বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, ‘ক্ষমতায় এলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হবে।’ বাস্তবে তা হয়নি। সরকার ক্ষমতায় আসার পর গত এক বছরে র্যাব ও পুলিশের সঙ্গে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধে’ ১২৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়াতেই মারা গেছেন ৩১ জন।গতকাল শেষ হওয়া ২০০৯ সালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই ক্রসফায়ারই ছিল একমাত্র ভরসা। এক বছরে আইনশৃঙ্খলার অবনতিসংক্রান্ত বড় কোনো সহিংস ঘটনা না ঘটলেও বছরের প্রথম দিকে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা এলাকায় রাজনৈতিক মদদে সন্ত্রাস বেড়ে যায়। এ সময় বেশ কিছু নিরীহ মানুষ খুন হন।পুলিশ কর্মকর্তারা মনে করেন, অন্য যেকোনো সময়ের চেয়ে গত এক বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো ছিল। তবে ছোটখাটো অপরাধ যেমন—ছিনতাই, নীরব চাঁদাবাজি, মলম পার্টি-অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বন্ধ করা যায়নি।গত বছরের শুরুতে সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সর্বত্র দখল আর পাল্টা দখল শুরু হয়েছিল। টেন্ডারবাজি, বাস, লঞ্চ টার্মিনাল, ফুটপাত এমনকি মাদক স্পট পর্যন্ত দখলে নেওয়ার অভিযোগ ওঠে। বছরের মাঝামাঝি এসে এসব সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। বিচারবহির্ভূত হত্যা: গত বছর সবচেয়ে আলোচিত ছিল ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। এক পরিসংখ্যানে দেখা যায়, র্যাব গঠনের পর এক হাজারের বেশি লোক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে ২০০৯ সালে মারা যান ৬০ জন। র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানান, ২০০৯ সালে সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধের ৫৭টি ঘটনায় ৬০ জন প্রাণ হারিয়েছেন। এসব ঘটনার তদন্ত হয়েছে। এতে দেখা গেছে, গুলিবর্ষণের সব ঘটনা যথার্থ ছিল। তবে র্যাবের পরিসংখ্যান পাওয়া গেলেও পুলিশের হাতে নিহত ব্যক্তিদের কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে দেখা গেছে, ১২ মাসে র্যাবের হাতে ৪২ জন, পুলিশের হাতে ৫৮, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ২৩ জনসহ মোট ১২৫ জন মারা গেছেন।সূত্র জানায়, গেল বছর সর্বাধিক ক্রসফয়ারের ঘটনা ঘটেছে কুষ্টিয়া জেলায়। এ জেলায় গত বছরের ১ আগস্ট থেকে একের পর এক ক্রসফায়ারের ঘটনা ঘটতে থাকে। দেখা গেছে, আগে র্যাব এককভাবে ক্রসফায়ার করলেও এখন পুলিশের হাতে ক্রসফায়ারের ঘটনা বেশি ঘটছে। আবার র্যাব-পুলিশ যৌথভাবে ক্রসফায়ারের ঘটনা ঘটিয়েছে, এমন উদাহরণও আছে।ক্রসফায়ারের ব্যাপারে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বিভিন্ন সময় বলেছেন, ‘ক্রসফায়ার বলে কিছু নেই।’ র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার এ ব্যাপারে বলেন, যা ঘটছে সব আইনের মধ্যেই হচ্ছে, আইনের বাইরে কোনো কিছু ঘটছে না। আবার র্যাব-পুলিশ ইচ্ছে করেও কারও ওপর গুলি ছুড়ছে না।ক্রসফায়ারে এভাবে মৃত্যুকে মানবাধিকার সংগঠনগুলো বরাবরই ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ উল্লেখ করে তা বন্ধের দাবি জানিয়ে আসছে। বিগত চারদলীয় জোট সরকারের সময়ও ‘ক্রসফায়ারে মৃত্যু’ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও দাতা সংস্থা সরকারের ওপর চাপ সৃষ্টি করে। এ ছাড়া হাইকোর্টের একটি বেঞ্চ গত ১৪ ডিসেম্বর আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে বলেন। মাদারীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানিকালে আদালত এই অভিমত দেন। আদালত উদ্বেগ প্রকাশ করে বলেন, রুল জারির পরও ১১ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। উচ্চ আদালতের এ নির্দেশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের কৌশল বদলে ফেলেছে বলে জানা গেছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী এ প্রসঙ্গে বলেন, প্রতিটি ক্রসফায়ারের ঘটনায় উচ্চপর্যায়ের নিরপেক্ষ কমিটি গঠন করে তার মাধ্যমে পৃথকভাবে তদন্ত করা হলে আসলে কী ঘটেছিল, তার প্রকৃত সত্য বের হয়ে পড়বে। অপরাধ পরিস্থিতি: চারদলীয় জোট সরকারের আমলে দেশে প্রতিদিন গড়ে ১২টি করে খুনের ঘটনা ও ১৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। এসব অপরাধের সঙ্গে ছিনতাই, ডাকাতি ও অবৈধ অস্ত্রের ব্যবহারও ব্যাপকভাবে বেড়ে যায়। জরুরি অবস্থা জারির পর এ অবস্থার বদল হয়। কিন্তু এ বছরের প্রথম দিকে আবার এ সংখ্যা বাড়তে থাকে। তবে বর্তমানে এ সংখ্যা সহনীয় পর্যায়ে আছে বলেই পুলিশ কর্মকর্তারা মনে করছেন। পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে, ২০০৯ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে সারা দেশে ৭১৪টি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫০০টি ডাকাটি হয়েছে বাসাবাড়িতে। খুনসহ ডাকাতির ঘটনা ঘটেছে ৩৬টি।১১ মাসে দস্যুতার ঘটনা এক হাজার ২১১টি। এর মধ্যে সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এক হাজার ১৬টি। এ সময়ে খুনের ঘটনা ঘটেছে তিন হাজার ৯১৪টি। রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে, ১১ মাসে চাঁদাবাজি নিয়ে ৩৪৭টি মামলা হয়েছে। ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এক হাজার ১৫৪টি। এ সময়ে দাঙ্গার ঘটনা ঘটেছে ১০৫।নারী ও শিশু নির্যাতনের ঘটনা কিছুটা বেড়েছে বলে জানা গেছে। পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে, ২০০৯ সালের ১১ মাসে দেশে আট হাজার ৭৪৮টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে ৭০টি, ধর্ষণের ঘটনা দুই হাজার ৪২০ এবং শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৬০২টি। এতে দেখা গেছে, প্রতিদিন গড়ে সাতটি করে ধর্ষণের মামলা থানায় রেকর্ড হয়েছে। মহানগরগুলোর মধ্যে সবচেয়ে বেশি অপরাধ নথিভুক্ত হয়েছে ঢাকায়। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, ঢাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আগের যেকোনো সময়ের চেয়ে মানুষ নিরাপদ ও শান্তিতে আছে।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, এখন সব অভিযোগই থানায় নথিভুক্ত করা হচ্ছে। সে কারণে মামলার সংখ্যা হয়তো বেড়েছে। কিন্তু পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণেই আছে। এ পর্যন্ত সংঘটিত সব ঘটনায় অপরাধীকে পুলিশ শনাক্ত করতে পেরেছে।পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান প্রথম আলোকে বলেন, গত বছরে রাজনৈতিক কারণে পুলিশকে ব্যবহার করতে দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় এলাকা বা রাজপথ নিয়ন্ত্রণে এক বছরে পুলিশকে কোথাও তেমন লাঠিপেটা করতে হয়নি। এ কারণে পুলিশ জনস্বার্থসংশ্লিষ্ট কাজ বেশি করে করতে পেরেছে। অপরাধ পরিস্থিতিও পুলিশের নিয়ন্ত্রণে আছে। তবে টেন্ডারবাজি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে হবে বলে তিনি মনে করেন।জঙ্গি-চরমপন্থী তত্পরতা: গত বছর র্যাব ও পুলিশের হাতে বেশ কিছু জঙ্গি ও উলফাসহ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার হয়েছে। র্যাবের পরিসংখ্যানে দেখা গেছে, এক বছরে র্যাবের হাতে ৭৮ জঙ্গি সদস্য গ্রেপ্তার হয়েছেন। র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁদের কাছ থেকে ১০টি বিভিন্ন ধরনের অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, বোমা, গ্রেনেড, জিহাদি বই ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। একই সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ লস্কর-ই-তাইয়েবার বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করে।উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়াসহ কয়েকজন ভারতীয় বিচ্ছিন্নতাবাদীকে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে সরকার আনুষ্ঠানিকভাবে এসব খবর স্বীকার করেনি। সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিশেষ ধরনের অপরাধ তদন্তের জন্য পুলিশ বাহিনীর পৃথক শাখা গঠনের কথা বলা হচ্ছে দীর্ঘদিন ধরে। যেমন জঙ্গি, ছিনতাই, ডাকাতির মতো সংঘবদ্ধ অপরাধ তদন্তে পৃথক শাখা থাকার কথা বলা হচ্ছে। কিন্তু গত এক বছরে এর কিছুই হয়নি। পুলিশের আইজিপি নূর মোহাম্মদ এ প্রসঙ্গে বলেন, সিআইডি ও র্যাবের তদন্ত শাখাকে আরও আধুনিক করার প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে।