অপরাধ দমনে আন্তরাষ্ট্রীয় সহযোগিতার জন্য সংসদে বিল
অপরাধমূলক কাজের মাধ্যমে অর্জিত অর্থ, সন্ত্রাসী কাজের সঙ্গে সম্পৃক্ত বা সন্ত্রাসীর সম্পত্তি আটক-সম্পর্কিত অনুসন্ধান এবং বিচারিক কাজ পরিচালনার জন্য আন্তরাষ্ট্রীয় সহযোগিতা বাড়াতে আজ রোববার জাতীয় সংসদে বিল উত্থাপিত হয়েছে।জাতীয় সংসদে আজ বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। এরপর বিলটি তিন কার্যদিবসের মধ্যে যাচাইবাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল পৌনে পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কিত বিবৃতিতে মন্ত্রী বলেন, অপরাধ সম্পর্কিত আন্তরাষ্ট্রীয় পারস্পরিক সহায়তার মাধ্যমে কোনো ব্যক্তির সন্ধান, সাক্ষ্য বা বক্তব্য গ্রহণ, সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করা, তদন্তের সহযোগিতা করা, বিচারিক কাজ পরিচালনার জন্য এবং আটক করা ব্যক্তিকে সহজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা এই আইনের উদ্দেশ্য। বিলের ৩ ধারা মতে, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে আইনের উদ্দেশ্য পূরণে একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ গঠন করবে। ৮ ধারায় বলা আছে, বিদেশের সঙ্গে অপরাধ সম্পর্কিত সহায়তার চুক্তি থাকুক বা না থাকুক, অপরাধ বিষয়ে কোনো বিদেশি রাষ্ট্র সহায়তা চাইতে পারবে। এ ক্ষেত্রে যে অপরাধ সম্পর্কিত বিষয়ে সহায়তা চাইবে, তা বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ হতে হবে। তবে অনুরোধকারী রাষ্ট্রের প্রত্যয়নপত্রে বাংলাদেশকে একই রকম সহায়তা করার বিষয়টি উল্লেখ করতে হবে।৯ ধারায় বলা আছে, যেসব দেশের সঙ্গে বাংলাদেশের সহায়তার চুক্তি আছে, তাদের নির্ধারিত বিধি মোতাবেক কাজ করতে হবে। যেসব দেশের সঙ্গে চুক্তি নেই, তাদের কূটনৈতিক মাধ্যমে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাতে হবে। ১০ ধারা মতে, সহায়তার অনুরোধ উপযুক্ত মনে না হলে কর্তৃপক্ষ তা অগ্রাহ্য করতে পারবে। ১৯ ধারা মতে, বাংলাদেশে তল্লাশি বা কাউকে আটক করার জন্য কোনো বিদেশি রাষ্ট্র অনুরোধ করলে এবং আদালতের কাছে তা গ্রহণযোগ্য হলে আদালত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তল্লাশি পরোয়ানা জারি করতে পারবে। বিলের ২০ ধারা মতে, বাংলাদেশে আটক রয়েছে—এমন কোনো ব্যক্তিকে কোনো বিদেশি রাষ্ট্র সাক্ষী হিসাবে হস্তান্তরের অনুরোধ করলে, সেই ব্যক্তির সম্মতিতে কেন্দ্রীয় কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবে। এ ক্ষেত্রে হস্তান্তর করা ব্যক্তি বিদেশি রাষ্ট্রের হেফাজতে থাকার মেয়াদকালে বাংলাদেশে আটক আছেন বলে গণ্য হবে। হেফাজতে থাকা অবস্থায় সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন, শাস্তি প্রদান বা তার স্বাধীনতাকে ক্ষুণ্ন করে—এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। এই আইনের আওতায় আটক কোনো ব্যক্তিকে বহিঃসমর্পণ করা যাবে না।