অপরাধ দমনে আন্তসীমান্তব্যবস্থা গড়তে চায় সার্ক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২৬ জুন সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে আন্তসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ, মাদক পাচার রোধ ও জাল নোট তৈরি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সার্কে একটি আঞ্চলিক পুলিশ নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি জলসীমায় নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করবেন প্রতিনিধিরা।এর আগে সার্কের আটটি সদস্যদেশ নিজেদের পুলিশ বাহিনীর মধ্যে একটি আন্তনেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে রাজি হয়। আগামী সপ্তাহের আলোচনায় এই পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি স্থান পাবে। ভারতের কূটনৈতিক সূত্রমতে, জাল নোট তৈরি ও মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বেশ কিছু বিষয়ে আলোকপাত করতে চায় ভারত। এসব উদ্যোগ বাস্তবায়নে তহবিল জোগান দেওয়ার ব্যাপারেও আগ্রহ রয়েছে ভারতের। ২০০৭ সালের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সদস্য দেশগুলোর পুলিশ বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেটভিত্তিক নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব করে ভারত। এই প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় তহবিল জোগান দেওয়ারও প্রস্তাব করে তারা।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের নেতৃত্বে আগামী ২৫ জুন ইসলামাবাদ পৌঁছাবে সে দেশের প্রতিনিধিদল। নয়াদিল্লি জাল নোট তৈরিকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেবে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৮ সালে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) প্রায় ৩০ কোটি রুপির সমপরিমাণ জাল নোট জব্দ করে। তাদের অভিযোগ, উচ্চমানের এই জাল নোটগুলোর ৭৫ শতাংশ পাকিস্তানে ছাপা হয় এবং নেপাল হয়ে ভারতে প্রবেশ করে।মন্ত্রীপর্যায়ের বৈঠক শুরুর আগে ইসলামাবাদে ২৪ ও ২৫ জুন সার্ক সদস্য দেশগুলোর স্বরাষ্ট্রসচিব ও পুলিশ বাহিনীর প্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।সার্কের সদস্য আট রাষ্ট্রের মধ্যে পাঁচটিরই ভারত মহাসাগরে জলসীমা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে জলসীমায় দস্যুতা ও নিরাপত্তার বিষয়টি স্থান পাবে। জলদস্যুতা রোধে একটি আঞ্চলিক উদ্যোগ নেওয়ার ব্যাপারেও আলোচনা হবে। ভারতীয় কর্তৃপক্ষ বলেছে, ২০০৮ সালের মুম্বাই হামলায় হামলাকারীরা সমুদ্র পথে এসেছিল। তাই জলসীমার নিরাপত্তা সহযোগিতার বিষয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিণত হয়েছে।বৈঠকে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হবে দক্ষিণ এশিয়ায় নারী ও শিশু পাচার প্রসঙ্গ। পতিতাবৃত্তির জন্য নারী ও শিশুদের পাচার রোধের বিষয়ে সার্কের একটি সনদ রয়েছে। এ ছাড়া আলোচনায় সার্কে ভিসাব্যবস্থার বিষয়টিও স্থান পাবে।মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি (এমএলএটি) বা পারস্পরিক আইনি সহায়তা চুক্তিবিষয়ক সার্কের সনদটি পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল এখনও সমর্থন করেনি। ২০০৮ সালে কলম্বোয় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে সনদটি গৃহীত হয়। ইসলামাবাদের বৈঠকে এ ব্যাপারে তিনটি দেশকে চাপ দেবে ভারত।সন্ত্রাসী ও অপরাধীদের অনুসন্ধান, গ্রেপ্তার ও হস্তান্তরে সার্কের সদস্য দেশগুলোর নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে এই চুক্তি। চুক্তিতে সার্ক সদস্য দেশগুলোর মধ্যে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের হস্তান্তরের প্রস্তাব রয়েছে। বিষয়টি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা চলছে। বৈঠকটি গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নেপালের আপত্তির কারণে তা পিছিয়ে যায়। এ ধরনের প্রথম বৈঠকটি হয়েছিল ২০০৬ সালে ঢাকায়। পরের বৈঠকটি হয় ২০০৭ সালে নয়াদিল্লিতে।