অপনার মা যখন লেখক
অপনার বয়স তখন দেড়—আমি কাজ করতাম বিসিএস প্রশাসন ক্যাডারে। জন্মের পর আর দশটা স্বাভাবিক বাচ্চার সঙ্গে তার কোনো পার্থক্য ছিল না। এরপর হঠাৎ করে সে নিজের মধ্যে গুটিয়ে যায়। কথা বলে না, ডাকলে সাড়া দেয় না। দিনের অনেকটা সময় অফিসে থাকার কারণে তাকে দীর্ঘ সময় নিয়ে সেভাবে খেয়াল করা হতো না আমার। তাই তার আচরণগত অস্বাভাবিকতার বিষয়টা বুঝতে কিছুটা সময় লেগে যায়। কর্মক্ষেত্র সিলেটে স্বজনেরা না থাকায় অপনাকে সমবয়সী শিশুদের সঙ্গে তুলনা করে দেখার সুযোগও তেমন ছিল না। বয়স আরও কিছুটা বাড়লে তার কিছু সমস্যা দেখা যায়, সেগুলো স্থানীয় বিশেষজ্ঞ অটিজম বলে সন্দেহ করেন। সাধ্যমতো এখানে-সেখানে ছোটাছুটি করে টের পাই, আমার পক্ষে দেশে থেকে তার জন্য তেমন কিছু করার সম্ভাবনা ক্ষীণ।তিন বছর বয়সী মেয়েকে নিয়ে আমি পাড়ি দিই অস্ট্রেলিয়ায়—অপনার বাবা যেখানে উচ্চতর পড়াশোনা করছিল। অটিজম আছে এমন শিশুদের জন্য এখানকার চিকিৎসা ও পরিচর্যাব্যবস্থার সঙ্গে পরিচিত হই। স্পিচ থেরাপিস্টসহ কিছু সংগঠনের কাজ দেখি। মেলবোর্নের অটিজম ট্রেনিং ইনস্টিটিউটে একটি ছোট কোর্স করি। প্রচুর বইপত্র পড়ি। এসবের পাশাপাশি সন্তানের সার্বক্ষণিক নিবিড় পরিচর্যা আমাকে অভাবিত অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। অপনার বয়স এখন সাত বছর, অনেকটাই স্বাবলম্বী।এর মধ্যে একবার দেশে গিয়ে দেখতে পাই, চেনাজানা বেশ কিছু পরিবারে অটিস্টিক শিশু রয়েছে; তাদের অভিজ্ঞতা শুনি। আমাদের দেশে অটিস্টিক সন্তানের অভিভাবকদের জন্য তথ্য ও দৈনন্দিন জীবনযাপনের কিছু দিক-নির্দেশনা হাতের নাগালে থাকলে ভুক্তভোগীরা উপকৃত হতে পারেন—এ বিশ্বাস থেকে তাদের জন্য নিজের অভিজ্ঞতা থেকে কিছু লেখার ইচ্ছে জাগে।সহজ ইন্টারনেট যোগাযোগের সুবিধায় স্বামীর উৎসাহে বাংলা ব্লগসাইটে শিশুর অটিজম নিয়ে কিছু লেখার পরিকল্পনা করি। কমিউনিটি ব্লগের পরিবেশটি খুব গতিময়, পাঠকের প্রতিক্রিয়া দ্রুত জানার জন্য উপযোগী। এ রকম একটা পরিবেশে নানা বিষয়ে লিখতে থাকি, গদ্যের মধ্যে ফিকশন-নন ফিকশন যা-ই মাথায় আসে। একপর্যায়ে অটিজম নিয়ে তথ্য ও ব্যবহারিক নির্দেশনা মিলিয়ে ধারাবাহিকভাবে লিখতে থাকি। পরিচিত ভুক্তভোগীদের মধ্যে সেসব লেখা বিতরণ করেন পাঠকদের কেউ কেউ। যাদের নিজেদের পরিবারে অটিস্টিক শিশু আছে, তারাও এগিয়ে আসেন নিজেদের অভিজ্ঞতা নিয়ে।মুদ্রিত মাধ্যমে লেখালেখি করেন, এমন কেউ কেউ ব্লগেও লেখেন। তাঁদের মধ্যে ২০০৭ সালে প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কারে ভূষিত সুলেখক আহমাদ মোস্তফা কামাল আমাকে ব্লগের লেখাগুলোকে প্রকাশনা উপযোগী করে তোলার জন্য পরামর্শ ও উৎসাহ দেন। বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালকে পাণ্ডুলিপি দেখে দেওয়ার অনুরোধ জানালে তিনি শত ব্যস্ততার মধ্যেও অনুরোধ রাখেন; বইয়ের জন্য মুখবন্ধ লিখে দেন এবং বইটি প্রকাশের জন্য সব রকম সহযোগিতা করেন। বইতে ব্যবহূত কিছু ছবি আর অপনার আঁকা ছবি থেকে বইয়ের প্রচ্ছদ করেছে আমার স্বামী আলমগীর। শেষমেশ ছাপা হয়ে বইমেলায় চলে আসে বইটি। কথাসাহিত্যিক আনিসুল হক ও শিশুসাহিত্যিক আহমাদ মাযহারকে সঙ্গে নিয়ে মোড়ক উন্মোচন করেন ছড়াকার লুৎফর রহমান রিটন। তাম্রলিপি বইটি প্রকাশ করেছে।আমার মা ফেরদৌস আরা আলীম চট্টগ্রামের সাহিত্য অঙ্গনের সঙ্গে তিন দশক ধরে জড়িত। লেখালেখি করব, এটা একদম অভাবিত না হলেও বই লিখে ফেলার মতো ভাবনা কখনোই কাজ করেনি। অথচ আজ শিশুর অটিজম: তথ্য ও ব্যবহারিক সহায়তা বইয়ের লেখক হিসেবে অপনার মায়ের নাম ছাপার অক্ষরে দেখতে পাচ্ছি। বিদেশে বসে দেখতে পাচ্ছি, সহব্লগাররা বইটির মোড়ক উন্মোচনের আয়োজন করেছেন। অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করছেন, এমন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাড়া পাচ্ছি। যাদের জন্য এ বই, অটিজমের সঙ্গে তাদের বসবাস সহনীয় হোক, দেবশিশুদের বিকাশগত ঘাটতি কমে আসুক, এই আশা করি।