অপবাদ সইতে না পেরে তরুণীর আত্মহনন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর বয়স থেকে ঢাকায় গৃহকর্মীর কাজ করত রংপুরের বদরগঞ্জ উপজেলার জামুবাড়ী ডাক্তারপাড়া গ্রামের জেসমিন ওরফে ইয়াসমিন (১৭)। মাঝেমধ্যে গ্রামে এসে মা ও তিন ভাইবোনের খোঁজ নিয়ে ফিরত ঢাকায়। জীবনসংগ্রামী সেই ইয়াসমিন হেরে গেছে প্রতিবেশীদের মিথ্যা অপবাদ, অপমান ও লাঞ্ছনায়। লজ্জায়-ক্ষোভে বেছে নিয়েছে আত্মহত্যার পথ। কীটনাশক পান করার পর গত শনিবার বিকেল চারটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইয়াসমিনের মৃত্যু হয়। মৃত্যুর পর অজ্ঞাত ব্যক্তিদের সহায়তায় পুলিশকে না জানিয়েই ইয়াসমিনের লাশ নিয়ে যায় স্বজনেরা। ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা চালান এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ইয়াসমিনের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনজনের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলা করেছেন ইয়াসমিনের ভগ্নিপতি সাইফুল আলম। আসামিরা হলেন, ইয়াসমিনের প্রতিবেশী আসাদুজ্জামান খোকন (৩০), তাঁর মা আরেফা বেগম (৪৬) ও স্ত্রী আনজিরা বেগম (২৫)। আর কর্তব্যে অবহেলার অভিযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তিন সেবিকাকে গতকাল কারণ দর্শাতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা হলেন, হাসপাতালের মেডিসিন বিভাগের ২ নম্বর ওয়ার্ডের সেবিকা শিউলী বেগম, মর্জিনা ও বুলবুলি খাতুন। আজ সোমবারের মধ্যে তাঁদের জবাব দিতে হবে। থানায় করা মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি ইয়াসমিন গ্রামের বাড়িতে আসে। ২১ ফেব্রুয়ারি বিকেলে সে নীলফামারীর ডোমার উপজেলায় তার বান্ধবীর কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ২৩ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি ফিরে জানতে পারে, তাকে নিয়ে প্রতিবেশীরা কানাঘুষা করছে। এর কারণ, একই দিনে প্রতিবেশী খোকনও বাড়ি ছেড়েছেন। কয়েকজন প্রতিবেশী ও খোকনের পরিবারের লোকজনের ধারণা, ইয়াসমিন ও খোকন একসঙ্গে বাড়ি ছেড়েছেন। একপর্যায়ে খোকনের চাচা প্রতিবেশী আরিফ হোসেন বৃহস্পতিবার রাতে ইয়াসমিন ও তার মা সাবিহা বেগমকে ডেকে নিয়ে ইয়াসমিনের সঙ্গে খোকনের কী সম্পর্ক, তা জানতে চান। সাবিহা বেগম অভিযোগ করেন, ওই সময় আরিফের বাড়িতে খোকনের মা আরেফা ও স্ত্রী আনজিরা উপস্থিত ছিলেন। তাঁরা তাঁকে ও ইয়াসমিনকে শাসান ও গালমন্দ করেন। সাবিহা জানান, ওই রাতেই বাড়িতে ফিরে ইয়াসমিন কান্নায় ভেঙে পড়ে বলে, ‘মা, আমি আর বাঁচতে চাই না। মরণ ভালো, তাও শরম ভালো না।’ পরদিন শুক্রবার দুপুরে সবার অগোচরে দুপুরে ইয়াসমিন কীটনাশক পান করে। সঙ্গে সঙ্গে তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরদিন শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেল চারটার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ২ নম্বর ওয়ার্ডে ইয়াসমিনের মৃত্যু হয়। ওই সময় ইয়াসমিনের শয্যার পাশে ছিলেন তার ভগ্নিপতি সাইফুল আলম। তিনি জানান, ইয়াসমিন মৃত্যুর কিছুক্ষণ পর অজ্ঞাতনামা তিন ব্যক্তি লাশটি বাড়িতে পৌঁছে দেওয়ার আগ্রহ দেখান। বলেন, পুলিশ ঝামেলা করতে পারে। লাশ চুপচাপ বাড়ি নিয়ে যান। তাঁরা অনেক অনুরোধ করলে তিনি ওই লোকদের সহায়তায় ইয়াসমিনের লাশ নিচে নামিয়ে গাড়িতে তোলেন। ওই সময় ওয়ার্ডে কোনো সেবিকা ছিলেন না। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাশ বাড়িতে পৌঁছে দিয়ে ভাড়া চান। এ সময় খোকনের স্বজনেরা ভাড়া দিয়ে লোকগুলোকে বিদায় করেন। এর পরই ইয়াসমিনের লাশ তড়িঘড়ি দাফন করা নিয়ে শুরু হয় এলাকায় দেনদরবার। চলে দরকষাকষি। একপর্যায়ে স্থানীয় সাংবাদিকেরা বিষয়টি পুলিশকে জানালে বদরগঞ্জ থানার পুলিশ রাত একটার দিকে ডাক্তারপাড়া গ্রামের বাড়ি থেকে ইয়াসমিনের লাশ উদ্ধার করে। ইয়াসমিনের মা সাবিহা বেগম শনিবার মধ্যরাতে লাশের পাশে বিলাপ করে বলেন, ‘ওরে সোনার ময়না, তুই কোনটে গেলু। তুই যে কচলু—মা, মুই থাকতে তোর চিন্তা নাই। তুই চলি গেলু, মুই এ্যালা কোনটে থাকিম।’ প্রতিবেশী জোবায়দা বেগম ও সরিফা বানু জানান, ইয়াসমিন শান্ত প্রকৃতির মেয়ে ছিল। জীবনে বেড়ে উঠতে অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করেছে মেয়েটি। কিন্তু মিথ্যা অপবাদের কারণে সে আত্মহত্যা করবে, তা কখনো ভাবতে পারিনি।শুক্রবার রাতে খোকনের মা দাবি করেন, ‘আমরা ইয়াসমিন ও তার মাকে কোনো গালমন্দ করিনি। আমরা বলেছি, খোকন ফিরে না আসা পর্যন্ত ইয়াসমিন যেন ঢাকায় না যায়।’ খোকন জানান, ‘আমি এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ইয়াসমিনের সঙ্গে কোথাও যাইনি। ইয়াসমিন ও আমাকে নিয়ে লোকজন মিথ্যা কথা ছড়িয়েছে।’ বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার জানান, ধারণা করা হচ্ছে, ইয়াসমিনের স্বজনেরা হয়তো দালালদের খপ্পরে পড়ে পুলিশকে না জানিয়েই হাসপাতাল থেকে লাশ নিয়ে যায়। তিনি জানান, ইয়াসমিনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে।