অপরাধ দমনে ‘ওয়াচম্যান’ প্রযুক্তি
চুরি-ডাকাতির উদ্দেশ্যে কেউ দরজা-জানালা ভাঙলে কিংবা অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে এ-সংক্রান্ত তথ্য চলে যাবে নিয়ন্ত্রণকক্ষে। এ ছাড়াও এ তথ্য পৌঁছে যাবে ওই প্রতিষ্ঠানের মালিক ও মনোনীত ১০ জনের মুঠোফোনে। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এই অত্যাধুনিক ‘ওয়াচম্যান’ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে চট্টগ্রামে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দপ্তরে এ প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম বলেন, ‘এ প্রযুক্তি ব্যবহারের ফলে অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তার সহজসাধ্য হবে। অপরাধ নিয়ন্ত্রণপ্রক্রিয়াও পালটে যাবে। মানুষ প্রযুক্তি ব্যবহারে সচেতন হলে অপরাধের প্রবণতাও কমবে।’শফিকুল ইসলাম আরও বলেন, ‘ওয়াচম্যান ডিজিটাল পুলিশ প্রটেকশান সিস্টেম (ডিপিপিএস) প্রযুক্তির বিষয়ে গত ডিসেম্বরে বেসরকারি প্রতিষ্ঠান ইজি গ্রুপের সঙ্গে সিএমপির চুক্তি সই হয়। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি চট্টগ্রামের চারটি প্রতিষ্ঠানে এই প্রযুক্তি ব্যবহার করছে। এ প্রক্রিয়া পরিচালনার জন্য একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।’ইজি গ্রুপের পরিচালক শাহনূল হাসান খান বলেন, ‘ওয়াচম্যান প্রযুক্তি ক্লোজ সার্কিট ক্যামেরার চেয়েও উন্নত। ক্যামেরা নষ্ট হলে আলামত ধ্বংস হয়ে যায়। ওয়াচম্যানের ডিভাইস ভেঙে ফেললেও এ-সংক্রান্ত তথ্য মুঠোফোনে তথ্য আকারে পৌঁছে যাবে।’ওয়াচম্যান প্রযুক্তি স্থাপনে এককালীন ৫০ হাজার টাকা ও প্রতি মাসে পরিচালনা বাবদ ৫০০ টাকা ব্যয় হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, উপকমিশনার (সদর) বনজ কুমার মজুমদার, উপকমিশনার (যানবাহন) কুসুম দেওয়ান, উপকমিশনার মিরাজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ হেল বাকী ও হাবিবুর রহমানসহ নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।