চট্টগ্রাম মহানগর পুলিশের কাঠামোয় ব্যাপক পরিবর্তন হয়েছে। নগর পুলিশের অপরাধ অঞ্চল দুটি ভেঙে চারটি করা হয়েছে। একইভাবে নগরের একমাত্র যানবাহন শাখাকে (ট্রাফিক বিভাগ) ভেঙে দুটি করা হয়েছে। নতুন কাঠামোয় গতকাল রোববার বিকেলে সাতজন পুলিশের উপকমিশনারের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ানকে নগরের উত্তরাংশের যানবাহন শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে নগরের দক্ষিণাংশের যানবাহন শাখার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি বন্দর অঞ্চলের পুলিশের উপকমিশনারের দায়িত্বে ছিলেন। একই আদেশে মিরাজউদ্দিন আহমেদকে পুলিশের উপকমিশনার উত্তর, আবদুল্লাহ হিল বাকিকে পুলিশের উপকমিশনার দক্ষিণ, মো. হাবিবুর রহমানকে পুলিশের উপকমিশনার পশ্চিম, মো. সাইফুল ইসলামকে পুলিশের উপকমিশনার বন্দর, মনিরুজ্জামানকে পুলিশের উপকমিশনার গোয়েন্দা শাখা এবং মো. আতিকুর রহমানকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) দায়িত্ব দেওয়া হয়। পুলিশ সূত্র জানায়, নগরে জনসংখ্যা বেড়ে যাওয়ায় এই পরিবর্তন অনিবার্য ছিল। এই দিক বিবেচনা করে সরকার চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি) পুলিশের উপকমিশনারের সংখ্যা ছয় থেকে বাড়িয়ে ১০ জনে উন্নীত করা হয়েছে। পুলিশের উপকমিশনার হচ্ছেন পুলিশ সুপারের পদমর্যাদার কর্মকর্তা। নগর পুলিশের নতুন কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ১৯৭৮ সালের কাঠামোয় চট্টগ্রাম নগর পুলিশে দুটি অপরাধ অঞ্চল (ক্রাইম জোন) ছিল। জনসংখ্যা বেড়ে যাওয়ায় নগরের দুটি অপরাধ অঞ্চলকে ভেঙে চারটি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ১৯৭৮ সালের কাঠামোয় নগর পুলিশে অপরাধ অঞ্চলের সংখ্যা ছিল দুটি। নগরের কোতোয়ালিসহ ছয়টি থানা নিয়ে উত্তর অঞ্চল এবং বন্দরসহ আরও ছয়টি থানা নিয়ে বন্দর অঞ্চল গঠিত হয়। প্রতিটি অঞ্চলে একজন করে পুলিশের উপকমিশনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত ছিলেন। পুলিশ সূত্র আরও জানায়, নগরের উত্তর অঞ্চলকে ভেঙে দুটি এবং বন্দর অঞ্চলকে ভেঙে আরও দুটি অপরাধ অঞ্চল গঠন করা হয়েছে। এখন থেকে কোতোয়ালি, খুলশি ও বাকলিয়া থানা নিয়ে দক্ষিণ, ডবলমুরিং, হালিশহর ও পাহাড়তলী থানা নিয়ে পশ্চিমাঞ্চল, পাঁচলাইশ, বায়েজিদ ও চান্দগাঁও থানা নিয়ে উত্তর অঞ্চল এবং বন্দর, পতেঙ্গা ও কর্ণফুলী থানা নিয়ে বন্দর অঞ্চল গঠিত হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, নগরে জনসংখ্যা বাড়ানোর কথা বিবেচনা করে চট্টগ্রাম মহানগরে আরও ছয়টি নতুন থানা করার প্রস্তাব পাঠানো হয়েছে ঢাকায়। বিষয়টি সরকারের বিবেচনায় আছে বলে জানা গেছে।