জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ একাত্তরে মানবতাবিরোধী অপরাধ ঘটেছিল বলে স্বীকার করলেও ব্যক্তিগতভাবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল রোববার ধানমন্ডির সেফ হোমে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত সংস্থা সাংবাদিকদের এ তথ্য জানান।একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা চেয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর পক্ষে একটি ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে তিনটি আবেদন করেছেন তাঁদের আইনজীবীরা। গতকাল সকালে মুজাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ধানমন্ডির সেফ হোমে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। শনিবার রাতে তাঁকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকায় আনা হয়েছিল। গত ২১ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে মুজাহিদকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বেলা ১০টায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। এ সময় তদন্ত সংস্থার সমন্বয়কারী আবদুল হান্নান খান, তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমান, এম সানাউল হক, মনোয়ারা বেগম প্রমুখ সেফ হোমে উপস্থিত ছিলেন। মুজাহিদের পক্ষে আইনজীবী মুন্সি আহসান কবীর জিজ্ঞাসাবাদ চলাকালে পাশের কক্ষে উপস্থিত ছিলেন। বেলা সোয়া পাঁচটার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারী কর্মকর্তা এম সানাউল হক সাংবাদিকদের বলেন, মুজাহিদ স্বীকার করেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধ ঘটেছিল। কিন্তু নিজে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তদন্তের অগ্রগতিতে ভূমিকা রাখবে। তবে তাঁর সব বক্তব্য তদন্ত সংস্থার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। এগুলো আবারও মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হবে। অভিযুক্ত ব্যক্তির পক্ষে মুন্সি আহসান কবীর বলেন, মুজাহিদ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের সময় কোনো চাপ প্রয়োগ বা ভয়ভীতি দেখানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন। চার আবেদন: জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে তদন্ত সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে জামায়াতের আইনজীবীরা গতকাল ট্রাইব্যুনালের নির্দেশনা চেয়ে চারটি আবেদন করেছেন। জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে পাওয়া সব তথ্য বিচার-প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার এবং জিজ্ঞাসাবাদ চলাকালে তদন্তকারী কর্মকর্তার আইনবহির্ভূত আচরণ করার বিষয়ে সতর্ক করার জন্য ট্রাইব্যুনালের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। গত বৃহস্পতিবার নিজামীকে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের কাছে দেওয়া তদন্ত কর্মকর্তার বক্তব্য দেওয়াকে আইনবহির্ভূত আচরণ বলেও আবেদনে দাবি করা হয়। সাঈদীর পক্ষে করা তিনটি আবেদনের প্রথমটিতে বলা হয়েছে, গত ২০ এপ্রিল ট্রাইব্যুনাল সাঈদীকে বারডেমে নিয়ে নিজ খরচে চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন কিন্তু সে নির্দেশ এখনো পালিত হয়নি। সাঈদীকে আগামী বৃহস্পতিবার কোন বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত আইনজীবীকে সরবরাহের জন্য নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালের কাছে দ্বিতীয় আবেদনটি করা হয়। নিজামীর পক্ষে করা আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত সাঈদীকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ স্থগিত করার নির্দেশনা চেয়ে তৃতীয় আবেদন করা হয়েছে।