অপরাজিত নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারাই ছিল নিউজিল্যান্ড ফুটবলের জন্য বড় এক অর্জন। মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ মঞ্চে পা পড়েছে তাদের। বিশ্বকাপের সঙ্গে সর্বশেষ দেখা ২৮ বছর আগে। ১৯৮২ সালে প্রথম বিশ্বকাপ খেলতে এসে লজ্জাজনক অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে হয়েছিল। তিন ম্যাচের তিনটিতেই হেরে গ্রুপে সর্বশেষ স্থান, দুটি মাত্র গোল করে খেয়েছিল ১২টি। সেই নিউজিল্যান্ড এবার দেশে ফিরল মাথা উঁচু করে। প্রথম ম্যাচেই স্লোভাকিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্টের স্বাদ। পরের ম্যাচে চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ১-১ ড্র তো কিউইদের কাছে জয়ের সমান। প্রথমে গোলও করেছিল নিউজিল্যান্ডই, ইতালি ড্র করতে পারে পেনাল্টি গোলে। শেষ ম্যাচে গ্রুপের শীর্ষ দল প্যারাগুয়েকেও রুখে দেয় অল হোয়াইটরা। স্লোভাকিয়া ইতালিকে হারিয়ে দেওয়ায় দ্বিতীয় রাউন্ডে যাওয়া হয়নি, তবে নিউজিল্যান্ড দেশে ফেরে অপরাজিত থাকার গৌরব নিয়ে। ফাইনালে হল্যান্ডের পরাজয়ের পর সেটি হয়ে যায় অনন্য এক অর্জন—রেকর্ড বইয়ে লেখা হয়ে যায়, ২০১০ বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল নিউজিল্যান্ড!