অপমানিত হয়ে যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন পাকিস্তানি সেনা কর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমন্ত্রিত অতিথি হিসেবেই যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকজন সদস্য। উদ্দেশ্য ছিল, মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি সভায় যোগ দেওয়া। কিন্তু ওয়াশিংটন ডিসির বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা শাখার কর্মকর্তাদের হাতে নিগৃহীত হয়ে সফর বাতিল করতে হলো তাঁদের।পাকিস্তানের আন্তবাহিনী গণসংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে জিও অনলাইন জানিয়েছে, প্রতিরক্ষা বিভাগের সভায় যোগ দিতে পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকজন সদস্য ওয়াশিংটন বিমানবন্দরে পৌঁছলে সেখানকার পরিবহন নিরাপত্তা শাখার সদস্যরা সেনাকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় তাঁরা তাঁদের এই সফরের গুরুত্ব নিরাপত্তা শাখার সদস্যদের বোঝানোর চেষ্টা করলেও নিরাপত্তা-কর্মীরা তাতে কর্ণপাত করেননি। অপমানিত হয়ে সঙ্গে সঙ্গেই প্রতিরক্ষা দপ্তরের সেই সভায় যোগ দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন পাকিস্তানি সেনা কর্তারা। তাঁরা পাকিস্তানের সরকারি মহলেও বিষয়টি জানান। পাকিস্তান সরকারও সেনা কর্তাদের সেই সফর বাতিল করে ফিরতি বিমানে দেশে ফিরে আসার নির্দেশ দেয়।এদিকে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দুঃখ প্রকাশ করেছে বলে জানা গেছে।