অপরাধস্থল ব্যবস্থাপনায় অপেশাদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, মৃত ব্যক্তিরাও অনেক কথা বলেন। অর্থাৎ মৃত্যুর ধরন, ঘটনাস্থল ও নানা আলামত বিশ্লেষণ করে অনেক তথ্য উদ্ঘাটন করা যায়। কিন্তু সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ঘটনায় অপরাধস্থল ব্যবস্থাপনায় (ক্রাইম সিন ম্যানেজমেন্ট) সে রকম দক্ষতার পরিচয় দিতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে, এ ক্ষেত্রে পুলিশ অপেশাদারির পরিচয় দিয়েছে। তদন্তসংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তা তা স্বীকারও করেছেন। তাঁরা বলেন, সূক্ষ্ম আলামত সংগ্রহের জন্য এ রকম একটি অপরাধস্থল যেভাবে সংরক্ষণ করা উচিত ছিল, পুলিশ শুরু থেকে সেভাবে করতে পারেনি। ফলে ঘটনাস্থল থেকে সংগৃহীত অনেক ফরেনসিক আলামত কাজে লাগেনি।মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন পদস্থ কর্মকর্তা বলেন, শুরুতে পুলিশ খুনি শনাক্তে প্রযুক্তিগত বিষয়ে বেশি জোর দেয়। ফলে সূক্ষ্ম অন্যান্য ফরেনসিক আলামত সংরক্ষণের বিষয়টি মনোযোগ পায়নি। এখন সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, খুনির হাত ও পায়ের ছাপের প্রতিবেদন এই মামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারত। কিন্তু ঘটনার পর লোকজন হুড়মুড় করে ওই ঘরে প্রবেশের কারণে অসংখ্য হাতের আঙুল ও পায়ের ছাপ পড়ে মূল আলামত নষ্ট হয়ে গেছে।ডিবির অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান ১৭ ফেব্রুয়ারি এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে বলেছেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আঙুলের ছাপ বিশ্লেষণ করে সিআইডি যে প্রতিবেদন দিয়েছে, তাতে বলা হয়েছে আলামত অস্পষ্ট। পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটার পর পুলিশ এ হত্যাকাণ্ডের খবর পায়। সাড়ে আটটার মধ্যেই সেখানে পৌঁছে যায় শেরেবাংলা নগর থানা পুলিশের একটি পোশাকধারী দল। এর কিছুক্ষণ পরই ডিবি ও র‌্যাবের কর্মকর্তারা সেখানে হাজির হন। সকাল সাড়ে ১০টার পর আসেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথম সেখানে গিয়েছিল থানা পুলিশের একটি দল। এর পরপরই তিনি নিজে সেখানে যান।পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় ১১ ফেব্রুয়ারি ভোররাতের দিকে সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই দিন সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে যাওয়া একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তিনি গিয়ে দেখেন, বাসাভর্তি মানুষ। চলছে ঠেলাঠেলি-ধাক্কাধাক্কি। যাঁদের বেশির ভাগই সংবাদকর্মী। হত্যাকাণ্ডের পর ওই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ওই ফ্ল্যাটে ছিলেন। তাঁরা সেখান থেকে একটি ছুরি, বাঁট ছাড়া আরেকটি ছুরি উদ্ধার করেন। রাতে পুলিশের একটি দল গিয়ে সেখান থেকে একটি বঁটি উদ্ধার করে। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তদন্ত শুরু হয়েছিল মোবাইল যোগাযোগের সূত্র ধরে। তদন্তকারীদের ধারণা ছিল, টেলিযোগাযোগের সূত্র ধরেই হত্যাকাণ্ডের সূত্র পেয়ে যাবেন। কিন্তু এতে তাঁরা সফল হননি। তিন দিন পর তদন্তকারীরা খুনের ঘটনা চুরি বা ডাকাতির জের কি না, সে সন্দেহকে সামনে রেখে অনুসন্ধান শুরু করেন। ওই ফ্ল্যাটে কীভাবে খুনি ঢুকল, বের হলো, তা নিয়ে নাড়াচাড়া শুরু হয়। তখন পুলিশ ভবনের ভেতর ও বাইরের দেয়ালে থাকা পায়ের ছাপ নিয়ে বিচার-বিশ্লেষণ করেন। ঘটনার ১০ দিন পর কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মেহেরুন-সরওয়ারের ফ্ল্যাটে গিয়ে আবিষ্কার করলেন বাথরুমে ভিজিয়ে রাখা কাপড়ে হাত মুছেছিল খুনিরা। ঘটনার পর অন্তত ২০ বার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।মহানগর পুলিশের পদস্থ এক কর্মকর্তা বলেন, অপরাধস্থল সংরক্ষণ ও সেখান থেকে আলামত সংগ্রহের দায়িত্ব পুলিশের। আলামত নষ্ট হলে সে দায়ও পুলিশের।ওই কর্মকর্তা বলেন, ফৌজদারি কার্যবিধি ও পুলিশ প্রবিধান অনুযায়ী, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, সাক্ষ্য গ্রহণ ও তল্লাশি করবেন বলে ফৌজদারি কার্যবিধির ১৫৬ থেকে ১৬৫ ধারায় বলা আছে। পুলিশ প্রবিধানের ৫৩ থেকে ৫৬ ধারায় মামলার তদন্ত ও তদন্ত তদারকির বিষয়ে কিছু নির্দেশনা রয়েছে। তবে একজন কর্মকর্তা কীভাবে আলামত সংগ্রহ করবেন, সে কর্মপন্থার বিস্তারিত কোনো আইনে নেই। তবে সাধারণত মামলা প্রমাণের জন্য সম্ভাব্য সব ধরনের আলামত সংগ্রহের চেষ্টা করবেন তদন্ত কর্মকর্তা।নাম প্রকাশ না করার শর্তে সিআইডির একজন অভিজ্ঞ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অপরাধস্থল থেকে আলামত সংগ্রহের জন্য সিআইডির একটি বিশেষ দল (ক্রাইম সিন ইউনিট) রয়েছে। এরা পেশাদারির সঙ্গে অপরাধস্থল থেকে হাতের ছাপ, পায়ের ছাপ, রক্তের নমুনাসহ অন্যান্য আলামত সংগ্রহ করে। তিনি বলেন, পুলিশের নিয়মানুযায়ী, অপরাধস্থলের আলামত সংগ্রহের দায়িত্ব প্রথমত সংশ্লিষ্ট থানার ওসি বা তদন্তকারী কর্মকর্তার। তিনি যদি মনে করেন, নিজে আলামত সংগ্রহ করলে ভালো হবে না, তাহলে তিনি বিশেষজ্ঞের সাহায্য চাইতে পারেন। সিআইডির এই কর্মকর্তা বলেন, সিআইডি গিয়ে প্রথমেই ফিতা দিয়ে অপরাধস্থলটি ঘিরে ফেলে। তার আগেই যদি প্রাকৃতিক বা ভিড়ের কারণে হাত-পায়ের ছাপ বা অন্য আলামত নষ্ট হয়ে যায়, তাহলে কিছু করার নেই। তাই সাংবাদিক দম্পতি হত্যার ঘটনায় প্রথমেই থানা পুলিশের উচিত ছিল ঘটনাস্থলটি সর্বসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা।