশনে এসে যে কেউ নিজ নিজ কার্ডে টাকা রিচার্জ করতে পারবেন। এ ক্ষেত্রে দিনের বেশির ভাগ সময় ভেন্ডিং মেশিন স্টেশন চালু রাখা হবে, যাতে নগরবাসী সহজেই কার্ড রিচার্জ করতে পারেন।প্রিপেইড মিটারে ত্রুটি দেখা দিলে কী করতে হবে?এই মিটারে চারটি পেনসিল ব্যাটারি থাকে। ব্যাটারির চার্জ আছে কি না, তা মিটারের ডিসপ্লেতে দেখা যায়। চার্জ কমে গেলে বোঝা যায়, তখন ব্যাটারি পরিবর্তন করতে হবে। কেউ মিটার টেম্পারিংয়ের চেষ্টা করলে মিটার সেটা ধরে ফেলবে। মিটারের পর্দায় টেম্পারিং কথাটি ভেসে উঠবে। আবার কেউ মিটার ভেঙে কোনো অবৈধ কাজ করতে গেলেও মিটারে টেম্পারিং কথাটি ভেসে উঠবে। এসব কারণে মিটার অকেজো হলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে।