চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি সংঘটিত বিভিন্ন অপরাধমূলক ঘটনার ব্যাপারে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালতে পাঁচটি মামলা হয়েছে। আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলাগুলো করেন। আদালত এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনারকে নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ অক্টোবর মামলাগুলোর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।আদালত সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল: চিকিৎসা নিতে গিয়ে চুরি ও ছিনতাইয়ের শিকার রোগীরা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এসব মামলা করেন। ফৌজদারি কার্যবিধি ১৯০(১) এর ‘গ’ ধারা অনুযায়ী এসব মামলা করা হয়।সূত্র আরও জানায়, প্রতিবেদনে বর্ণিত পাঁচটি অপরাধের কথা উল্লেখ করে মামলাগুলো করা হয়েছে। প্রায় দুই মাস আগে মুঠোফোন চুরির অভিযোগে ওয়ার্ডবয় মো. কামাল গ্রেপ্তার হন। তাঁকে পরে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রথম মামলাটি (নম্বর ১৫০৫) করা হয়। দ্বিতীয় মামলাটি হয়েছে (১৫০৬) ২৩ আগস্ট ক্যানসার ওয়ার্ডের সামনে এক রোগীর আত্মীয়ের কাছ থেকে মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগে। ওই ঘটনায় মো. জাহেদ ও মো. সোহাগ গ্রেপ্তার হন। প্রায় এক মাস আগে হাসপাতালের সিঁড়িতে ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার বনানী বড়ুয়া ও শিশুস্বাস্থ্য ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার গোলাম মো. তৈয়বের মুঠোফোন খোয়া যাওয়ার ঘটনায় তৃতীয় (১৫০৭) ও চতুর্থ (১৫০৮) মামলা করা হয়। পঞ্চম মামলাটি (১৫.০৯) হয় ১২ জানুয়ারি দর্শনার্থী বন্ধন নাথকে তালা দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে। এ অভিযোগ রয়েছে ১৬ নম্বর ওয়ার্ডের দারোয়ান বাবুর বিরুদ্ধে।আদালত সূত্র জানায়, মামলা আমলে নিয়ে আদেশে বলা হয়, প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি আদালতের কাছে বস্তুনিষ্ঠ মনে হয়েছে। এই প্রতিবেদনে বেশ কিছু অপরাধ সংঘটনের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্তত তিনটির ব্যাপারে তদন্তসাপেক্ষ অপরাধ আমলে নেওয়া সম্ভব। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৯০ (১) এর ‘গ’ ধারায় অপরাধ আমলে নেওয়ার মানসে আদালত তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রয়োজনীয় মনে করেন। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জোনের সহকারী পুলিশ কমিশনার এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করবেন।আদালত এ আদেশের অনুলিপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর পাঠানোর নির্দেশ দেন। এ প্রসঙ্গে গতকাল সন্ধ্যায় পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল মাসুদ বলেন, ‘আমি এখনো আদালতের নির্দেশ হাতে পাইনি। পেলে তদন্ত করে প্রতিবেদন দেব।’